এক বছরে এক হাজার ইউপিতে ফাইবার অপটিক সংযোগ যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এক বছরে দেশের এক হাজার ইউনিয়ন পরিষদকে অপটিক্যাল ফাইবার সংযোগের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে প্রশাসনের তৃণমূল পর্যায়ে দ্রুতগতি ইন্টারনেট ও টেলিযোগাযোগ সুবিধা বিস্তৃত হবে। দেশে মোট ইউনিয়নের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে ‘ডিজিটাল বাংলাদেশ: প্ল্যান অব কানেকটিং পিপল’ শীর্ষক ধারণাপত্র প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ‘ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ক ধারণাপত্র উম্মোচন করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রশাসনে গতি ও স্বচ্ছতা আনার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়া ছিল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি।স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রতিটি সরকারি হাসপাতালকে তথ্যপ্রযুক্তি সুবিধার আওতায় আনার জন্যও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইতিমধ্যে ‘ই-হেলথ’ কার্যক্রমের অংশ হিসেবে সরকারি হাসপাতালগুলোতে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ ও ওয়েবক্যাম পাঠানো হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইতিমধ্যে স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, প্রশাসন সর্বস্তরেই ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে। তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্পকে বাস্তবায়ন করতে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। ইতিমধ্যে পল্লি এলাকার ডাকঘরগুলোতে দেড় হাজার ই-সেন্টার স্থাপন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আওয়ামী লীগের এর আগের মেয়াদের (১৯৯৬-২০০১) কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওই সময়ে টেলিযোগাযোগের উন্নয়নের জন্য তারা নতুন একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে মোবাইল ফোনের কলরেট কমানোর ব্যবস্থা করেছিল। শেষ সময়ে দেশের প্রত্যন্ত এলাকার স্কুলগুলোতে অর্ধেক দামে ১০ হাজার কম্পিউটার দেওয়ার জন্য নেদারল্যান্ডের সঙ্গে একটি চুক্তি করা হয়েছিল। তিনি অভিযোগ করে বলেন, টিউলিপ নামের নেদারল্যান্ডের ওই কোম্পানিটি শেখ হাসিনার বোনের এরকম ‘অপবাদ দিয়ে’ সেই চুক্তি কার্যকর করেনি পরবর্তী বিএনপি-জামায়াত সরকার। এ কারণে নেদারল্যান্ড মামলা করেছে উল্লেখ করে হাসিনা বলেন, বাংলাদেশকে এ জন্য ৩২ কোটি টাকা জরিমানা গুনতে হবে। প্রসঙ্গত, টিউলিপ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার এক মেয়ের নাম।প্রধানমন্ত্রী বলেন, উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগের মাধ্যমে উন্নত তথ্যপ্রবাহ নিশ্চিত করতে শিগগিরই আন্তমহাদেশীয় সাবমেরিন কেব্ল ব্যবস্থায় আরও সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) মহাসচিব হামাদুন আই টুরে টেলিযোগাযোগ খাতের উন্নয়নে বাংলাদেশকে সব ধরনের কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে মোবাইল ফোন কোম্পানি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে সিমসহ অন্য ‘উচ্চ হারের কর’ কমানোর অনুরোধ জানান, যা তাঁর মতে ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্প’ বাস্তবায়নে সহায়তা করবে।অনুষ্ঠানে ‘ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক তথ্যচিত্র উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর ছেলে কম্পিউটার বিজ্ঞানী ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ। সজীব বলেন, দেশে মোবাইল ফোন খরচ কম হলেও ইন্টারনেট খরচ অনেক বেশি। এখন পর্যন্ত ৫৯ জেলার মাত্র ২৯৬টি উপজেলা অপটিক্যাল ফাইবার সংযোগের আওতাভুক্ত। ইন্টারনেটের ব্যয় কমাতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।