এক বছরে চালের দাম বেড়েছে ২১ ভাগের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাল, ডাল, তেল, আটা, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম গত বছরের তুলনায় এ বছর বেড়েছে। পণ্যের এই মূল্যের সঙ্গে বেড়েছে পরিবহন ব্যয়, বাড়ি ভাড়া ও বিদ্যুতের দাম। ফলে সাধারণ ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পণ্যমূল্য ও সেবা খাতের ব্যয়বিষয়ক বার্ষিক প্রতিবেদন-২০১০-এ এসব তথ্য দেওয়া হয়েছে। আজ সোমবার এই প্রতিবেদন প্রকাশ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।প্রতিবেদনে বাজারদর পর্যালোচনা করে বলা হয়, ২০১০ সালে চালের দাম বেড়েছে ২১ দশমিক ১৩ শতাংশ। এ ছাড়া আটা-ময়দার দাম ৮ দশমিক ৪০ শতাংশ, ডালের দাম ২ দশমিক ৩৩ শতাংশ, ভোজ্যতেলের দাম ৭ দশমিক ৯৫ শতাংশ, মাছের দাম ১৮ দশমিক ৬৫ শতাংশ, গরু ও খাসির মাংসের দাম ১২ দশমিক ৪১ শতাংশ এবং মসলার দাম ৪১ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। পেঁয়াজ, রসুন ও আদার দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও বছরের শেষদিকে এসে আবার বেড়েছে। শীতের শাকসবজি বাজারে থাকলেও দাম কমেনি।এ ছাড়া কাপড়ের মধ্যে বিদেশ থেকে আমদানি করা থান কাপড়ের দাম ৯ দশমিক ৫৩ শতাংশ, দেশি থান কাপড়ের দাম ১১ দশমিক ৯০ শতাংশ, গামছা, গেঞ্জি ও তোয়ালের দাম ৪০ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। শাড়ির দাম বেড়েছে ১৩ দশমিক ২৪ শতাংশ।প্রতিবেদনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পণ্য পরিবহনের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও ঘাটে ঘাটে চাঁদাবাজি বন্ধ, অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধে আইন করাসহ আট দফা সুপারিশ করা হয়।