এক বছরে ১২৬৯ উত্ত্যক্তকারীর বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার ৫২০
রামপুরার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ইলোরাকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত বখাটেরা। ইলোরা এ ঘটনার কোনো প্রতিকার পায়নি। শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এ রকম আরও অনেকেই আত্মহননের পথ বেছে নিয়েছে। ইদানীং প্রতিবাদ হচ্ছে, থানায় অভিযোগ জমা পড়ছে কিন্তু বখাটেদের তৎপরতা থামছে না। বরং তারা বেপরোয়া হয়ে উঠেছে। এ মাসেই নাটোরের অকুতোভয় কলেজশিক্ষক মিজানুর রহমান উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারান। গতকাল বখাটেদের হামলায় মারা যান ফরিদপুরের মধুখালীর এক মা চাঁপা রানী ভৌমিক।পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া হিসাবে দেখা গেছে, গত আগস্ট পর্যন্ত এক বছরে ইভ টিজিং বা উত্ত্যক্ত করার ঘটনায় সারা দেশে ১৫০টি মামলা হয়েছে। আর সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে ৩৭৭টি। এক হাজার ২৬৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে ৫২০ জনকে।পুলিশ কর্মকর্তারা স্বীকার করেছেন, বখাটেদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিলেও তারা থামছে না। যারা উত্ত্যক্তের শিকার হয়, তারা সহজে থানায় অভিযোগ জানাতে আসে না। এতে করে বখাটেরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তবে অভিযোগ করার পর পুলিশ নীরব থেকেছে, এমন অভিযোগও আছে। জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, ‘ইভ টিজিং সামাজিক সমস্যা। এটা শুধু পুলিশিংয়ের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। উত্ত্যক্ত করার ঘটনা পুলিশের নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের কোনো গাফিলতি নেই।’সাবেক আইজিপি এএসএম শাহজাহান প্রথম আলোকে বলেন, এসব ঘটনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সহায়তা নিয়ে থানায় থানায় উত্ত্যক্তকারীদের একটি করে তালিকা তৈরি করতে হবে। সে তালিকা ধরে ব্যবস্থা নিতে হবে।একজন অভিভাবক অভিযোগ করেন, তাঁর মেয়ে মিরপুর কমার্স কলেজে পড়ে। কিন্তু কিছু বখাটে ছেলে কলেজ থেকে ফোন নম্বর নিয়ে দিনে-রাতে জ্বালাতন করে। তিনি ও তাঁর পরিবার এ নিয়ে অতিষ্ঠ হলেও কারও কাছে এখনো অভিযোগ করেননি।ভিকারুননিসা নূন স্কুলের একজন অভিভাবক অভিযোগ করেন, তাঁর মেয়ে বাসাবো থেকে রিকশায় স্কুলে আসা-যাওয়া করে। কিছুদিন ধরে এক বখাটে মোটরসাইকেলে করে মেয়েকে উত্ত্যক্ত করছে। তিনি বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন। যোগাযোগ করা হলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, ‘এ ধরনের অভিযোগ আমি পেয়েছি এবং পুলিশ কমিশনারকে তা জানাতে বলেছি।’হোসনে আরা বলেন, বখাটেদের এ ধরনের উপদ্রব আগেও ছিল। আগে মানুষ অভিযোগ করত না। এখন সমাজ এগিয়েছে। মানুষ সচেতন হচ্ছে। তারা এসব ঘটনার প্রতিবাদ করছে, সোচ্চার হচ্ছে। এটা ভালো লক্ষণ। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা: পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, মেয়েদের উত্ত্যক্ত করা বন্ধ করতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশের পুলিশ সুপারদের (এসপি) আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনায় বলা হয়, থানার কর্মকর্তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে পরিস্থিতি সম্পর্কে অবগত থাকবেন। কর্মকর্তাদের ফোন নম্বর স্কুল-কলেজে সরবরাহ করা হবে। তথ্যদাতার পরিচয় গোপন করা হবে। ছাত্রীদের চলাচলের রাস্তায় টহল জোরদার করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সাদা পোশাকের পুলিশ পাহারায় থাকবে। পুলিশের উন্মুক্ত দিবসের আলোচনায় উত্ত্যক্ত করা সম্পর্কে আলোচনা করা হবে। এসব আলোচনায় উত্ত্যক্তকারীদের প্রতিহত করার আহ্বান জানাতে হবে।মামলা-অভিযোগ: ঢাকা মহানগর পুলিশের হিসাবে দেখা গেছে, গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মহানগর পুলিশ উত্ত্যক্ত করার ঘটনায় এক হাজার ২৭ জনকে গ্রেপ্তার করে। এ সময়ে ২৫টি মামলা হয়। ৮৩৪ জন বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ আসে। এদের মধ্যে মুচলেকার মাধ্যমে ৪১৮ জনকে মুক্তি দেওয়া হয়।র্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক এম সোহায়েল প্রথম আলোকে বলেন, র্যাব গত দুই বছরে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে ৩৬৯টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১৮৬ জনকে গ্রেপ্তার করা হয়। র্যাব মোট ৫১টি মামলা করে। এর মধ্যে সাতটি মামলায় আসামিদের কারাদণ্ড হয়েছে। ১৬ উত্ত্যক্তকারীকে অভিভাবকেরা মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান। তিনজনকে জরিমানা নিয়ে ছেড়ে দিয়েছে র্যাব। বেশির ভাগ উত্ত্যক্তকারীর বয়স কম।প্রচলিত আইন: পুলিশ জানায়, বখাটের ব্যাপারে তিন আইনে শাস্তির বিধান আছে। ঢাকা মহানগর পুলিশ আইনের ৭৬ ধারায় এ ধরনের অপরাধের শাস্তি এক বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা। দণ্ডবিধির ৫০৯ ধারায় বলা হয়েছে, কোনো নারীর শালীনতা ও মর্যাদার অভিপ্রায়ে কোনো মন্তব্য, অঙ্গভঙ্গি বা কোনো কাজ করা শাস্তিযোগ্য অপরাধ। এ ধারাতে একই ধরনের শাস্তির বিধান আছে। নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। অভিমত: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহতাব খানম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ইভ টিজিং রীতিমতো যৌন নির্যাতন। গণমাধ্যমে অতিপ্রচার এ ধরনের অপরাধ বাড়িয়ে দিতে পারে। চারদিকে এখন অসুস্থ চর্চা চলছে। পাড়ায় পাড়ায় আগের মতো পাঠাগার বা সাংস্কৃতিক সংগঠনগুলো নেই। সুস্থ পরিবেশে ছেলেমেয়েদের মেশার সুযোগ করে দিতে হবে।