এক বছরে সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ: খোন্দকার দেলোয়ার
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দাবি করেছেন, গত এক বছরে সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সরকারের আচরণের কারণেই সংসদ কার্যকর হতে পারেনি।নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আজ বুধবার যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খোন্দকার দেলোয়ার বলেন, গত এক বছরে সরকারের কোনো সফলতা নেই। তারা সব কাজেই ব্যর্থতা দেখিয়েছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে না পারা, সংসদ কার্যকর করতে না পারা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রাখা সরকারের বড় ব্যর্থতা। তিনি ব্যর্থতা হিসেবে সরকারদলীয় লোকজনের চাঁদাবাজি ও টেন্ডারবাজির কথাও উল্লেখ করেন।খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, এই সরকার সংসদকে গাল-মন্দ করার স্থানে পরিণত করেছে। মামলা প্রত্যাহারের ক্ষেত্রে একচোখা নীতি অবলম্বন করেছে।সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সহসভাপতি হারুন আল রশিদ, সেলিমা রহমান, কোষাধ্যক্ষ আবদুল মান্নান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন প্রমুখ উপস্থিত ছিলেন।