এক বছরে অনেক দূর এগিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগপ্রথম আলো: সরকারের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এই এক বছরকে কীভাবে মূল্যায়ন করবেন?সৈয়দ আশরাফ: নির্বাচনের আগে জনগণের সামনে আমরা যে ইশতেহার উপস্থাপন করেছি, তাতে ২০২১ সাল পর্যন্ত আমাদের পরিকল্পনার নির্দিষ্ট রূপরেখা দেওয়া আছে। আগামী পাঁচ বছর আমরা কী করব, সেটাও সুনির্দিষ্টভাবে ইশতেহারে আছে। আমরা মনে করি, সরকারের পূর্ণ মূল্যায়ন সম্ভব হবে মেয়াদের পাঁচ বছর পর। তবে ইশতেহার বাস্তবায়নের জন্য গত এক বছরে আমরা অনেক দূর এগিয়ে গেছি। সবটাই যে সম্পন্ন করতে পেরেছি, সেটা নয়। এটা একটা চলমান প্রক্রিয়া। আশা করছি, পাঁচ বছরের মধ্যে ইশতেহারে দেওয়া অঙ্গীকার পূরণ করতে পারব। প্রথম আলো: গত এক বছরে সরকারের সফলতা কী কী বলে মনে করেন? সৈয়দ আশরাফ: গত এক বছরে সরকারের অনেক সফলতা আছে। এ বছরেই সর্বোচ্চ আদালত কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতীক্ষিত রায় ঘোষণার মধ্য দিয়ে জাতি দীর্ঘ ৩৪ বছরের কলঙ্কের দায় থেকে মুক্তি পেয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যেই ২৫ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের মতো নৃশংস ঘটনা ধৈর্য, বিচক্ষণতা ও রাষ্ট্রনায়কোচিতভাবে মানবিক বিপর্যয় এড়িয়ে দমন করা সম্ভব হয়েছে। এটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সরকার দায়িত্ব নিয়েই নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দ্রব্যমূল্য, বিশেষ করে খাদ্যপণ্যের মূল্য দ্রুত জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নামিয়ে এনে স্থিতিশীল করেছে। রেমিট্যান্স-প্রবাহ অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। দেশ থেকে খাদ্যাভাব বা মঙ্গা দূর হয়েছে। জোট সরকারের পাঁচ বছরের মেয়াদে যে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিল দেশ, তা থেকে উদ্ধার পেয়েছে। সংসদের প্রথম অধিবেশনেই স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ৩৭টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে বিরোধী দল থেকে তিনজন এবং মহাজোটের শরিক দল থেকে চারজন সাংসদকে সভাপতি করা হয়েছে। বিশ্বব্যাপী আর্থিক মন্দা সত্ত্বেও চলতি অর্থবছরে সাড়ে তিন হাজার কোটি টাকারও অধিক কৃষিতে ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছে। স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণ ও ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে উপজেলা পরিষদ আইন, সিটি করপোরেশন আইন, ইউনিয়ন পরিষদ আইন, পৌরসভা আইন প্রণয়ন করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নিয়ে উপজেলা নির্বাচনের ব্যবস্থা করেছে। উপজেলা পরিষদকে সার্বিকভাবে কার্যকর করার লক্ষ্যে সরকার সম্ভাব্য সব কার্যক্রম গ্রহণ করেছে। প্রথম আলো: গত এক বছরে যা করতে চেয়েছিলেন, তার কতটুকু করতে পেরেছেন, কী করতে পারেননি? সৈয়দ আশরাফ: বিদ্যুত্ উত্পাদন নিয়ে আমাদের অনেক পরিকল্পনা ছিল। কিন্তু এ ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিদ্যুত্ উত্পাদনের জন্য প্রয়োজনীয় গ্যাসের অভাব। আবার কয়লা উত্তোলন নিয়েও বিভিন্ন মত আছে। এটা কী উন্মুক্ত পদ্ধতিতে হবে নাকি ভূগর্ভস্থ পদ্ধতিতে উত্তোলন হবে, তা নিয়ে নানা আলোচনা বছরজুড়েই ছিল। এ ব্যাপারে বিভিন্ন গ্রুপ বিভিন্ন উপদেশ সরকারকে দিয়েছে। সরকার এ উপদেশ আমলে নিয়েই কয়লানীতি চূড়ান্ত করতে যাচ্ছে, জ্বালানিনীতি চূড়ান্ত করতে যাচ্ছে। এক বছরের মধ্যে বিদ্যুেকন্দ্র স্থাপনের কাজ শুরু করার যে কথা ছিল, তা আগামী বছরের প্রথম দিকে শুরু হবে। তিন বছরের মধ্যেই বিদ্যুতের চাহিদা পূরণ সম্ভব হবে বলে আশা করছি।