এক পদে দুজন দায়িত্বে, আরেক পদে বেতন নিচ্ছেন দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে সমপদমর্যাদার দুই কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও হাদি হোসেন প্রায় তিন সপ্তাহ ধরে একই কক্ষে বসে দায়িত্ব পালন করছেন। প্রধান ভান্ডার নিয়ন্ত্রক পদেও বেতন নিচ্ছেন দুজন। সদস্য (অর্থ) পদ শূন্য হলে প্রায় চার মাস আগে ওই পদে চলতি দায়িত্ব দেওয়া হয় প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোশারফ হোসেনকে। এদিকে এক কর্মকর্তা নিজের পদোন্নতির জন্য চিঠি দিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে।বন্দর সূত্রে জানা যায়, বন্দরের সদস্য (প্রশাসন) পদটি যুগ্ম সচিব পদমর্যাদার। হাদি হোসেন ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে পরিচালক (পরিকল্পনা) এবং পরে সদস্য (প্রশাসন) হন। চাকরির বয়সসীমা ৫৭ বছর পূর্ণ হওয়ায় তিনি গত ৩০ জানুয়ারি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যান। সরকার মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানোয় তিনি ১৫ ডিসেম্বর আবার সদস্য (প্রশাসন) পদে যোগ দেন। কিন্তু ২৩ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় মো. নজরুল ইসলামকে সদস্য (প্রশাসন) পদে নিয়োগ দেয়। ৮ ডিসেম্বর তিনি ওই পদে যোগ দেন। সেই থেকে দুজন একই কক্ষে বসে দায়িত্ব পালন করছেন।সূত্র জানায়, সদস্য (প্রশাসন) পদের কর্মকর্তা বন্দর কর্তৃপক্ষ থেকে সার্বক্ষণিক ব্যবহারের জন্য চালকসহ একটি গাড়ি, কার্যালয়ের জন্য দুজন পিয়ন, বসবাসের জন্য বড় বাংলো, আয়া-বুয়া-মালী ইত্যাদি সুবিধা পাওয়ার যোগ্য। বর্তমানে নজরুল ইসলাম বন্দর রেস্ট হাউসে থাকছেন। তাঁর জন্য একটি বড় বাংলো নির্ধারণ করে রাখা হয়েছে। একই পদে দুই কর্মকর্তা থাকায় বন্দরের বাড়তি অর্থ ব্যয় হচ্ছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গত রোববার প্রথম আলোকে বলেন, ‘ওনার (হাদি হোসেন) সরাসরি কোনো কাজ নেই। আমার রুমে আসেন, কথাবার্তা-গল্পগুজব করে চলে যান। সংস্থাপন মন্ত্রণালয় এই দুজনের একজনকে সরানোর ব্যাপারে শিগগির ব্যবস্থা নেবে।’সংশ্লিষ্ট সূত্র জানায়, বিলুপ্ত ঘোষিত বন্দরের ডক পরিচালনা বোর্ডের ১৫৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বন্দরের বিভিন্ন পদে আত্তীকরণ করা হয়। কিন্তু ওই বোর্ডের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান সাদেকা বেগম দুই বছরেও কোনো পদ বা দায়িত্ব পাননি। গত বছরের ৩ ডিসেম্বর বোর্ড সভায় তাঁকে প্রধান কর্মচারী কর্মকর্তা (সিপিও) পদে নিয়োগের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তটি (সিদ্ধান্ত নম্বর-২৫৩৫) নৌপরিবহন মন্ত্রণালয়কেও জানানো হয়। পরে এক ধাপ নিচের কর্মকর্তা গোলাম মর্তুজাকে পদোন্নতি দিয়ে সিপিও করা হয়। বর্তমানে সাদেকা বেগম প্রধান ভান্ডার নিয়ন্ত্রক পদের বিপরীতে বেতন পাচ্ছেন। কিন্তু এই পদে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন তাঁর চেয়ে এক ধাপ নিচের কর্মকর্তা প্রকৌশলী বিন্দু কুমার চাকমা।