এক নির্মাণ-প্রতিষ্ঠানের প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি নির্মাণ-প্রতিষ্ঠানের সঙ্গে ৪০টি প্লটে অংশীদারের মাধ্যমে ভবন তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়ে বিপাকে পড়েছেন শতাধিক সামরিক কর্মকর্তা। তাঁদের মধ্যে ৪০ জন মিরপুর ডিওএইচএসে সেনা কর্মকর্তা কোটায় পাওয়া প্লটের মালিক এবং অন্যরা এসব প্লট থেকে ফ্ল্যাট কেনার জন্য অগ্রিম টাকা দিয়েছেন।জানা যায়, এসব প্লটে ৪০টি ভবন নির্মাণ করে ফ্ল্যাট বিক্রির কথা বলে ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাঁরা প্লটও পাচ্ছেন না, চুক্তি অনুযায়ী বাড়ির অর্ধেক মালিকানাও পাচ্ছেন না। জমির সব কাগজপত্র নির্মাণ-প্রতিষ্ঠানের কাছে থাকায় তাঁরা নতুন করে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে যেতেও পারছেন না। অভিযুক্ত নির্মাণ-প্রতিষ্ঠানটির নাম এসডি প্রপার্টিজ।এদিকে এসডি প্রপার্টিজ বাড়ি নির্মাণের ব্যাপারে আদালতের শরণাপন্ন হয়েছে। আদালতে করা আরজিতে তারা বলেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ভয়ভীতি দেখিয়ে কিছু সামরিক কর্মকর্তা তাঁর কাছ থেকে ১০ কোটি টাকা নেওয়ায় এসব বাড়ি তৈরিতে দেরি হচ্ছে। ওই সময় তাঁকে অনেক দিন আটক রাখা হয় বলেও তিনি জানান। আরজিতে আরও বলা হয়, জমির মালিকেরা তাঁকে সহযোগিতা না করে উল্টো ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁর লোকজনকে মারধর করায় তিনি ওই এলাকায় অফিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।সামরিক কর্মকর্তাদের প্লটে বাড়ি নির্মাণ করার নামে প্রতারণার এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মিরপুর ডিফেন্ড অফিসার হাউজিং সোসাইটি (ডিওএইচএস) এলাকায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চার কাঠার এসব প্লটের মালিক সেনা, নৌ ও বিমানবাহিনীর ৪০ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা। নির্মাণ-প্রতিষ্ঠান এসডি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল্লাহ ওসমানী সামরিক কর্মকর্তাদের প্লটগুলো হাতে নিয়ে তিনটি ভবনের আংশিক নির্মাণ এবং তিনটি প্লটে গর্ত খোঁড়ার কাজ করার পর প্রতারণার আশ্রয় নেন। এখন তিনি অন্য একটি মামলায় জেলে আছেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সামরিক বাহিনীর ৪০ জন কর্মকর্তা মিরপুর ১০ নম্বর গোল চত্বরের অদূরে স্টাফ কলেজের পাশে চার কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছিলেন। ২০০৬ ও ২০০৭ সালে এসব প্লটে ছয় তলার ফ্ল্যাট তৈরি করার জন্য তাঁরা এসডি প্রপার্টিজ লিমিটেডের স্বত্বাধিকারী শহীদুল্লাহ ওসমানীর সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুসারে তাঁদের ৪০টি প্লটে ছয়তলা ৪০টি ভবন নির্মাণ করে দেওয়ার জন্য দুই থেকে আড়াই বছর করে সময় দেওয়া হয়। প্লটের মালিক ও নির্মাণ কর্তৃপক্ষ (ডেভেলপার) প্রতিটি ভবন দুই ভাগ করে নেবেন বলে চুক্তিতে উল্লেখ ছিল।তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় পর্যন্ত শতাধিক ফ্ল্যাট বিক্রির জন্য অগ্রিম টাকার বিনিময়ে চুক্তি করে এসডি প্রপার্টিজ। প্রায় দুই হাজার বর্গফুটের প্রতি তলার এসব ফ্ল্যাট বিক্রি করা হয় এক হাজার ৮০০ থেকে আড়াই হাজার টাকা দরে (প্রতি বর্গফুট)। ক্রেতাদের মধ্যে বেশির ভাগই হলেন জাতিসংঘ শান্তি মিশন থেকে ফিরে আসা সামরিক কর্মকর্তা। তাঁরা বিশ্বাস করে এসডি প্রপার্টিজকে টাকা দেন।ফ্ল্যাট-ক্রেতা একজন সামরিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শুরুতে ওসমানী সাহেব তাঁদের সঙ্গে এমন ব্যবহার করেছেন যে তাঁরা মুগ্ধ হয়েছেন। তিনি সামরিক কর্মকর্তাদের প্রকৃত দেশপ্রেমিক বলে যখন-তখন বাহ্বা দিতেন। কিন্তু প্রচুর টাকা হাতে পাওয়ার পর আস্তে আস্তে তিনি তাঁর কার্যালয়ে অনিয়মিত হয়ে পড়েন। পরে লাপাত্তা হয়ে যান।