প্রথম আলো: সরকারের সামনে এই মুহূর্তে অগ্রাধিকারমূলক কাজ কী কী?সৈয়দ আশরাফ: এই মুহূর্তে আমাদের অগ্রাধিকারমূলক কাজ হলো বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা। যুদ্ধাপরাধীদের বিচারকার্য শুরুর প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখন তদন্ত কার্যক্রম শুরু করা। জেলহত্যার বিচারকাজ শুরু করা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা। কর্মসংস্থান তৈরি করা। আগামী কয়েক বছরের মধ্যে বিদ্যুত্সংকট নিরসন করা। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর তীক্ষ্ন দৃষ্টি রাখা। বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখা।এ ছাড়া শিল্পনীতি, বাণিজ্যনীতি প্রভৃতির কাজ চলছে, এগুলো চূড়ান্ত করা। শিক্ষানীতি চূড়ান্ত হওয়ার পথে। এটাকে বাস্তবায়ন করতে হবে। দেশের সার্বিক অবস্থার উন্নয়ন সাধন করা। বিশেষ করে ঢাকাসহ সারা দেশে যানজট নিরসন করা। ইতিমধ্যেই রূপরেখা তৈরি হয়েছে, এখন সেটা বাস্তবায়ন করা। গাজীপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ফ্লাইওভারের দরপত্র আহ্বান করা হয়েছে। গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের কার্যাদেশ দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই কাজ শুরু হবে। এগুলো ঢাকার যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থা সহজতর করবে। প্রথম আলো: সরকারের এক বছরেও কেন যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করতে পারেনি? সৈয়দ আশরাফ: সরকার এক বছরেও যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করতে পারেনি, এটা ঠিক নয়। এ মামলার বিচারকাজ শুরুর জন্য যেসব পূর্বপ্রস্তুতিমূলক কাজ দরকার যেমন, আইনের পরিবর্তন করা, বাজেট বরাদ্দ প্রভৃতি কাজ করা হয়েছে। এখন শুধু তদন্ত কার্যক্রম শুরু হবে। এ মামলার কাজ শুরু করার ব্যাপারে অকারণে দেরি করা হয়নি। বিচারকাজ শুরু করার জন্য যতটুকু সময়ের প্রয়োজন, ততটুকুই ব্যয় করা হচ্ছে। কোন ভবনে বিচারকার্য হবে, তা আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে। উপযুক্ত ভবন পাওয়ার পরই তদন্তকাজ শুরু হবে। প্রথম আলো: আওয়ামী লীগের একশ্রেণীর নেতা-কর্মীর টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। এ ব্যাপারে কারও বিরুদ্ধে দল কি কোনো ব্যবস্থা নিয়েছে?