এক বছর ধরে চিকিত্সক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরজার সামনে সাঁটানো সিনেমার রঙিন পোস্টার। দূর থেকে দেখলে মনে হয় যেন সিনেমার টিকিটঘর। ভেতরটা নোংরা ও অপরিষ্কার। আসলে এটি সিনেমার টিকিটঘর নয়। এটি সরকারি একটি উপস্বাস্থ্যকেন্দ্র। ব্রিটিশ আমলের তৈরি রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদিঘিতে অবস্থিত রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্র এটি। আধা পাকা এক কক্ষের ঘরের পেছনের দেয়াল হেলে পড়েছে। দেয়ালের ইট-সুরকিও খসে পড়ছে। দরজা-জানালা ভাঙা। উপস্বাস্থ্য কেন্দ্রের ৬২ শতক জায়গার মধ্যে ৫৫ শতক দখল করে হোটেল ও দোকানঘর তোলা হয়েছে।জানা যায়, এলাকার প্রায় ৪০ হাজার মানুষ তাত্ক্ষণিক চিকিত্সাসেবা পেতে ওই উপস্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভরশীল। কিন্তু সেখানে চিকিত্সক নেই এক বছর ধরে। একজন ফার্মাসিস্ট দিয়ে চলছে চিকিত্সার কাজ। উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, তালা ঝুলছে। বেলা ১১টা ৫ মিনিটে একজন এসে তালা খুলে বসলেন চেয়ারে। জানা গেল, তাঁর নাম কাওছার আলী। তিনি সেখানকার ফার্মাসিস্ট। এক বছর ধরে চিকিত্সক না থাকায় তিনিই চিকিত্সা দেন। কেন্দ্রে দেরিতে আসার কারণ প্রসঙ্গে বলেন, ‘প্রচণ্ড শীতের কারণে আসতে একটু দেরি হলো।’ জানা গেছে, রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রটিতে পদ রয়েছে চারটি। সেখানে একজন চিকিত্সা কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট, একজন চিকিত্সা সহকারী ও একজন এমএলএসএস থাকার কথা। বছরখানেক আগে এমএলএসএস পদটি ছাড়া সব পদেই চিকিত্সক- কর্মকর্তা ছিল। এলাকার বাসিন্দারা ভালো চিকিত্সাসেবাও পেত। কিন্তু এখন চিকিত্সক না থাকায় রোগীর সংখ্যা কমে গেছে। প্রায় এক বছর আগে ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে ডা. রাজু আহম্মেদ, পাঁচ মাস আগে চিকিত্সা সহকারী মাহমুদুর রহমান বদলি হয়ে যাওয়ার পর থেকে পদ দুটি আর পূরণ করা হয়নি। এমএলএসএস পদটি শুরু থেকেই ফাঁকা। তাই ফার্মাসিস্ট কাওছার আলীকে দাপ্তরিক কাজসহ চিকিত্সাসেবার কাজ চালিয়ে যেতে হচ্ছে। বৃত্তিপাড়া গ্রামের ছোবেয়া বেগম অভিযোগ করেন, ‘এই হাসপাতালের ঔষোদ দিয়া অসুখ সারে না। হাসপাতালটা কোনো দিন করি খোলে না। সেই জন্যে হামরা ওই হাসপাতালোত যাই না।’ বৃত্তিপাড়ার শিক্ষক আবদুল বাকী সরকার অভিযোগ করেন, স্বাস্থ্যকেন্দ্রের এক শতক জায়গার ওপর স্বাস্থ্যকেন্দ্রটি আছে। অবশিষ্ট জায়গা অনেকে দখল করে বিভিন্ন দোকানপাট ও হোটেল তুলে ব্যবসা করছেন। বর্তমানে হাসপাতালের দরজার সামনে তৈরি করা হচ্ছে আরও একটি হোটেল। উপস্বাস্থ্য কেন্দ্রের নামে সেখানে জমি রয়েছে ৬২ শতক। কিন্তু সরেজমিন দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্র বলতে রয়েছে মাত্র অর্ধশতক জায়গার ওপর ভাঙা একটি কক্ষ। স্বাস্থ্যকেন্দ্রের দখলে রয়েছে প্রায় ৭ শতক। বাকি জায়গা হাটের দখলে দীর্ঘ দিন থাকলেও বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অবৈধ উচ্ছেদ অভিযানে যৌথবাহিনীর নির্দেশে দোকানপাট উচ্ছেদ করা হয়। কিন্তু বর্তমানে আবারও ক্রমান্বয়ে দখল করে বেশ কয়টি দোকানঘর নির্মাণ করেছেন অসাধু ব্যবসায়ীরা। শুধু তাই নয়, স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় লালদিঘিহাট কর্তৃপক্ষ তৈরি করেছে গণশৌচাগার। স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট কাওছার আলী বলেন, ‘নিষেধ করার পরেও জোর করে স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল করে অনেকে দোকানঘর তুলেছেন। যেহেতু চাকরি করি, তাই বেশি কিছু বলতে পারি না।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল বাকি সরকার জানান, চিকিত্সক স্বল্পতার কারণে ওই উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সাসেবা প্রদানে কিছুটা সমস্যা হচ্ছে। কয়েক দিন আগে উপস্বাস্থ্য কেন্দ্রের জায়গা মাপ দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। অচিরেই অবৈধ দখলকারীদের উচ্ছেদ করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।