এক ফানায় ৪০ কলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকা কলার ভেতরের শাঁসটার রং স্বর্ণচাঁপা ফুলের পাপড়ির মতোই। স্বাদে মিষ্টি-টক, কিছুটা অম্লীয় ঘ্রাণযুক্ত। তাই কি এই কলার নাম হয়েছে চাঁপাকলা? কেউ বলেন চাম্পাকলা বা চিনিচাম্পা।নাটোর সদর উপজেলা পরিষদের গেটে মো. খাইরুল ইসলামের চায়ের দোকান। দোকানে চায়ের সঙ্গে কলা-বিস্কুটও বিক্রি হয়। হঠাৎ এক কলার ছড়ি দেখে অবাক হলাম। এক ছড়ি বা ফানায় এত কলা! খাইরুলকে জিজ্ঞেস করতেই বললেন, এক ছড়িতে ৪০টি কলা আছে। তার মানে, ১০ গন্ডা কলা আছে এক ছড়িতে। সাধারণত এক ছড়িতে এ দেশে এত কলা হয় না। বিষয়টা কী?খাইরুল জানালেন, তাঁর এক বিঘার একটা কলাবাগান আছে। সেই বাগানে উৎপাদিত কলাই দোকানে বিক্রি করা হয়। বাগানে প্রায় ৩০০ কলাগাছ আছে। প্রায় সবই সাগরকলার গাছ। ৫০টির মতো চাঁপাকলার গাছ লাগিয়েছিলেন জনৈক এক কলাচাষির অনুরোধে। তিনি বলেছিলেন, ‘এই জাতের কলা খুব ধরে, লাগিয়ে দ্যাখো বাবা।’ এ বছরের জানুয়ারিতে তাই তিনি তাঁর কলাবাগানে অল্প কয়েকটা চাঁপাকলার গাছ লাগিয়েছিলেন। জুন মাস থেকে যখন এসব গাছে কলা ধরতে শুরু করল, দেখে খাইরুলের মনটা খুশিতে ভরে উঠল। এক গাছে এত কলা! কলার আকারও ভালো জাতের সবরির মতোই। গত সপ্তাহে প্রথম চাঁপাকলার একটি কাঁদি কেটে নামিয়ে দেখেন, প্রথম ফানায় আছে ৪০টি কলা। এক ফানায় এত কলা তিনি কখনো দেখেননি। গুনে দেখেন, এক কাঁদিতে ১৮৯টি কলা ধরেছে। প্রতিটি কলা তিনি দোকানে বিক্রি করছেন তিন টাকা করে। তার মানে, একটি কলাগাছের কলা বিক্রি করে তাঁর আসবে ৫৬৭ টাকা। যদি ৫০০ টাকা করেও হয়, তাহলে এক বিঘার কলাবাগান থেকে এবার দেড় লক্ষাধিক টাকার কলা বিক্রি হওয়ার কথা। তবে সব গাছে তো আর এমন কলা ধরে না। তাই খরচ বাদ দিয়ে বর্গা নেওয়া এই জমি থেকে তিনি প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা লাভের আশা করছেন। প্রায় এক বছরের মধ্যে এমন লাভ এখন খুব কম ফসলেই হয়। এত বেশি কলা ধরার পেছনে কারণ হিসেবে তিনি বললেন, দেশি জাতের কলা হওয়ায় এবং বাণিজ্যিকভাবে চাঁপা জাতের কলার চাষ না হওয়ায় সাধারণত কেউ এ জাতের কলাগাছের কোনো যত্ন করে না, সারও দেয় না। কিন্তু একই বাগানে সাগর ও চাঁপাকলা থাকায় সাগরকলার যত্ন করতে গিয়ে তিনি একইভাবে চাঁপাকলার গাছেও সার দিয়েছেন এবং যত্ন করেছেন। মনে হয় সে জন্যই চাঁপাকলা এত বড় হয়েছে এবং বেশি ধরেছে।চাঁপাকলা আমাদের দেশি জাত। এ দেশে সাধারণত বাণিজ্যিকভাবে বাগান করে চাঁপাকলার চাষ করা হয় না, বাগানের মধ্যে সাগর বা সবরির সঙ্গে অথবা বসতবাড়ির আশপাশে এসব জাতের কলাগাছ লাগানো হয়। পাহাড়েও এ জাতের কলাগাছ জন্মে। শুধু যত্নের অভাবে এসব জাতের ফলন খুব বেশি পাওয়া যায় না। তা ছাড়া চাঁপা জাতেরও সব গাছ থেকে ভালো ও বেশি ফল পাওয়া যায় না। বাগান ও বাড়ি ঘুরে কলার ফলন দেখে মনে হয়েছে, যদি এসব গাছের চারা সংগ্রহ ও ঠিকমতো পরিচর্যা করে চাষ করা যায়, তাহলে চাঁপাকলাও সাগরকলার মতো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তা ছাড়া চাঁপাকলার আরও কিছু গুণ আছে। পুষ্টি ও স্বাদে সাগর-সবরির চেয়ে চাঁপাকলা ভালো, পাকার পর ঘরেও বেশি দিন রাখা যায়। সবরি ও সাগরকলার মতো দ্রুত পচে নষ্ট হয় না। এই কলা পাকানো বা রং আনার জন্য কোনো বিশেষ ব্যবস্থা বা রাসায়নিক প্রয়োগের প্রয়োজন পড়ে না। তাই দেশি জাতের এই কলা চাষের উদ্যোগ নেওয়া যেতে পারে।