এক পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত চত্বরে তরুণীর শ্লীলতাহানি ও মা-বাবাকে নির্যাতনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার নাজমুল হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগের দিন সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুজ্জামানকে প্রত্যাহার করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-সদর দপ্তর) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পুলিশের তদন্ত কমিটি গতকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।নির্যাতনের শিকার ওই তরুণীর মা অনেক চেষ্টার পর গত বুধবার রাত দুইটায় চার পুলিশ ও এক সোর্সের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, ঘটনার দিনই (২৯ মে) মেয়ের শ্লীলতাহানি ও স্বামীর ওপর নির্যাতনের অভিযোগে মামলা করতে চাইলেও থানা মামলা নেয়নি।ঘটনার পরদিন বুধবার হাইকোর্ট এ ঘটনায় স্বতঃপ্রণোদিত রুল জারি করেন এবং পুলিশের আট কর্মকর্তাকে তলব করেন। এ ছাড়া জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ৪৮ ঘণ্টার মধ্যে জানতে চেয়েছেন আদালত। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—এ প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শকের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, আদালত যেভাবে ব্যবস্থা নিতে বলেছেন, সেভাবেই নেওয়া হবে।পুলিশের তদন্ত কমিটির প্রধান লালবাগ অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মারুফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। আমি নির্যাতনের শিকার তরুণী ও তাঁর পরিবার, আইনজীবী এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়েছি। তবে যে দুজন আইনজীবীকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে, সময়স্বল্পতার কারণে তাঁদের সাক্ষ্য নিতে পারিনি।’ওই ঘটনায় পুলিশের সম্পৃক্ততা পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের উত্তর দেননি মারুফ। তিনি জানিয়েছেন, প্রতিবেদনটি হাইকোর্টে জমা হতে পারে।পুলিশের বিরুদ্ধে মামলা: নির্যাতনের শিকার তরুণীটি চার পুলিশ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধিত) কোতোয়ালি থানায় মামলা করেছেন। তাঁদের বিরুদ্ধে মারধর, অন্যায়ভাবে আটকে রাখা ও চুরির অভিযোগও করা হয়। মামলার আসামিরা হলেন: সোর্স বাবু, পুলিশের উপপরিদর্শক পরিচয়দানকারী সদস্য (অজ্ঞাত), কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার নাজমুল হুদা, পুলিশ সদস্য জামান এবং অজ্ঞাতপরিচয় আরেকজন পুলিশ (গোঁফওয়ালা)। এজাহারে বলা হয়, পুলিশের সোর্স বাবু ও এসআই পরিচয়দানকারী অপর একজন আদালত থেকে ফেরার পথে তাঁদের আটকান। বাবু তাঁদের দেখিয়ে বলেন, ‘এরা মোটরসাইকেল চোর। এরা মহিলাদের মেয়ে-বউ পরিচয় দিয়ে চুরি করে। এরপর ওই দুজন মোটরসাইকেলের চাবি কেড়ে নিতে চায়। মোটরসাইকেলের চাবি নিতে না পেরে কয়েকজন পুলিশ সদস্য তরুণী ও তাঁর বাবাকে পুলিশ ক্লাবের ভেতরে জোর করে টেনে নিয়ে যায়। কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার নাজমুল হুদা মেয়েটির বাবাকে চড়, লাথি, ঘুষি মারে, দুই হাত দিয়ে খামচি মেরে চোখ উপড়ে ফেলতে চায়। ওই পুলিশ সদস্য মেয়েটির বাবার গলায় থাকা এক ভরি ওজনের একটি সোনার চেইন (যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা) ও হাতে থাকা বিদেশ থেকে আনা ঘড়ি (যার আনুমানিক মূল্য পাঁচ হাজার টাকা) ছিনিয়ে নেয়। জামান (পুলিশ) ও অজ্ঞাত ব্যক্তি (গোঁফওয়ালা পুলিশ) মেয়েটির শ্লীলতাহানি করে। গোঁফওয়ালা পুলিশ সদস্য মেয়েটির গলায় থাকা সোনার চেইনও ছিনিয়ে নেন।’এজাহারে মেয়েটির মা আরও উল্লেখ করেন, ‘মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পুলিশ তাঁকে মেয়ে ও স্বামীসহ পুলিশ ভ্যানে করে কোতোয়ালি থানায় নিয়ে যায় এবং তাঁর স্বামীকে গারদে আটকে রাখে। আনুমানিক চারটার দিকে মোটরসাইকেলে তালা দেওয়ার জন্য তিনি মেয়েসহ কোর্ট এলাকায় বেরিয়ে এলে জামান ও অজ্ঞাতপরিচয় (গোঁফওয়ালা) পুলিশ তাঁদের আবারও গালিগালাজ ও মারধর শুরু করে। আদালত প্রাঙ্গণে তাঁদের সাহায্যে এগিয়ে আসা সাংবাদিক ও আইনজীবীদের ওপর পুলিশের নির্যাতনের কথাও এজাহারে উল্লেখ করা হয়।’বিপর্যস্ত পরিবার: গতকাল একাধিকবার পরিবারটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরিবারটিকে আইনগত সহযোগিতা দিচ্ছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আসকের পরিচালক মো. নূর খান বলেন, পরিবারটি খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এ মুহূর্তে তারা কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই।