বাজারে আদা, রসুন ও হলুদের দাম বেড়েই চলেছে। এক থেকে দেড় বছরের ব্যবধানে এগুলোর দাম দুই থেকে তিন গুণ বেড়েছে। কয়েক বছর ধরে প্যাকেটজাত গুঁড়া হলুদ বিদেশে রপ্তানি হওয়ায় দাম বাড়ছে বলে আমদানিকারকেরা জানিয়েছেন।রাজধানীর কারওয়ান বাজারের জামান ট্রেডার্সের ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ জানান, এক থেকে দেড় বছর আগে খুচরা বাজারে প্রতি কেজি শুকনা হলুদের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। বর্তমানে তা ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০ গ্রাম রাঁধুনী গুঁড়া হলুদের প্যাকেট ২১২ টাকা ও প্রাণ ১৯৬ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ৪৫ থেকে ৫০ টাকার চায়না আদা ১৬০ থেকে ১৭০ টাকা এবং ৪০ টাকার রসুন ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এ হিসাবে প্রতি কেজি হলুদে দাম বেড়েছে ২৩০ টাকা, আদা ১১৫ থেকে ১২০ টাকা এবং রসুন ১৬০ টাকা। ঈশ্বরদীর হলুদ উৎপাদনকারী আবদুর রহিম জানান, দুই থেকে আড়াই বছর আগে প্রতিমণ হলুদের দাম ছিল এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা। এ হিসাবে প্রতি কেজির দাম পড়ে ৩২ টাকা ১৫ পয়সা থেকে ৩৪ টাকা ৮৩ পয়সা। ওই সময় লোকসান হওয়ায় হলুুদের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। তবে বর্তমানে দাম বেড়ে যাওয়ায় আবার উৎপাদন শুরু করা হবে বলে তিনি জানান। হলুদ আমদানিকারক শ্যামবাজারের এ জে ট্রেডার্সের ব্যবসায়ী অসীম সাহা জানান, দেশে যে পরিমাণ হলুদ উৎপাদন হয়, তা দিয়ে প্রায় ছয় মাস চলে যেত। অবশিষ্ট হলুদ ভারত থেকে আসত। বর্তমানে ভারতেও দাম বেশি। এ ছাড়া নামীদামি অনেক প্রতিষ্ঠান গুঁড়া হলুদ বিদেশে রপ্তানি করছে। পাইকারি বাজারে প্রতি কেজি হলুদ বর্তমানে ২৬৫ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। এসব কোম্পানি দেশে উৎপাদিত ভালো মানের রসুনগুলো কিনে নেয়। ফলে বাজারে দাম বেড়েই চলেছে। রসুন ও আদা আমদানিকারক সাফায়েত উল্লাহ জানান, বর্তমানে প্রতি টন রসুন বুকিং হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার ১৬০ ডলার। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রতি টন রসুন আমদানি করা হতো এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ ডলারে। বর্তমানে প্রতি টন চায়না আদার বুকিং রয়েছে এক হাজার ৪৮০ থেকে এক হাজার ৫০০ টাকা। একই বাজারের কর্ণফুলী বাণিজ্যালয়ের হলুদ-আদা-রসুন ব্যবসায়ী ঝুটন সাহা জানান, পটিয়া, রাঙ্গুনিয়া, বাঁশখালী ও পার্বত্য চট্টগ্রাম থেকে দেশি আদা বাজারে আসা শুরু হয়েছে। তবে এসব আদা কয়েক দিন দোকানে রাখার পর পচে যায়। এ কারণে কম দামে বিক্রি করা হচ্ছে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি দেশি আদা ৬০ টাকা, চায়না ৯৫ থেকে ১১০ টাকা এবং ভারতীয় ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে খুচরা বাজারে প্রতি কেজি দেশি পুরোনো রসুন ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। চায়না রসুনের দাম ১১০ থেকে ১২০ টাকা। অথচ ২০০৯ সালের মার্চেও প্রতি কেজি দেশি রসুনের দাম ছিল ২৪ থেকে ৪০ টাকা। অর্থাৎ ১০ মাসের ব্যবধানে খুচরা ও পাইকারি বাজারে প্রতি কেজি রসুনের দাম ৯৬ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। নয়াবাজারের মুদি দোকানি কালা মিয়া জানান, বর্তমানে প্রতি কেজি হলুদ ৩০০ টাকা, চায়না আদা ১২০ থেকে ১৩০ টাকা, দেশি আদা ১০০ টাকা, চায়না রসুন ১৭০ টাকা, দেশি রসুন ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণ জানতে চাইলে তাঁর সাফ কথা, ‘কেন দাম বাড়ছে আমি জানি না। বেশি দামে কিনে আনি, তাই বেশি দামে বিক্রি করি।’ বাজারে পেঁয়াজের দামও এখন বাড়ছে। শ্যামবাজারের ঢাকা বাণিজ্যালয়ের ব্যবসায়ী আবদুর রহিম জানান, এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে। ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় দেশি পেঁয়াজের দামও বেড়েছে। ভারতীয় সীমান্তে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। অথচ রাজধানীর পাইকারি বাজারে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৬ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৩ থেকে ২৪ টাকায় বিক্রি হয়েছে।