স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচিতে এক বছরে ১৫১ কোটি টাকার আর্থিক অনিয়ম ধরা পড়েছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, এর অধীন অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ, জেলা হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় এই অনিয়মের সঙ্গে জড়িত। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের নীরিক্ষা প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচি (এইচপিএনএসডিপি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কর্মসূচি। ৩২টি কার্য পরিকল্পনার (অপারেশনাল প্ল্যান—ওপি) মাধ্যমে এই কর্মসূচি সারা দেশে বাস্তবায়িত হচ্ছে। নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, কর্মসূচিতে অবাধে অনিয়ম চলছে।মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, উচ্চপর্যায়ের সায় না থাকলে এ ধরনের ব্যাপক আর্থিক অনিয়ম সম্ভব নয়। এসব অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতা আছে চিকিৎসক নেতাদেরও। গবেষণার নামে তাঁদের বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছে।মন্ত্রণালয়ের কাগজপত্রে দেখা যায়, প্রায় ৫৭ হাজার কোটি টাকার এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে ২০১১ সালের জুলাইয়ে, শেষ হবে ২০১৬ সালের জুনে। ২০১১-১২ অর্থবছরে ৩২টি ওপির জন্য বরাদ্দ ছিল দুই হাজার ২৮৪ কোটি টাকা। এর মধ্যে খরচ হয়েছে এক হাজার ৯৯২ কোটি টাকা।কর্মসূচিতে বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থার আর্থিক সহায়তা আছে। সিএজির ফাপাদ (ফরেন এইডেড প্রজেক্টস অডিট ডিরেক্টরেট) এই নিরীক্ষা করে। গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ওপির আটটি কার্যালয়ে এবং মাঠপর্যায়ের নিরীক্ষা করে ফাপাদের দল। এতে তারা কমপক্ষে ১৫১ কোটি টাকার অনিয়ম চিহ্নিত করে। নিরীক্ষা প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবিরকে দিয়েছে সিএজি। আর অনুলিপি দিয়েছে বিশ্বব্যাংককে। হুমায়ুন কবির নিরীক্ষা প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে দেখা হচ্ছে। অনিয়ম-দুর্নীতি প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের অবশ্যই শাস্তি পেতে হবে।দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম চিহ্নিত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং দোষী ব্যক্তিদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, দুর্নীতির ধরন দেখে বোঝা যায়, কর্মসূচিতে কোনো নিয়ন্ত্রণ নেই। এতে অর্থের অপচয় হচ্ছে। মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না।কোটি টাকার ফটোকপি: রাজধানীর মহাখালীর কাছাকাছি তিনটি প্রতিষ্ঠান ফটোকপির জন্য এক বছরে এক কোটি পাঁচ লাখ ৩৩ হাজার ৩২০ টাকা খরচ করেছে। প্রতিটি প্রতিষ্ঠানেই ফটোকাপির পর্যাপ্তসংখ্যক যন্ত্র থাকার পরও তারা এই অর্থ খরচ দেখিয়েছে। নিরীক্ষা প্রতিবেদন এই খরচকে অযৌক্তিক ও সরকারি অর্থের অপব্যয় বলছে।একটি প্রতিষ্ঠানের মূল ব্যক্তি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ। তিনি ‘অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ’ ওপিরও লাইন ডিরেক্টর। নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, এক বছরে এই ওপিতে ৯৬ লাখ ৬০ হাজার টাকার ফটোকপি করা হয়েছে। এই বিপুল পরিমাণ ফটোকপি করার জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি। আবার মহাপরিচালকের কার্যালয়ে ফটোকপির দুটি যন্ত্রও সচল ছিল।