এক বছরে রেমিট্যান্স এসেছে ১০ হাজার ৯৮৭ মিলিয়ন ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত (২০০৯-১০) অর্থবছরে বিদেশ থেকে ১০ হাজার ৯৮৭ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক আয় (রেমিট্যান্স) এসেছে। যা গত অর্থবছরের তুলনায় এক হাজার ২৯৮ মিলিয়ন মার্কিন ডলার বেশি। গত এক বছরে এ আয় বেড়েছে ১৩ দশমিক আট ভাগ। আজ মঙ্গলবার জাতীয় সংসদে হারুনুর রশিদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা বলেন। প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুপস্থিত ছিলেন।ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণে বিগত অর্থবছরে তিনটি খাতে ৯২২ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। খাত তিনটি হলো শিল্প প্রতিষ্ঠা, পুরাতন শিল্পের মেরামত, আধুনিকায়ন ও সংস্কার, স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোম্পানির শেয়ার ক্রয়ে বিনিয়োগ।কুমিল্লার সাংসদ নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার কোটি টাকা এবং সাময়িক হিসাব অনুযায়ী আয় হয়েছে ৬২ হাজার ১১২ কোটি ১০ লাখ টাকা। যা গত অর্থবছরের তুলনায় নয় হাজার ৫৮৪ কোটি ৮৫ লাখ টাকা বেশি। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত অর্থবছরে এক হাজার ৭৮৭ কোটি টাকার আয়কর আদায় হয়েছে। নেত্রকোনা-১ আসনের মোশতাক আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় পর্যায়ে সর্বোচ্চ কর প্রদানকারী ১০টি কোম্পানি ও ১০ জন করদাতাকে আয়কর সনদ দেওয়ার কাজ চলছে।