মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবপাচার প্রতিবেদনে এ বছর দ্বিতীয় পর্যায়ের দেশগুলোর তালিকায় উন্নীত হয়েছে বাংলাদেশ। ‘মানবপাচার রোধ ও দমন আইন’ পাস ও ‘মানবপাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা’ প্রণয়নসহ গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য বাংলাদেশ এ স্বীকৃতি পেয়েছে। তিন বছর পর এই প্রথম ‘দ্বিতীয় পর্যায়ের নজরদারিতে থাকা’ দেশের তালিকা থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ।ঢাকায় মার্কিন দূতাবাস আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল মঙ্গলবার বিকেল চারটায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে মানবপাচার প্রতিবেদন-২০১২ (টিআইপি রিপোর্ট) প্রকাশের ঘোষণা দেন।এ বছরের টিআইপি প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘স্বাধীনতার অঙ্গীকার’। এই প্রতিবেদন পাচারকারীদের শাস্তি, ক্ষতিগ্রস্তদের সেবা ও আইনি সহায়তা প্রদান এবং এমন অপরাধ রোধ করার মাধ্যমে বিশ্বের প্রতিটি সরকারকে মানবপাচার-বিরোধী অঙ্গীকার পালনে উত্সাহিত করে।প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে হিলারি ক্লিনটন বলেন, ‘মানবপাচারের অঙ্গীকারের ক্ষেত্রে আমাদের অগ্রগতির একটি স্বচ্ছ ও সত্ প্রতিফলন ঘটেছে এই প্রতিবেদনে। আমাদের অবস্থানটা আসলে কোথায়, আমরা কি আগের জায়গায় আছি, নাকি পিছিয়ে পড়েছি, তা প্রতিবেদনে উঠে এসেছে।’মানবপাচারের শিকারদের নিরাপত্তা আইনের (ট্রাফিকিং ভিকটিমস প্রোটেকশন অ্যাকট-টিভিপিএ) আওতায় টিআইপি প্রতিবেদনটি আধুনিক দাসপ্রথার বিরুদ্ধে বিশ্বজুড়ে সরকারগুলোর লড়াইয়ের প্রচেষ্টার মূল্যায়ন করে। এ বছরের প্রতিবেদনে ১৮৬টি দেশ ও অঞ্চলের বিবরণ রয়েছে।