এক নম্বরের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খারাপ লাগছে, মাত্র ১০ মাস পরই আবার বিশ্বকাপ ধরে রাখার লড়াইয়ে নামতে হবে আমাদের।’ গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর উল্লাসের মধ্যেও শহীদ আফ্রিদির কণ্ঠে ছিল আফসোসের সুর। শিরোপাটা ধরে রাখতে না পারলে মাত্র ১০ মাসের জন্যই তাঁরা চ্যাম্পিয়ন দল—এটা ভেবেই হতাশ পাকিস্তানি অলরাউন্ডার। টি-টোয়েন্টি কি তাহলে এতটাই গুরুত্বপূর্ণ? ক্রিকেটারদের হূদয় এতটাই জুড়ে আছে টি-টোয়েন্টি? ক্রিকেটের নবতর সংস্করণটিকে যাঁরা এখনো ক্রিকেট বলেই মনে করেন না, তাঁদের কথা ভিন্ন। আপনি, আমি মানি কিংবা না-ই মানি, টি-টোয়েন্টি সময়ের বাস্তবতা। প্রতিবছরই তাই বাড়ছে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা। আইপিএলের জন্য বছরের একটি নির্দিষ্ট সময় আলাদা করে দেওয়ার দাবি প্রকাশ্যেই তুলছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা, এসে গেছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিও। ২০১০ সালের ক্রিকেট ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বছরের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হিসেবে বেছে নিতে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপকেই। ৫০ ওভারের বিশ্বকাপের সর্বশেষ আসর যেখানে বসেছিল, সেই ওয়েস্ট ইন্ডিজে ৩০ এপ্রিল শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছেলেদের পাশাপাশি চলবে মেয়েদের বিশ্বকাপও এবং প্রথমবারের মতো ফাইনাল হবে একই দিনে।বছরের আরেকটি বড় আকর্ষণের জন্য অপেক্ষা করতে হবে প্রায় ১১ মাস। ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী লড়াই অ্যাশেজটাকে একসময় সবচেয়ে একঘেয়ে বানিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের কিছুটা উন্নতি আর তার চেয়েও বেশি অস্ট্রেলিয়ার অবনতি সেই পরিস্থিতিটাকে পাল্টে দিয়েছে গত চার বছরে। ২০০৫ সালে ইংল্যান্ডে গিয়ে অ্যাশেজ হারানোর জ্বালা মিটিয়েছিল অস্ট্রেলিয়া দেশের মাটিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে। গত বছর আবার অ্যাশেজ হারানোর জবাবটা এবারও একই রকম দিতে চাইবে অস্ট্রেলিয়া সন্দেহ নেই। রোমাঞ্চকর এক লড়াইয়ের জন্য তাই অপেক্ষায় থাকতে পারেন। অ্যাশেজের চূড়ান্ত মীমাংসা অবশ্য এ বছর নাও হতে পারে। ২৫ নভেম্বর শুরু হওয়া সিরিজের চারটি টেস্ট হবে এ বছর, শেষটি আগামী বছরের ঠিক আজকের দিনে।আরেকটি লড়াই চলবে বছরজুড়ে। টেস্টে এক নম্বরের লড়াই। একসময় এতটা ব্যবধানে অন্যদের চেয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া যে বাকিরা শুধুই দুই নম্বর স্থানটির জন্যই লড়াই করত। কিন্তু সেই অস্ট্রেলিয়া এখন তিনে, চারেও ছিল কিছু দিন। একসঙ্গে কয়েকজন ‘গ্রেট’ ক্রিকেটার হারিয়ে ক্ষয়িষ্ণু অস্ট্রেলিয়া প্রাণ ফিরিয়েছে এক নম্বরের লড়াইয়ে, সব দলই এখন চূড়াটাকে অনুভব করতে পারে হাতের নাগালে। শীর্ষ চার দলের পয়েন্টের ব্যবধান মাত্র ৯। লড়াই শুরুর আগেই অবশ্য এ লড়াই থেকে অনেকটা পিছিয়ে পড়েছে বর্তমান শীর্ষ দল ভারত। এ মাসেই বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, সূচিতে পরের ১০ মাসে আর কোনো টেস্ট নেই ভারতের। শীর্ষস্থানটা ধরে রাখতে হলে তো বাড়াতে হবে পয়েন্ট, আর এ জন্য প্রয়োজন বেশি বেশি ম্যাচ খেলা। ব্যাপারটা অনুধাবন করেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে ভারতীয় বোর্ড এবং দক্ষিণ আফ্রিকার বোর্ডও সম্মতি দিয়েছে। কিন্তু তার পরও তো মাত্র চারটি টেস্ট! তার চেয়ে বড় কথা, ভারতের মূল লড়াইটা তো এখন এই দক্ষিণ আফ্রিকার সঙ্গেই! কাজেই গ্রায়েম স্মিথদের সুযোগটাই তাই বেড়ে যাচ্ছে। কিছু সময়ের জন্য শীর্ষে উঠলেও ২০০৯ সালটা প্রোটিয়ারা ভুলে যেতেই চাইবে। গত বছর ছয়টি টেস্টে জয় মাত্র একটি। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজেই ২-০ অথবা ৩-১ ব্যবধানে জিতলে শীর্ষস্থানটা তারা ফিরে পেত। উল্টো তারাই এখন সিরিজ হারের মুখে। এ বছরটা তাই স্মিথদের ঘুরে দাঁড়ানোর সুযোগ।এখনো পর্যন্ত যা সূচি, তাতে টেস্টের মতো ওয়ানডেও সবচেয়ে বেশি খেলবে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজই খেলবে তারা চারটি—পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ভারতের বিপক্ষে নিজ দেশের মাটিতে খেলবে সাত ম্যাচের সিরিজ। ওয়ানডের বড় কোনো টুর্নামেন্ট নেই। বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ দিয়ে বছর শুরু হচ্ছে, কিন্তু সূচিতে নেই আর কোনো ত্রিদেশীয় সিরিজও। ওয়ানডে উত্তেজনায় স্বাদ পাওয়ার ভরসা তাই কেবল দ্বিপক্ষীয় সিরিজগুলোই।তবে শেষ কথা হলো, ক্রিকেট নিয়ে ভবিষ্যদ্বাণী করা মুশকিল। কারণ ওই যে সেই চিরন্তন ‘গৌরবময় অনিশ্চয়তার খেলা!’ কোন সিরিজ কতটা জমে যাবে কে জানে। কাজেই চোখ রাখুন প্রতিটি সিরিজেই।