এক বছরে ট্রাকচাপায় ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় বেপরোয়া গতিতে ট্রাক চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। গত এক বছরে ট্রাকের নিচে চাপা পড়ে উপজেলায় নিহত হয়েছেন কমপক্ষে ছয়জন। এ ছাড়া আহত হয়েছেন অনেকেই। উপজেলার সড়কগুলোতে এভাবে বেপরোয়া গতির ট্রাকের দাপট বেড়ে যাওয়ায় পথচারীদের চলাচল করতে হচ্ছে রীতিমতো আতঙ্ক নিয়ে।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালের মার্চ থেকে চলতি বছরের ৫ মার্চ পর্যন্ত উপজেলায় পৃথক চারটি দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয়জন। ২০০৯ সালের ৭ মার্চ মাটি বহনকারী ট্রাকের চাপায় বাড়ির সামনের সড়কে মারা যান পায়না মহল্লার আবু কাই (৫২)। এরপর ওই বছরের ২০ নভেম্বর ভ্যানে চড়ে যাওয়ার সময় বেড়া হাসপাতালের পার্শ্ববর্তী সেতুর ওপর ট্রাক চাপায় নিহত হন পৌর এলাকার শাহপাড়া মহল্লার এক গৃহবধূ (৪০)। ৮ ফেব্রুয়ারি ভ্যানে চড়ে যাওয়ার সময় নগরবাড়ীতে ট্রাকচাপায় নিহত হন রানি গ্রামের আবুল কাশেম (২৫) ও সিংহাসন গ্রামের আবদুল আজিজ (৩০)। এলাকাবাসী জানায়, উপজেলার সড়ক ও মহাসড়কগুলোতে প্রতিদিন হাজার হাজার ট্রাক চলাচল করে। এসব ট্রাকের মধ্যে বাইরে থেকে আসা (আন্তজেলা) ট্রাকগুলো কিছুটা নিয়ন্ত্রিত গতিতে চলাচল করলেও মাটি ও বালু বহনকারী স্থানীয় ট্রাকগুলো চলাচল করে বেপরোয়া গতিতে। বেড়া মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মনোয়ার হোসেন বলেন, ‘বেড়ায় বেপরোয়া গতিতে ট্রাক চললেও দেখার কেউ নেই। কিছুদিন আগে অল্পের জন্য ট্রাকচাপা পড়ার হাত থেকে কলেজের ১০-১২ জন ছাত্রী বেঁচে যায়। তবে সেদিন ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হয় আমাদের কলেজের পিয়ন আনসার আলী।’বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িত কয়েকটি ট্রাকের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। এ ছাড়া নিয়ন্ত্রিত গতিতে ট্রাক চলাচলের ব্যাপারেও আমরা পদক্ষেপ নিয়েছি।’