প্রয়োজনীয় জনবল, ইঞ্জিন ও যাত্রীবাহী বগির অভাবে পার্বতীপুর রেলওয়ে জংশন হয়ে বিভিন্ন রুটে চলাচলকারী অন্তত ২০টি যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে গেছে। এর ফলে সংকুচিত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের রেল যোগাযোগব্যবস্থা। ভোগান্তির শিকার হচ্ছে রেলযাত্রীরা।গত প্রায় এক বছরে এ ট্রেনগুলো বন্ধ হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুর রেলস্টেশন মাস্টার আবদুল করিম।রংপুর শহরের কামাল কাছনা মহল্লার জেকরে জাহান ও পার্বতীপুর ডিগ্রি কলেজের প্রভাষক ও ধাপ এলাকার আবদুর নূর পার্বতীপুরের খোলাহাটি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। তাঁরা দুজনই ট্রেনে করে কর্মস্থলে যাওয়া-আসা করতেন। রামসাগর এক্সপ্রেসসহ এ রুটের কয়েকটি ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন।রেলস্টেশন মাস্টার আবদুল করিম প্রথম আলোকে বলেন, পার্বতীপুর রেলস্টেশনের ওপর দিয়ে আন্তনগর, মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন মিলে প্রতিদিন ৫২টি ট্রেন চলাচল করত। কিন্তু ইঞ্জিন ও যাত্রীবাহী বগির স্বল্পতা এবং একই সঙ্গে চালক, গার্ড ও স্টেশনমাস্টারসহ প্রয়োজনীয় জনবল না থাকায় বেশ কয়েকটি ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।রেল সূত্রে জানা গেছে, বন্ধ হওয়া ট্রেনগুলোর মধ্যে চারটি ব্রডগেজ ও অপর ১৬টি মিটারগেজ রুটের। ব্রডগেজ রুটের ট্রেনগুলো হলো—পার্বতীপুর থেকে চিলাহাটির মধ্যে চলাচলকারী ৫৯১ আপ ও ৫৯২ ডাউন লোকাল ট্রেন, পার্বতীপুর ও ঈশ্বরদীর মধ্যে চলাচলকারী ৫৪১ আপ ও ৫৪২ ডাউন লোকাল ট্রেন। অন্যদিকে, মিটারগেজ রুটে লালমনিরহাট ও পার্বতীপুরের মধ্যে চলাচলকারী ৪১১ আপ, ৪১২ ডাউন লোকাল ট্রেন, ৪১৩ আপ ও ৪১৪ ডাউন লোকাল ট্রেন এবং ৪১৫ আপ ও ৪১৬ ডাউন। বুড়িমারী-লালমনিরহাট ও পার্বতীপুরের মধ্যে চলাচলকারী ৪৫১ আপ ও ৪৫২ ডাউন বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। লালমনিরহাট ও বুড়িমারীর মধ্যে চলাচলকারী ৬৩ আপ ও ৬৪ ডাউন এক্সপ্রেস ট্রেন। পঞ্চগড় ও পার্বতীপুরের মধ্যে চলাচলকারী ৪৩৩ আপ ও ৪৩৪ ডাউন লোকাল মিক্সড ট্রেন। কাউনিয়া ও পার্বতীপুরের মধ্যে চলাচলকারী ৪১৭ আপ ও ৪১৮ ডাউন লোকাল ট্রেন।সর্বশেষ বন্ধ হয় দিনাজপুর থেকে পার্বতীপুর হয়ে বোনারপাড়া রেলস্টেশন পর্যন্ত চলাচলকারী ৫৯ আপ ও ৬০ ডাউন রামসাগর এক্সপ্রেস ট্রেন।স্টেশনমাস্টার আবদুল করিম জানান, পার্বতীপুর রেলস্টেশনে ১৩ জন সহকারী স্টেশনমাস্টার প্রয়োজন, আছেন মাত্র পাঁচজন। মিটারগেজ ও ব্রডগেজে ৫০ জন গার্ডের প্রয়োজন থাকলেও আছেন ৩৪ জন।রেলের লালমনিরহাট বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী তাপস কুমার দাস জানান, এই অঞ্চলে রেল চলাচল স্বাভাবিক রাখতে ৪১টি রেলইঞ্জিনের প্রয়োজন, আছে মাত্র ২১টি। এর মধ্যে অনেকগুলো ৬০ বছরের বেশি পুরোনো। রেলের লালমনিরহাট বিভাগের ২৩৫টি যাত্রীবাহী বগির মধ্যে ৪৩টি সৈয়দপুর রেল কারখানায় মেরামতের জন্য পাঠানো হয়েছে। আরও ৩৯টি মেরামতের জন্য পাঠানোর অপেক্ষায় রয়েছে। এ কারণে প্রতিদিন কমপক্ষে ৪০টি বগি ঘাটতি থাকে।পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, রেলওয়ের পশ্চিম জোনের ব্রডগেজ রুটে ট্রেন চলাচলের জন্য ১০১টি ইঞ্জিন প্রয়োজন, আছে মাত্র ৭১টি। এর মধ্যে তিনটি সান্টিংয়ের কাজে ব্যস্ত থাকে।পার্বতীপুর লোকোশেডের ইনচার্জ কমল কৃষ্ণ গোস্বামী জানান, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে এ অঞ্চলে ব্রডগেজ ও মিটারগেজ মিলিয়ে ৭১ জন চালক প্রয়োজন, রয়েছে ৩৩ জন। ১০৭ জন সহকারী চালকের জায়গায় রয়েছে ৮৮ জন। আর ৩১ জন উপচালকের জায়গায় রয়েছে ৮ জন।রেলের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমার ও লালমনিরহাট বিভাগীয় সুপারিনটেনডেন্ট মোস্তাফিজুর রহমান যাত্রীবাহী ট্রেন বন্ধ হওয়ার বিষয় নিশ্চিত করে জানান, জনবল ও অন্যান্য উপকরণ-সংকটের কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।