এরপর জমির মালিকেরা বিভিন্নভাবে চাপ দিতে থাকলে এসডি প্রপার্টিজের স্বত্বাধিকারী শহীদুল্লাহ ওসমানী আদালতে যান। আদালতকে তিনি বলেন, জরুরি অবস্থার সময় কিছু সামরিক কর্মকর্তা জোর করে তাঁর কাছ থেকে ১০ কোটি টাকা নিয়ে গেছেন। ফলে তিনি সময়মতো এসব বাড়ি নির্মাণ করতে পারছেন না। তাঁকে এসব বাড়ির মালিকেরা হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে তিনি আদালতে প্রতিকার চাইলে আদালত তা খারিজ করে দেন।প্লট-মালিক ক্যাপ্টেন এমদাদুল হকসহ কয়েকজন সামরিক কর্মকর্তা জানান, এসডি প্রপার্টিজের সঙ্গে কথা ছিল, তাঁদের না জানিয়ে নির্মাণ-প্রতিষ্ঠান ফ্ল্যাট বিক্রি করতে পারবে না। এ ছাড়া ডিওএইচএস এলাকায় ফ্ল্যাট বিক্রি করতে হলে ডিজিএফআইয়ের অনুমতি নিতে হয়। কিন্তু সেই অনুমতিও নেওয়া হয়নি।জমির মালিকেরা জানান, শহীদুল্লাহ ওসমানীর সঙ্গে ভবন নির্মাণের জন্য তাঁরা ২০০৭ সালের শেষ দিকে চুক্তিবদ্ধ হন। এর আগে তিনি তাঁর কার্যালয়ে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন পদে চাকরি দেন। বিষয়টিকে আরও বিশ্বাসযোগ্য করতে তিনি পাঁচটি প্লটে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু অন্য বাড়ি নির্মাণের কাজ শুরু করতে দেরি দেখে প্লট-মালিকদের সন্দেহ হয়।প্লট-মালিকেরা আরও জানান, প্লট পেতে দেরি হওয়ার বিষয়ে এসডি প্রপার্টিজের কার্যালয়ে নিয়োজিত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা কোনো তথ্য জানাতে পারেননি।যে ছয়টি বাড়ির নির্মাণকাজ চলছিল, ২০০৮ সালের মাঝামাঝি সময়ে তাও বন্ধ হয়ে যায়। এ অবস্থায় প্লট-মালিকেরা সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদর এবং ডিজিএফআইকে বিষয়টি জানান। পরে বিষয়টি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (রিহ্যাব) জানানো হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু কার্যকর কিছু হয়নি। উল্টো তিনি মিরপুর ডিওএইচএস থেকে অফিস গুটিয়ে নেন।রিহ্যাবের তৎকালীন সভাপতি তানভীরুল হক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, এসডি প্রপার্টিজকে রিহ্যাব থেকে চুক্তি অনুযায়ী কাজ করতে বলা হয়েছিল।সম্প্রতি মিরপুর ডিওএইচএস এলাকায় গিয়ে দেখা যায়, স্টাফ কলেজের পাশে যে জায়গায় এসডি প্রপার্টিজের কার্যালয় ছিল, সেটি নেই। কোনো কর্মকর্তাও নেই। স্টাফ কলেজের পাশে কয়েকটি প্লটে সাইনবোর্ড ঝুলছে। প্লটের মালিকদের সঙ্গে চুক্তি বাতিল হয়ে গেছে এবং আমমোক্তারনামা নেই বলে সাইনবোর্ডে উল্লেখ করা হয়। ৫৯৪ নম্বর প্লটের সাইনবোর্ডে লেখা হয়, সহকারী জজ প্রথম আদালত ঢাকায় দায়ের করা মামলার রায়ে মালিকের পক্ষে রায় দিয়েছেন। তাই নির্মাণ-চুক্তি বাতিল হয়ে গেছে।বর্তমানে এসডি প্রপার্টিজের ব্যবসা বন্ধ। শহীদুল্লাহ ওসমানীর স্ত্রী নাজমুন নাহার এসডি কনস্ট্রাকশন লি. নামে বারিধারায় অন্য একটি প্রতিষ্ঠান চালু করেছেন। তবে ওই কার্যালয়ে একাধিকবার গিয়ে তাঁকে পাওয়া যায়নি। টেলিফোন করলে অফিস থেকে বলা হয়, ম্যাডাম অফিসে নেই।এসডি প্রপার্টিজের একজন কর্মকর্তা কর্নেল (অব.) কাজি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শহীদুল্লাহ সাহেব ঠিকমতো কাজ করতে পারেননি বলে সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এ জন্য কয়েক মাস আগে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন।এসডি প্রোপার্টিজের আইনজীবী তাহমিনা বেগম প্রথম আলোকে বলেন, এসডি প্রোপার্টিজ এ পর্যন্ত ২০টি প্রকল্পের কাজ সফলভাবে শেষ করেছে। ৬০টি প্রকল্পের কাজ চলছে। তাই মিরপুর ডিওএইচএসের কাজগুলোও তাঁরা সঠিক সময়েই করার প্রস্তুতি নিয়েছিলেন। এর মধ্যে জরুরি অবস্থার সময় এসডি প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তার করে তাঁকে ১০ কোটি টাকা দিতে বাধ্য করা হয়। এ অবস্থায় কোম্পানির আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় এসব প্রকল্পের কাজ শেষ করতে দেরি হয়। এ কথা বার বার জমির মালিকদের জানানো হলেও তাঁরা তা আমলে না নিয়ে উল্টো হুমকি-ধামকি দিয়ে জমি থেকে বিতারণ করেন। এখনো এসডি প্রোপার্টিজ এখনো কাজ করে দিতে চায়। এ কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সঠিক নয়।