এক পাশে স্বস্তি, অন্য পাশে দুর্ভোগ
রাজধানীর শ্যামপুর ও বালুর মাঠ শিল্পাঞ্চল এবং এর আশপাশের এলাকা রাসায়নিক ও তরল বর্জ্যে তলিয়ে গেছে। বরইতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের কিছু অংশও ডুবে গেছে। রেললাইনের পাশের প্রায় দুই হাজার বস্তিঘরেও ঢুকেছে ওই পানি। এতে বস্তিবাসী দুর্বিষহ সময় কাটাচ্ছে। ১০ ফুট প্রশস্ত একটি রেল সেতুর নিচের নর্দমার মুখ বাঁশ ও বালুর বস্তা দিয়ে বন্ধ করে দেওয়ায় এ অবস্থা হয়েছে।গতকাল রোববার দুপুরে ওই এলাকায় গিয়ে জানা যায়, বালুর মাঠ-শ্যামপুরের চেয়ে অপেক্ষাকৃত নিচু এলাকা নামা শ্যামপুরের বিক্ষুব্ধ বাসিন্দারা ওই নর্দমার মুখ বন্ধ করেছে। রেললাইনের পূর্ব পাশের নামা শ্যামপুর ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরে অবস্থিত। গতকাল সকাল থেকে ওই এলাকার হাজার হাজার মানুষ ওই নর্দমা ও আশপাশের এলাকায় অবস্থান নেয়। শ্যামপুর থানার পুলিশ দুই দফা ঘটনাস্থল গেলেও তাদের সরাতে পারেনি।এলাকাবাসীর অভিযোগ, শ্যামপুর-কদমতলীর শিল্পকারখানার তরল বর্জ্যে নামা শ্যামপুর ছাড়াও মোহাম্মদবাগ, মেরাজনগরসহ আশপাশের এলাকার লক্ষাধিক মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ থেকে রক্ষা পেতে তারা নর্দমার মুখ আটকাতে বাধ্য হয়েছে।সন্ধ্যায় শ্যামপুর শিল্প মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে এলাকাবাসী পর্যায়ক্রমে নর্দমার মুখ থেকে বাঁশ ও বালুর বস্তা সরিয়ে নিতে রাজি হয়েছে।কেন এই বাঁধ: শ্যামপুর ও বালুর মাঠ এলাকায় ৩৬৫টি শিল্পকারখানা রয়েছে। এগুলোর মধ্যে ডায়িং কারখানা রয়েছে পাকিজা, চাঁদপুর, কুমিল্লা, শারমিন, ময়নামতি, শাপলা, ভূঁইয়া ডায়িং। রয়েছে জনি টেক্সটাইল, গাজী ট্যাংক, সিভিক্স গার্মেন্টস, ইমাম গার্মেন্টস, কদমতলী স্টিল, এশিয়া রি-রোলিং মিলসহ বিভিন্ন কারখানা। এসব কারখানার তরল বর্জ্য রেল সেতুর নিচের নর্দমা দিয়ে নামা শ্যামপুরের দিকে যায়।নামা শ্যামপুরের বাসিন্দারা জানায়, ওই তরল বর্জ্য কয়েক বছর ধরে তাদের জীবন অশান্তিময় করে রেখেছে। এলাকায় মাছের খামারের মাছ মরে যায়, হাঁস-মুরগি ও খামারের গরু অসুস্থ হয়ে যায়। এলাকায় চাষাবাদ বন্ধ হয়ে যাচ্ছে। বসতঘরের টিন, দরজা-জানালা বিবর্ণ হয়ে গেছে। শিল্পমালিকেরা নিষ্কাশন নালার মাধ্যমে তরল বর্জ্য অপসারণের বিষয়ে বারবার প্রতিশ্রুতি দিলেও তা করেননি। প্রায় এক বছর আগে এলাকাবাসী এ ধরনের বাঁধ দেওয়ার চেষ্টা করলে শিল্পমালিকেরা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁরা কথা রাখেননি। তাই শনিবার এলাকাবাসী বাঁশ ও বালুর বস্তা ফেলে ওই নর্দমার মুখ আটকে দেয়। ফলে ওপাশ থেকে পানি এপাশে আসা বন্ধ হয়ে যায় এবং ওই পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়।