অথচ প্রধান ভান্ডার নিয়ন্ত্রক পদে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মহিউদ্দিন আল ফারুককে নিয়োগের জন্য গত জুলাই মাসে সংস্থাপন মন্ত্রণালয়ের মাধ্যমে নৌপরিবহন মন্ত্রণালয় বন্দর প্রশাসনকে চিঠি দেয়। কিন্তু ওই পদে তিনি নিয়োগ পাননি। বন্দরের চেয়ারম্যান একপর্যায়ে ফারুককে নিয়োগের জন্য পদ খালি নেই এবং তাঁকে প্রত্যাহারের কথা জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেন। তবে মন্ত্রণালয় তাঁকে ওই পদেই নিয়োগ দিতে বলে। এই আদেশের পরদিনই মন্ত্রণালয় ফ্যাক্সবার্তায় বন্দর প্রশাসনকে জানায়, তাঁকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। কিন্তু সংস্থাপন মন্ত্রণালয় ফারুককে প্রত্যাহারে সম্মত হয়নি। অবশেষে বন্দরের ম্যাজিস্ট্রেটের পদ শূন্য হলে ২৭ অক্টোবর তাঁকে ওই পদে নিয়োগ দেয় সংস্থাপন মন্ত্রণালয়।নিয়োগ পাওয়া নিয়ে এই ভোগান্তির বিষয়টি নিশ্চিত করে মহিউদ্দিন আল ফারুক প্রথম আলোকে বলেন, ‘নৌপরিবহন আর সংস্থাপন মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় আমি টানা তিন মাস বেতন-ভাতা পাইনি। এমনকি ঈদুল ফিতরের আগে বোনাসও পাইনি।’সূত্র জানায়, বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক (প্রশিক্ষণ) মো. আলাউদ্দিন মিয়া এক ধাপ ওপরের পরিচালক (প্রশাসন) পদ পেতে প্রায় দেড় মাস আগে সরাসরি চিঠি দিয়েছেন বন্দরের চেয়ারম্যানকে। চট্টগ্রাম বন্দর কর্মচারীদের চাকরিবিধি ১৯৯১ (১৯৯২ সালের ২৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশিত)-এর ২(জ) ধারা অনুযায়ী কোনো কর্মকর্তা ব্যবস্থাপক (প্রশিক্ষণ) অথবা সমমানের পদে ন্যূনতম চার বছর চাকরি করার পর তিনি পরিচালক (প্রশাসন) পদে পদায়নের যোগ্য বিবেচিত হন। কিন্তু আলাউদ্দিন ওই পদে দেড় বছর পূর্ণ হওয়ার আগেই পদোন্নতির জন্য চেয়ারম্যানকে চিঠি দেন। চেয়ারম্যান এ ব্যাপারে ব্যবস্থা নিতে অধীনস্থদের নোটও দিয়েছেন। পরিচালক (প্রশাসন) পদে ১৪ মাস ধরে রয়েছেন যুগ্ম সচিব মো. মুহিবুল হক। অভিযোগ রয়েছে, চলে যাওয়ার জন্য মুহিবুল হকের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। আলাউদ্দিন নৌপরিবহনমন্ত্রীর আত্মীয় বলে বন্দরে প্রচার রয়েছে। পদোন্নতির জন্য চিঠি দেওয়া প্রসঙ্গে মো. আলাউদ্দিন মিয়া বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলব না। আপনি খোঁজখবর নিয়ে লেখেন। বন্দরের সচিব অথবা চেয়ারম্যানকে লিখিত প্রশ্ন জমা দেন, তাঁরাই জবাব দেবেন।’ মন্ত্রী তাঁর আত্মীয়—এ মর্মে থাকা প্রচার সম্পর্কে তিনি বলেন, ‘মন্ত্রী আমার আত্মীয় নন, পাশের গ্রামের লোক।’বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই চিঠি প্রসঙ্গে বলেন, ‘মো. আলাউদ্দিন মিয়া এভাবে চিঠি লিখে চাকরির বিধিমালা ভঙ্গ করেছেন। এ জন্য আমি তাঁকে শোকজ করতে বলেছি।’