এক বইয়ে চার কোটি টাকার অবৈধ বাণিজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এক লাখ ৬৬ হাজার কপি বাংলা বই এবং প্রায় ২০ হাজার কপি সৃজনশীল পদ্ধতির অনুশীলনী গ্রন্থ ছেপেছিল। অনুশীলনীসহ প্রতি কপি বই ৫৬ টাকা দরে এনসিটিবির তিন কোটি ৯২ লাখ টাকার বই বিক্রি হওয়ার কথা। কিন্তু মূল বইসহ অনুশীলনী গ্রন্থ বিক্রি হয়েছে মাত্র দুই হাজার কপি।অনুসন্ধানে জানা গেছে, কয়েকটি বেসরকারি প্রকাশনা সংস্থা গাইড বইয়ের মধ্যে এনসিটিবির বই হুবহু জুড়ে দিয়েছে। মূল বই ও গাইড একই মলাটে পাওয়ার ফলে শিক্ষার্থীরা এনসিটিবির বই আর কিনছে না। এ ছাড়া এনসিটিবির বইটি হুবহু নকল করে কম দামে বিক্রি করায় বোর্ডের বই কেউ আর কিনছে না। ফলে চার কোটি টাকার এই বাণিজ্য এখন অসৎ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সৃজনশীল প্রশ্নপত্র চালুর লক্ষ্য ছিল নোট-গাইডের খপ্পর থেকে শিক্ষার্থীকে বের করে আনা। কিন্তু একশ্রেণীর প্রকাশক সরকারের এই সদিচ্ছাকে ইতিমধ্যে হুমকির মুখে ঠেলে দিয়েছে। সৃজনশীল পদ্ধতি চালু হওয়ার পর নোট-গাইড বই ব্যবসায়ীরাও কৌশল পাল্টেছেন। মূল বইনির্ভর এই পদ্ধতিকে তাঁরা বিভিন্ন কৌশলে এবং বিভ্রান্তির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে কঠিন হিসেবে উপস্থাপন করছেন। এর ফলে সৃজনশীল পদ্ধতি চালু হলেও আগের মতোই নোট-গাইডের দৌরাত্ম্য বহাল রয়েছে।ক্ষতির পরিমাণ: এ বছর মাধ্যমিক পরীক্ষায় আট বোর্ডে মোট পাস করেছে সাত লাখ ১৩ হাজার ৫৬০ শিক্ষার্থী। এদের মধ্যে কমপক্ষে সাড়ে ছয় লাখ শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছে। এ ছাড়া গত বছরের প্রায় ৫০ হাজার শিক্ষার্থী চলতি শিক্ষাবর্ষে যুক্ত হয়েছে। এনসিটিবির হিসাবে, কমবেশি সাত লাখ শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছে। অনুশীলনীসহ প্রতি কপি বই ৫৬ টাকা দরে এনসিটিবির তিন কোটি ৯২ লাখ টাকার বই বিক্রি হওয়ার কথা। কিন্তু নকলবাজ চক্র এবং অসাধু প্রকাশকেরা নিজেদের বই বিক্রি করে বিপুল অঙ্কের এই টাকা হাতিয়ে নিচ্ছে।গতকাল রোববার পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা এনসিটিবি এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রকাশক বলছেন, সংবাদমাধ্যমে সমালোচনা হলে এনসিটিবি আলোচনা বা বড়জোর একটি সাধারণ ডায়েরি করেই দায়িত্ব শেষ করবে।তবে এনসিটিবির বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের দায়িত্বে নিয়োজিত বিশেষ কর্মকর্তা রতন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, বোর্ডের পক্ষ থেকে আইন উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা হয়েছে। এনসিটিবির বই নকল করার জন্য ফৌজদারি অপরাধে মামলা এবং গাইডের মধ্যে মূল বই জুড়ে দেওয়ার অপরাধে ক্ষতিপূরণ মামলা দায়ের করা হবে।গাইডে হারিয়ে গেছে মূল বই: লেকচার গাইড নামে একটি বেসরকারি প্রকাশনা সংস্থা উচ্চমাধ্যমিকের বাংলা গদ্য, কবিতা ও উপন্যাস একসঙ্গে করে একটি গাইড প্রকাশ করেছে। বইয়ের প্রচ্ছদে লেখা আছে, ‘মূল টেক্সটসহ ১০০ নম্বরের একমাত্র পূর্ণাঙ্গ বই।’ গ্যালাক্সি ও মিজান পাবলিশার্সের গাইড বইয়ের মধ্যেও মূল বই জুড়ে দেওয়া হয়েছে।নিউজপ্রিন্টে ছাপা লেকচার গাইডের ৮৮০ পৃষ্ঠার বইটির দাম ৩৩৩ টাকা। গাইডের সঙ্গে মূল বই জুড়ে দেওয়া প্রসঙ্গে লেকচার পাবলিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান বলেন, এনসিটিবির উচ্চমাধ্যমিকের বই বিক্রি না হওয়ার মূল কারণ ওই বইটি নকল হওয়া। গাইডের সঙ্গে মূল বই জুড়ে দেওয়া আইনসংগত কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা অনেক দিন ধরেই চলে আসছে, অনেকেই এটা করছে। তিনি জানান, এনসিটিবি থেকে মৌখিক অনুমতি নিয়ে গাইডের মধ্যে মূল বইয়ের কবিতা, প্রবন্ধ অন্তর্ভুক্ত করেছেন। তিনি দাবি করেন, তাঁর প্রকাশিত গাইড বইয়ের মধ্যে মূল বই জুড়ে দেওয়া হলেও এনসিটিবির বই বিক্রি এ জন্য ক্ষতিগ্রস্ত হয়নি।এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, বোর্ডের পক্ষ থেকে এ ধরনের কোনো অনুমতি কাউকে দেওয়ার প্রশ্নই ওঠে না। এটা অন্যায় ও গর্হিত কাজ উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে খুব শিগগির আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।নকল বইয়ে বাজার সয়লাব: ২০১০-১১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বাংলা পাঠ্যবইটি বাজারে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) লোগো আছে। পেছনে লেখা—‘সৃজনশীল ২০১০ সংশোধিত ও পরিমার্জিত’। এনসিটিবি বলছে, এটা নকল বই।বাজারে উচ্চমাধ্যমিক বাংলা সংকলন নামে ১৬৪ পৃষ্ঠার সৃজনশীল পদ্ধতির যে বইটি পাওয়া যাচ্ছে তার দাম ৫৬ টাকা। এনসিটিবি বলছে, একশ্রেণীর অসাধু প্রকাশক নকল এই বইটি বের করেছে। বাজারে যে নকল বইটি পাওয়া যাচ্ছে তার সঙ্গে এনসিটিবির সৃজনশীল অংশটির (ডিউ পার্ট) মিল নেই।এনসিটিবির বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রতন সিদ্দিকী বলেন, এনসিটিবির বই বিক্রি না হওয়ার কারণ খুঁজতে তিনি ১০টি জেলায় গিয়েছেন। কথা বলেছেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে। স্থানীয় পর্যায়ে তিনি জানতে পেরেছেন, নকল বই আগে এসেছে এবং এটা বোর্ড বইয়ের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে। তা ছাড়া বাজারে এমন কিছু গাইড আছে যেটার সঙ্গে মূল বই জুড়ে দেওয়া হয়েছে।নকল বইয়ে অনেক ভুল: বাজারে যে নকল বইটি পাওয়া যাচ্ছে সেটি নিম্নমানের নিউজপ্রিন্ট কাগজে ছাপা। অসংখ্য বানান ভুল, অসংগতিপূর্ণ তথ্য, নেই দাড়ি-কমার যথার্থ ব্যবহার। অনেক জায়গায় ছাপা পরিষ্কার নয়, আবার কোনো কোনো জায়গায় কালি পড়েছে বেশি। প্রতিটি গল্প ও কবিতার শেষে আলাদা সৃজনশীল প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। বইটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আবু জাফর শামসুদ্দীন ও হুমায়ূন আহমদের নামের বানান ভুল ছাপা হয়েছে।কারা বের করছে এই বই: অনুসন্ধানে জানা গেছে, বাংলাবাজারের একটি চক্র এই নকল বই বের করে এনসিটিবির আসল বই বাজার থেকে হটিয়ে দিয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা এবং কিছু অসাধু প্রকাশক এই চক্রের সদস্য। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শীর্ষ এক নেতার আত্মীয় পরিচয় দিয়ে কেউ কেউ এই অপকর্ম করেছে। তাদের মধ্যে দুজনের নামের প্রথম আদ্যক্ষর ‘জ’। তবে ওই নেতা পাল্টা অভিযোগ করেছেন, তাঁর প্রকাশনী সংস্থার গাইডটি অসাধু ব্যবসায়ীরা হুবহু বা আংশিক নকল করেছেন এবং গত ১৭ জুলাই সূত্রাপুর থানায় তিনি সাধারণ ডায়েরি করেছেন।জানা গেছে, বাংলাবাজার ছাড়াও চক্রটির সঙ্গে নোয়াখালী, বগুড়া ও যশোরের কিছু অসাধু প্রকাশক ও গ্রন্থাগারিক জড়িত।নাম প্রকাশ না করার শর্তে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, এনসিটিবি নির্দিষ্ট সময়ে বাজারে বই ছাড়তে পারে না। এ সুযোগ কাজে লাগিয়ে নকল বই বাজারে ছাড়ে কিছু অসাধু প্রকাশক। এ ক্ষেত্রে এনসিটিবির কিছু কর্মকর্তা-কর্মচারীরও যোগসাজশ থাকে। এরাই মূল বইয়ের পাণ্ডুলিপি অসাধু প্রকাশকদের কাছে আগেভাগে পাচার করে দেয়।