এক বছর না যেতেই এ দশা!
‘গায়ের ভিতর ঘাটা (রাস্তা) বানানার এক বছর হতে না হতে গোটা রাস্তা ভাঙে পকরের মধ্যে গেছে। এটা হামাগেরে গাও। তাই গাটাটা ভাঙে পড়ে আছে। কেউ খবর নেয় না। শহর-বন্দর হলে ঠিক এতদি গাটাটা ঠিক করত।’ কথাগুলো বলেন জয়পুরহাট জেলার দাশড়া মালিগাড়ি গ্রামের গৃহবধূ মাহমুদা বিবি। ওই গ্রামে উপজেলার মনঝার-বটতলী বাজার রাস্তা থেকে সংযোগ ৫০০ মিটার রাস্তা ওই গ্রামের ভেতরে পাকা হয়ে গেলেও পুকুরে ভেঙে যাওয়ায় কোনো যানবাহন যাতায়াত করতে পারে না।ক্ষেতলাল উপজেলা প্রকৌশলী অফিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে মনঝার-বটতলী বাজার রাস্তা থেকে একটি সংযোগ সড়ক দাশড়া মালিগাড়ি গ্রাম পর্যন্ত নির্মাণ করা হয়। রাস্তাটি নির্মাণ করেন স্থানীয় উপজেলা প্রকৌশলী। এতে ব্যয় হয় ১০ লাখ টাকা। রাস্তার পাশের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়েজ উদ্দিন, ঠিকাদার ফরিদ উদ্দিন, গৃহবধূ সুলতানা পারভিন ও কৃষক আনোয়ার হোসেন বলেন, রাস্তা নির্মাণের ছয় মাস পর থেকে ভাঙন শুরু হয়। তাৎক্ষণিক যদি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিত, তাহলে আজ রাস্তার এ বেহাল দশা হতো না। আর কাজের মান এত খারাপ যে, কাজ শেষ হতে না হতেই ভাঙন শুরু হয়। উপজেলা প্রকৌশলী হূদয়চন্দ্র দাশ বলেন, রাস্তাটির পাশে লাগোয়া গভীর পুকুর থাকায় এটি ভেঙে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত ফেরত দেওয়া হয়নি। কাজটি পুনরায় করে দেওয়া হবে।