সৈয়দ আশরাফ: টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে শুরু থেকেই আমরা জিহাদ ঘোষণা করেছি। যেখানেই এ ধরনের ঘটনা ঘটছে, সেখানে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। তা ছাড়া আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি, চাঁদাবাজ-টেন্ডারবাজ যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তবুও মাঝেমধ্যে এ রকম কিছু খবর পেলে আমরা চেষ্টা করি, দলের বা দলের সঙ্গে সম্পৃক্ত কেউ যেন নতুন আর এসবে সংযুক্ত না হয়। তা ছাড়া দলের কারও বিরুদ্ধে এ রকম কোনো অভিযোগ পেলে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমন অনেক স্থানে অভিযুক্ত ব্যক্তিদের কমিটিতে রাখা হয়নি। দল থেকেও অনেককে বহিষ্কার করা হয়েছে। প্রথম আলো: কিছুদিন আগে বিএনপির কাউন্সিল হলো। তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন হয়েছেন। বিষয়টি কীভাবে দেখছেন?সৈয়দ আশরাফ: ১৬ বছর পর হলেও বিএনপির কাউন্সিল হয়েছে। গণতন্ত্রের জন্য এটা শুভ। আমরা আগেই বিএনপির কাউন্সিলের সাফল্য কামনা করেছি। তবে আশা করেছিলাম, বিএনপি গণতন্ত্রের দিকে এগিয়ে আসবে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের কমিটিতে স্থান দেবে না। অতীতে যাঁরা বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, কমিটিতে তাঁদের নেওয়া হবে না। এটা ঠিক, বিএনপির কমিটি বিএনপিই করবে। তবে জাতিরও অধিকার আছে, বিতর্কিত ব্যক্তিরা যাতে কমিটিতে না থাকেন, সে প্রত্যাশা করা। সেটাই জাতি আশা করেছিল। কিন্তু এখন জনগণ ভয়ে আছে। যাঁরা হাওয়া ভবনের সঙ্গে যুক্ত ছিলেন, অতীতে সন্ত্রাস, দুর্নীতি, ২১ আগস্টের গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্রের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের কমিটিতে রাখা হয়েছে। এটা কেবল বিএনপির জন্য নয়, সমগ্র গণতান্ত্রিক পরিবেশের জন্য একটা অশনিসংকেত। বিএনপির ব্যাপারে জনগণ আবার আতঙ্কগ্রস্ত হয়েছে। প্রথম আলো: স্থানীয় সরকারব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে কী বলবেন? সৈয়দ আশরাফ: আমরা যখন ক্ষমতায় আসি, তখন স্থানীয় সরকারের কোনো আইনই ছিল না। আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইন করেছে। অনেক পরিশ্রমের পর এই চারটা আইন সংসদে পাস করতে সমর্থ হয়েছি। ঢাকা সিটি করপোরেশনসহ যে কয়টি সিটি করপোরেশনের নির্বাচন হয়নি, সেগুলোর নির্বাচন করার ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছে। এরপর হবে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন। আমরা আশা করছি, নির্বাচন কমিশন নতুন বছর শেষ হওয়ার আগেই সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে পারবে। এটা স্থানীয় সরকারকে শক্তিশালী ও গণতন্ত্রীকরণের একটা প্রক্রিয়া। প্রথম আলো: আগামী এক বছর আওয়ামী লীগের সাংগঠনিক পরিকল্পনা কী কী?সৈয়দ আশরাফ: আমরা সদস্য নবায়ন এবং নতুন সংগ্রহ অভিযান শুরু করব। এটা শেষ হওয়ার পরপরই ওয়ার্ড, ইউনিয়ন, থানা, শহর, জেলা ও মহানগরের কাউন্সিল করার কাজ শুরু করব। পরবর্তী সময়ে জাতীয় সম্মেলন করা হবে। আশা করছি, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুর দিকে সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। প্রথম আলো: এ মুহূর্তে দেশের মানুষকে কী আশার কথা শোনাবেন?সৈয়দ আশরাফ: আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাচ্ছি। আশা করি, দেশবাসীকে নিয়ে আমরা একটি আদর্শ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারব; যে বাংলাদেশের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা হবে। সাক্ষাত্কার নিয়েছেন জাহাঙ্গীর আলম