টাঙ্গাইলের মধুপুর এলাকার গৌরাঙ্গ চন্দ্র বর্মণের পৈতৃক জমি অর্পিত সম্পত্তির তফসিলভুক্ত। সম্পত্তি অবমুক্তির জন্য গত বছরের আগস্ট মাসে তিনি টাঙ্গাইল জেলা ট্রাইব্যুনালে মামলা করেন। গত জুলাই মাস পর্যন্ত মামলার শুনানির চারটি দিন ধার্য ছিল। নিজের গ্রাম থেকে টাঙ্গাইলে আসা, কাগজপত্র তোলা, আইনজীবীর ফি দিতে এযাবৎ খরচ হয়েছে ১২ হাজার টাকা। কিন্তু সম্পত্তি অবমুক্ত হয়নি।অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য এখন দেশজুড়ে লাখ লাখ মানুষকে ঘুরতে হচ্ছে গৌরাঙ্গের মতো। ভূমি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত এক বছরে অর্পিত সম্পতি অবমুক্তির জন্য জমা আবেদনের সংখ্যা সাড়ে চার লাখের বেশি। এর মধ্যে মাত্র আট হাজার ২৭৭টি আবেদন নিষ্পত্তি হয়েছে। এ ক্ষেত্রে মামলা নিষ্পত্তির হার ২ শতাংশের কম। গত ২২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে আগামী ডিসেম্বর পর্যন্ত আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আবেদনের সংখ্যা আরও বাড়বে।ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের ৬১টি জেলায় অর্পিত সম্পত্তি অবমুক্তির প্রক্রিয়া চলছে। এ জন্য জেলা ও দায়রা জজকে প্রধান করে একটি ট্রাইব্যুনাল এবং অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে জেলা কমিটি কাজ করছে। সরকারের নিয়ন্ত্রণে থাকা সম্পত্তি ‘ক’ আর ব্যক্তির নিয়ন্ত্রণে আছে এমন সম্পত্তি ‘খ’ তফসিলভুক্ত। আবেদনের প্রায় ৭০ শতাংশই ‘খ’ তফসিলভুক্ত।তবে ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মামলা নিষ্পত্তিতে কেবল ধীরগতি নয়, ভুল প্রক্রিয়ায় সম্পত্তি তফসিলভুক্ত হওয়ায় হয়রানি যেমন বাড়বে, তেমনি মামলার খরচ জোগাতে অর্থেরও অপচয় হবে। তাঁরা ‘খ’ তফসিলকে বেআইনি হিসেবে আখ্যায়িত করেছেন।অর্পিত সম্পত্তির ‘খ’ তফসিল নিয়ে প্রশ্ন তুলেছে আটটি নাগরিক সংগঠনের জোট অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক কমিটি। জোটের নেতারা বলছেন, ১৯৭৪ সালের ২৩ মার্চ অর্পিত সম্পত্তি আইন বাতিল করা হয়। পরে আপিল বিভাগও ওই সময়ের পরে কোনো সম্পত্তিকে অর্পিত সম্পত্তি হিসেবে তফসিলভুক্ত করা যাবে না বলেও রায় দেন। কিন্তু ২০১১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধনী) আইনের পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় প্রকাশিত গেজেটে ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তির পরিমাণ ৭০ থেকে ৮০ শতাংশ। আর ‘খ’ তালিকাভুক্ত সম্পত্তির প্রায় পুরোটাই ১৯৭৪ সালের ২৩ মার্চ-পরবর্তী সময়ের। তাই ‘খ’ তালিকাটি বেআইনি।‘খ’ তালিকাভুক্ত সম্পত্তির বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, যাদের হাত (ভূমি প্রশাসন) দিয়ে অন্যায়ভাবে সম্পত্তি অর্পিত করা হয়েছে, তারাই এর অবমুক্তির দায়িত্ব পেয়েছে। তিনি অবমুক্তির প্রক্রিয়া সহজ করতে ‘খ’ তালিকা বাতিলের দাবি করেন।অর্পিত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন কাজ করছে বেসরকারি সংগঠন এএলআরডি। সংগঠনটির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ভূমি কার্যালয়ের কর্মচারীরা সম্পত্তিকে খেয়ালখুশিমতো অর্পিত তালিকাভুক্ত করেছেন, এখনো এই প্রক্রিয়া চলছে। স্রেফ হয়রানিই এর লক্ষ্য।‘খ’ তালিকা বাতিল যৌক্তিক কি না, জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এই তালিকার অধীনে কোনটা আসলে অর্পিত আর কোনটা খেয়ালখুশিমতো করা হয়েছে, সেটা নির্ধারণ করা মুশকিল।তবে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোজাম্মেল হক মনে করেন, ‘খ’ তালিকা বাতিল হলে জবরদখল হওয়া সম্পত্তি নিষ্পত্তি জটিল হয়ে যেতে পারে। তবে শামসুল হুদার দাবি, জবরদখলের পরিমাণ ২০ শতাংশের বেশি হবে না। এর নিষ্পত্তি দেশের প্রচলিত আইনেই হতে পারে।অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য টাঙ্গাইলে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। আবেদনের সংখ্যা গত মে মাস পর্যন্ত ছিল ৫০ হাজার ৪৯৭। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৭৯৫টি আবেদন। টাঙ্গাইল জেলা আদালত প্রাঙ্গণে কথা হয় গৌরাঙ্গ চন্দ্রের সঙ্গে। তিনি বললেন, ‘বাপ-দাদার সম্পত্তি এখন আদালতের কাছ থেকে নিতে হচ্ছে মামলা করে। ২৫-৩০ হাজার টাকার নিচে এই মামলা মিটবে না।’অবমুক্তির এই প্রক্রিয়ার ফলে সংখ্যালঘুদের বাড়িঘর সব আদালতের কাছে চলে গেল বলে মনে করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি বলেন, কেবল সংখ্যালঘু নয়, মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশের সম্পত্তিও ‘খ’ তালিকাভুক্ত। অবমুক্তির জন্য যেভাবে অর্থ ব্যয় হচ্ছে, তা অন্যায়। তিনি বলেন, যদি ‘খ’ তালিকার সম্পত্তি অবমুক্তির চার লাখ আবেদন পড়ে, তাহলে প্রতিটির আইনি প্রক্রিয়ার খরচ মেটাতে ২৫ হাজার টাকা করে ধরলে মোট এক হাজার কোটি টাকা লাগবে। ১৯৬৫ সালের ৫ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান-ভারত যুদ্ধের সময় তৈরি হয় শত্রু সম্পত্তি আইন। যুদ্ধের সময় ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের সম্পত্তি শত্রু সম্পত্তির তালিকাভুক্ত হয়। ব্যক্তি সম্পত্তির তত্ত্বাবধায়কের দায়িত্ব নেয় রাষ্ট্র। প্রাথমিকভাবে আইনটি পাকিস্তানের সব নাগরিকের জন্য ছিল। কিন্তু এক মাসের মধ্যে তা শুধু সংখ্যালঘুদের সম্পত্তির ক্ষেত্রে বলবৎ হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর আইনটির নাম বদলে অর্পিত সম্পত্তি হয়। অর্পিত সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা এখানে কোনো উন্নয়নকাজ করা বেআইনি।