এক পাশে স্বস্তি, অন্য পাশে ভোগান্তি: নর্দমার মুখ বন্ধ করে দেওয়ায় রেললাইনের এক পাশের নামা শ্যামপুরের জলাবদ্ধ এলাকাগুলো গতকাল প্রায় শুকিয়ে যায়। বাতাসে দুর্গন্ধ থাকলেও লোকজনের মধ্যে ছিল এক ধরনের স্বস্তি। এলাকার নুরুল ইসলাম বলেন, ‘তরল বর্জ্যে বছরের পর বছর কষ্ট করছি। অথচ নর্দমার মুখ আটকে দেওয়ায় মাত্র কয়েক ঘণ্টায় এলাকার পানি সরে গেছে। এতে যে স্বস্তি আমাদের মনে এসেছে, তা যেন অব্যাহত থাকে।’কিন্তু এই পাশের লোকজন স্বস্তি ফিরে পেলেও ভোগান্তিতে পড়ে রেললাইনের পশ্চিম পাশের বাসিন্দারা। শনিবার বিকেলের পর শ্যামপুর-বালুর মাঠ শিল্পাঞ্চলের চারটি সড়ক নোংরা পানিতে তলিয়ে যায়। গতকাল এসব সড়কে ছিল হাঁটুপানি। এ অবস্থায় চলাচল করছিল হাজার হাজার বাসিন্দা ও শ্রমিক। পশ্চিম পাশে শ্যামপুর ওয়াসা গেট থেকে উত্তর দিকে প্রায় এক কিলোমিটার এলাকায় রেললাইনসংলগ্ন বস্তিঘর ও দোকানে ঢুকে পড়ে পানি। ফলে চরম দুর্ভোগে পড়ে প্রায় দুই হাজার বস্তিঘরে থাকা লোকজন। তাদের অনেকে শিশুসন্তান, মাটির চুলা ও মালামাল নিয়ে গতকাল বসে ছিলেন রেললাইনের পাশে।ওয়াসা গেটের কাছে বস্তিঘরে পরিবার নিয়ে বসবাস করা মধ্যবয়সী তৈরি পোশাকশ্রমিক জাহানারা বেগম বলেন, ঘরের চৌকি পর্যন্ত পানি উঠে যাওয়ায় তিনি শনিবার রাতে ঘুমাননি। সকালে কাজে গেছেন। দুপুরে খেতে এসে দেখেন পানিতে চুলা নষ্ট হয়ে যাওয়ায় ঘরে রান্না হয়নি।বস্তিবাসী আবদুর রহমান বলেন, সাপ-খোপের ভয়ে সারা রাত জেগে ছেলেমেয়েদের পাহারা দিয়েছেন।আপাতত সমাধান: সন্ধ্যায় নামা শ্যামপুরের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বসেন শ্যামপুর শিল্প মালিক সমিতির নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয়, এলাকায় বায়তুল হেরা রাজউক জামে মসজিদসংলগ্ন এলাকায় আগামী এক মাসের মধ্যে নিষ্কাশন নালা নির্মাণ করে দেবে মালিক সমিতি। এই পথ হয়ে তরল শিল্পবর্জ্য শ্যামপুর খাল এবং বুড়িগঙ্গা নদীতে যাবে।শ্যামপুর শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চুক্তি হয়েছে আমাদের নিজের খরচে ড্রেনেজ লাইন করে দেওয়া হবে।’ চুক্তিতে তিনি সই করেন।জানা গেছে, এলাকাবাসীর পক্ষে চুক্তিতে সই করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম। এলাকার এক ব্যক্তি জানান, মালিক সমিতির আশ্বাসের ভিত্তিতে আপাতত বাঁধ সরিয়ে নেওয়া হবে। কিন্তু আশ্বাসমতো কাজ না হলে আবারও বাঁধ দেওয়া হবে।জানা গেছে, বালুর বস্তাগুলো একবারে সরালে নামা শ্যামপুর তলিয়ে যাবে। তাই ধীরে ধীরে বস্তাগুলো সরানো হবে। রাত আটটা পর্যন্ত বস্তা সরানো শুরু হয়নি।