এক বছরে এক হাজার ইউনিয়ন পরিষদে ফাইবার অপটিক কেবল: প্রধানমন্ত্রী
আগামী এক বছরেই দেশের এক হাজার ইউনিয়ন পরিষদকে (ইউপি) ফাইবার অপটিক কেবল সংযোগের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রতিটি সরকারি হাসপাতালকে তথ্যপ্রযুক্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে ‘ই-হেলথ’ কার্যক্রমের অংশ হিসেবে সরকারি হাসপাতালগুলোতে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ ও ওয়েবক্যাম পাঠিয়ে দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে ‘ডিজিটাল বাংলাদেশ: প্ল্যান অব কানেকটিং পিপল’ শীর্ষক ধারণাপত্র প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। পরে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারের ধারণাপত্র উন্মোচন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এরই মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, প্রশাসন সর্বস্তরেই ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে। তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়ন করতে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। এরই মধ্যে দেশের পল্লি এলাকায় ডাকঘরগুলোতে দেড় হাজার ই-সেন্টার স্থাপন করার পদক্ষেপ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, দেশে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট প্রযুক্তি ও দ্রুতগতির তথ্যপ্রবাহ নিশ্চিত করতে অতিসত্বর আন্তমহাদেশীয় সাবমেরিন কেবল ব্যবস্থায় আরও সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।অনুষ্ঠানে ‘ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক তথ্যচিত্র উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর ছেলে কম্পিউটার বিজ্ঞানী ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়। সজীব জানান, দেশে মোবাইল ফোন খরচ কম হলেও ইন্টারনেট খরচ অনেক বেশি। মাত্র ৫৯ জেলার ২৯৬টি উপজেলা অপটিক ফাইবার কেবলের আওতাভুক্ত। ইন্টারনেট খরচ কমাতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানান তিনি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।