সিফায়েত উল্লাহ প্রথম আলোর সঙ্গে আলাপকালে এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ব্যাখ্যা দেওয়ার জন্য তাঁকে সহায়তা করেন উপকর্মসূচি ব্যবস্থাপক এ কে এম জাফরুল্লাহ। জাফরুল্লাহ বলেন, প্রশিক্ষণের জন্য এত ফটোকপির দরকার ছিল।জনস্বাস্থ্য পুষ্টিপ্রতিষ্ঠানের পরিচালক মো. এখলাসুর রহমান ‘জাতীয় পুষ্টিসেবা’ (এনএনএস) ওপির লাইন ডিরেক্টর। তাঁর কার্যালয়ে ফটোকপির পাঁচটি যন্ত্র সচল আছে। তার পরও ছয় লাখ ৩০ হাজার টাকা খরচ করা হয় ফটোকপিতে। তিনিও বলেছেন, প্রশিক্ষণের জন্য ফটোকপির দরকার ছিল।প্রকল্পের কাজ করার জন্য ফটোকপির পর্যাপ্তসংখ্যক যন্ত্র আছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) প্রকল্পে। তার পরও এই প্রকল্পে দুই লাখ ৪৩ হাজার ৩২০ টাকার ফটোকপি করা হয়। এই ওপির লাইন ডিরেক্টর বে-নজির আহমেদ।অন্যদিকে নিজেদের ছাপার যন্ত্র থাকার পরও ‘হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন’ ওপিতে ৩৭ লাখ ২০ হাজার টাকা খরচ করা হয়েছে পোস্টার ছাপাতে। এর জন্য কোনো দরপত্র চাওয়া হয়নি। ক্রয়বিধি মানা হয়নি। ওই সময় মো. আনোয়ার হোসেন ও আবদুল ওয়াহিদ আখন্দ লাইন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন।অতিরিক্ত মহাপরিচালকদ্বয়: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদের কক্ষে ঢোকার আগে বায়োমেট্রিক অফিস অ্যাটেন্ডেন্স সিসটেম চোখে পড়ে। উপস্থিতির হিসাব রাখতে এই যন্ত্র ব্যবহার করা হয়। আবুল কালাম এ রকম ১২২টি যন্ত্র তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে কিনেছিলেন ৩৩ লাখ ৭০ হাজার ৮০০ টাকায়। জানা গেছে, যন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে না।ফাপাদের নিরীক্ষা প্রতিবেদন বলছে, কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, সরকারি ক্রয়বিধি মেনে যন্ত্রগুলো কেনা হয়নি। আবুল কালামের বিরুদ্ধে আরেকটি অভিযোগ, একটি কেনাকাটায় যন্ত্রপাতি হাতে পাওয়ার আগেই ২৮ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা সরবরাহকারী প্রতিষ্ঠানকে তিনি দিয়েছিলেন। নিরীক্ষা চলার সময়ও যন্ত্রপাতি নিরীক্ষক দলের চোখে পড়েনি।আবুল কালাম আজাদের দাবি, যন্ত্রগুলো তিনি কেনেননি। অন্য অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ২০১১-১২ অর্থবছরের ক্রয় নিশ্চিত করার জন্য এটা করা হয়েছিল।পেশায় থাকাকালে প্রশিক্ষণের বিষয়টি দেখেন অন্য অতিরিক্ত মহাপরিচালক এ এফ এম সাইফুল ইসলাম। দেশের বাইরে প্রশিক্ষণে ১৪ জনের অংশগ্রহণের খরচ দেখানো হয়েছে। খরচ ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা করে নিরীক্ষক দল নিশ্চিত হয়েছে, বিদেশে গিয়েছিলেন আসলে ১২ জন। অন্য দুজনের জন্য খরচ দেখানো হয়েছে ১০ লাখ ৫১ হাজার ৭৩০ টাকা। ফাপাদ ওই টাকা উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।সাইফুল ইসলাম বলেন, যে চিকিৎসকের কারণে অর্থের অপচয় হয়েছে, তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে।মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কর্মকর্তারা মনে করেন, কর্মকর্তারা আর্থিক চুক্তি, ওপির বিধিবিধান, আর্থিক বিধিবিধান ও আইন মানছেন না। তাঁদের ওপর কারও নিয়ন্ত্রণ নেই। হিসাব নিরীক্ষার ব্যবস্থাও নেই। অন্যদিকে আর্থিক ব্যবস্থাপনা দুর্বল। হিসাবপত্র ঠিকমতো রাখা হয় না। নজরদারি ও মূল্যায়নের ব্যবস্থা নেই। এসব কারণে আর্থিক দুর্নীতি হচ্ছে।