এক বছরে ৬১৭ মামলা, সাজা পায়নি কেউই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর রাজধানী ও এর আশপাশের এলাকায় সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে ৬১৭টি। এর মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে ২১৯টি মামলা শেষ করেছে পুলিশ। অভিযোগপত্র হয়েছে ২৪১টির। ফলে কোনো অভিযুক্তই সাজা পায়নি। ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত সূত্রে গতকাল সোমবার এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, গত বছর যে ১৯টি মামলা নিষ্পত্তি হয়েছে, এগুলো ২০০৮ সালের বা তারও আগের। ১৯টি মামলার মধ্যে আটটিতে আসামি খালাস পেয়ে গেছে। ভুক্তভোগী ও প্রশাসন বলছে, এ জন্য দায়ী দুর্বল আইন।সিএমএম আদালতের উপপুলিশ কমিশনারের অফিস সূত্রে জানা গেছে, ১৯টি মামলার মধ্যে সাজা হওয়া ১১টিতেই সামান্য কিছু অর্থদণ্ড দেওয়া হয়েছে, একজনেরও কারাদণ্ড হয়নি। এ কারণেই গত সাত দিনে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হওয়ার ঘটনার পর থেকে বিদ্যমান আইনকে যুগোপযোগী করার বিষয়টি গুরুত্ব দিয়ে সামনে এনেছে ভুক্তভোগী পরিবারগুলো। প্রশাসনও মনে করে, অপরাধের তুলনায় লঘু দণ্ডের বিধান থাকায় চালক বা মালিকেরা ভয় পান না।সাধারণত গাড়িচাপায় মৃত্যুর ক্ষেত্রে দণ্ডবিধির ৩০৪(খ) ধারায় মামলা হয়। এর সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ড। এটি জামিনযোগ্য অপরাধ।আদালত সূত্রে জানা যায়, গত বছরের তদন্ত শেষ হওয়া মামলার ৪৮ শতাংশের ক্ষেত্রেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। অর্থাত্ পুলিশ আদালতকে জানায়, এসব অভিযোগের সত্যতা মেলেনি। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে মামলা নিতে থানার অনাগ্রহ, অভিযোগপত্র না দিয়ে চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে মামলা সমাপ্ত ঘোষণা করা, জামিনযোগ্য ধারায় মামলা করার মতো বিষয়গুলোর সঙ্গে পুলিশের সম্পৃক্ততার কথা স্বীকার করেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা। তিনি বলেন, লঘু দণ্ড নির্ধারিত থাকায় মামলার পুরো প্রক্রিয়াকে ঝামেলা মনে করেন অনেক কর্মকর্তা। অভিযোগ প্রমাণিত হলেও জরিমানার পরিমাণ অল্প হওয়ায় কয়েক মাসের ভেতর মীমাংসা হয়ে যায়। সাজার পরিমাণ বাড়িয়ে এসব মামলা জামিন অযোগ্য হিসেবে ঘোষণা করা গেলে এ ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবেদনের হার কমে আসবে। পরিবহন মালিক সমিতির প্রভাবের কথাও উল্লেখ করেন তিনি। ২০০৭ সালে সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর অভিভাবকেরা জানান, ঘটনার দুই মাসের মধ্যে অভিযুক্ত চালকের জামিন হয়ে যায়। মামলার সে সময়ের তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এমরানুল কবীর তাঁদের জানিয়েছেন, সরকার মামলাটির (ধানমন্ডি, মামলা নং-৩২) দায়িত্ব নিয়েছে। পরে আর কোনো খবর পাননি তাঁরা। এভাবেই মামলাগুলো সমাপ্ত করে পুলিশ।নিরাপদ সড়কের জন্য সবার আগে পৃথক একটি আইন প্রণয়নের কথা বলেন সাংসদ তারানা হালিম। বড় বোনের ছেলে সাইফ আহমেদ অর্ণব (২০) দুই মাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি ভুক্তভোগী পরিবারগুলোকে সঙ্গে নিয়ে পৃথক আইনের দাবি জানান। তবে পুলিশ বলছে, আইনটি যুগোপযোগী করেও সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন নিশ্চিত করা যেতে পারে। পাশাপাশি রাস্তায় এলোমেলো গাড়ি চালানো এবং মোটরযান আইন অমান্যকারীর সাজা সম্পর্কে প্রচার চালাতে হবে বলেও মনে করেন তিনি।