টিআইবি গত ডিসেম্বরে সেবা খাতের দুর্নীতির তথ্য প্রকাশ করেছিল। তাতে বলা হয়েছিল, অন্যান্য সেবা খাতে দুর্নীতি কমলেও স্বাস্থ্য খাতে কমেনি।হাসপাতালে অনিয়ম: দেশের সব সিভিল সার্জন কার্যালয়, জেলা হাসপাতাল বা সরকারি মেডিকেল কলেজে নিরীক্ষা করা সম্ভব হয়নি ফাপাদের। তবে, যেখানে নিরীক্ষা করেছে, সেখানেই অনিয়ম ধরা পড়েছে।ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালের ৫ থেকে ১১ তলা পর্যন্ত নির্মাণে ১৬ কোটি ৯১ লাখ টাকার কাজ দেওয়ার সময় অনিয়ম হয়েছিল। প্রকল্প পরিচালক আবদুল করিম খান দরপত্র ছাড়াই দুটি প্রতিষ্ঠানকে এই কাজ দিয়েছিলেন।করিম খান বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেনা সদর দপ্তর।মাগুরা সদর হাসপাতাল, যশোর ও কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বাজারদরের চেয়ে বেশি দাম দিয়ে চিকিৎসাসামগ্রী কিনেছিল। যেমন: বাজারে যে তুলার দাম (৪০০-৪৫০ গ্রাম) ৬৫ টাকা ছিল, কর্তৃপক্ষ তা কিনেছিল ১৪৯ টাকায়। এ ধরনের কেনাকাটায় তিন প্রতিষ্ঠান সরকারের ৮১ লাখ ৯৯ হাজার ৬৫১ টাকার ক্ষতি করেছিল।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক পরিচালক আমিনুল ইসলাম মণ্ডল একই সময়ে ১৫ লাখ ৭৫ হাজার টাকার সেফট্রিক্সান ২৫০ এমজি ইনজেকশন কিনেছিলেন। হাসপাতালে ওই ইনজেকশনের কোনো দরকার ছিল না। বরাদ্দ না থাকলেও খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০ লাখ টাকার এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ৬৪ লাখ ২৮ হাজার টাকার ওষুধ কেনা হয়।পিছিয়ে নেই প্রকৌশলীরা: সরকারের গণপূর্ত বিভাগের প্রকৌশলীরাও স্বাস্থ্য খাতের নির্মাণকাজে যুক্ত হয়ে নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। যশোর মেডিকেল কলেজের একাডেমিক ভবন নির্মাণের অপ্রয়োজনীয় অতিরিক্ত কাজ করে সরকারের দুই লাখ ৮৬ হাজার টাকার ক্ষতি করেছেন নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার বিশ্বাস। খুলনার নির্বাহী প্রকৌশলী জাফর আহমেদ খান বরাদ্দ না থাকলেও দুই লাখ ৮১ হাজার টাকা ‘আকস্মিক খরচ’ দেখিয়েছেন।মুখ বন্ধ করতে টাকা: সিফায়েত উল্লাহর কার্য পরিকল্পনা (ওপি) থেকে ১৪ জন চিকিৎসককে ৮১ লাখ টাকা দেওয়া হয়েছে গবেষণার নাম করে। ১৪ জনের মধ্যে আছেন আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও স্বাচিপের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ জাকারিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক বায়েজিদ খুরশিদ রিয়াজ, ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ইসমাইল খান, বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক আবু রায়হান। এঁদের কোনো গবেষণা প্রতিবেদন সিফায়েত উল্লাহর হাতে পৌঁছায়নি।গবেষণাকাজের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। প্রতিটি গবেষণার জন্য পাঁচ থেকে সাত লাখ টাকা দেওয়া হয়। এ নিয়ে কোনো নীতিমালাও নেই। কিসের ভিত্তিতে এঁরা গবেষণার কাজ পেলেন জানতে চাইলে জাফরুল্লাহ বলেন, মহাপরিচালক নিজের ক্ষমতাবলে এসব কাজ দিয়েছেন।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অনিয়মের ব্যাপ্তি দেখে মনে হয়, অনেক মানুষ এর সঙ্গে জড়িত। স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচির পুরোটাই নিরীক্ষা করা দরকার। তিনি বলেন, নিরীক্ষা প্রতিবেদন নিয়ে সংসদে ও সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হওয়া দরকার।