পরিবার পরিকল্পনা অধিদপ্তর এক বছরেরও বেশি সময় আগে জনসংখ্যানীতির প্রাথমিক খসড়া তৈরি করেছিল। তবে প্রতিষ্ঠানটি আজ পর্যন্ত এই নীতি চূড়ান্ত করতে পারেনি। খসড়া জনসংখ্যানীতি নিয়ে দেশের সব বিভাগে আলাদা কর্মশালা করার পর তা চূড়ান্ত করার কথা ছিল। গত এক বছরে ঢাকার কর্মশালাগুলো করতে পারেনি অধিদপ্তর। এসব কর্মশালা কবে হবে, তা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছে না।সরকার বলছে, দেশে প্রতি বর্গকিলোমিটারে ৯২০ জন বাস করে। জনঘনত্ব বেশি এমন দেশের তালিকার ওপরে আছে বাংলাদেশ। জনসংখ্যার কারণে দেশের বনভূমি ও চাষযোগ্য জমি কমছে, বায়ু ও পানিদূষণ বাড়ছে, পানীয় জলের অভাব তীব্র হচ্ছে, বেকারত্ব ও অপুষ্টি বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলাদেশের উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি আনা সম্ভব হবে না।বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিশাল জনগোষ্ঠী উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। অথচ জনবিস্ফোরণ নিয়ন্ত্রণে সরকারি পর্যায় থেকে অতটা আন্তরিক উদ্যোগ নেই। এ অবস্থায় জনসংখ্যার ব্যবস্থাপনায় একটি যুগোপযোগী নীতিমালা থাকা খুবই জরুরি।আগের জনসংখ্যানীতি হয়েছিল ২০০৪ সালে, জোট সরকারের আমলে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জনসংখ্যানীতি যুগোপযোগী করার জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এই কমিটিতে অধিদপ্তরের ছয়জন পরিচালক ছাড়াও জনসংখ্যা বিষয়ে কাজ করেন এমন গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন। ২০০৯ সালের প্রথম দিকে জনসংখ্যানীতির খসড়া তৈরির সময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন আবদুল কাইয়ুম। খসড়া নীতিতে ছোট পরিবারকে উৎসাহিত করার জন্য বেশ কিছু প্রস্তাব করা হয়েছিল। এ ছাড়া মা ও শিশুস্বাস্থ্য নিশ্চিত করতেও অনেকগুলো উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছিল।কেন এক বছরেরও বেশি সময়ে নীতিটি চূড়ান্ত করা গেল না, জানতে চাইলে আবদুল কাইয়ুম বলেন, খসড়া করে এ বিষয়ে সবার মতামত নিতে ছয়টি বিভাগীয় কর্মশালা হয়েছে। ঢাকায় তিনটি কর্মশালা হওয়ার কথা ছিল। এর মধ্যে একটি কর্মশালা থাকবে সবার জন্য উন্মুক্ত। আরেকটি কর্মশালা হবে জনসংখ্যা বিষয়ে বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এ বিষয়ে কর্মরত পেশাজীবীদের নিয়ে। আর অন্যটি হওয়ার কথা জনসংখ্যা বিষয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে। এই তিনটি কর্মশালায় যেসব মতামত পাওয়া যাবে, সেগুলো সমন্বয় করে নীতিটি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, নানা কারণে ঢাকার এই কর্মশালাগুলো হতে পারেনি।বর্তমানে অধিদপ্তরের মহাপরিচালক দিলরুবা প্রথম আলোকে জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হককে খসড়াটি দেওয়া হয়েছে। মন্ত্রী সময় দিলেই বিভাগীয় ও জাতীয় কর্মশালা করা হবে। জাতীয় গুরুত্বপূর্ণ এই নীতি চূড়ান্ত করতে এত সময় কেন লাগছে—এমন প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন, ‘এসব করতে তো একটু দেরিই হয়।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান এ কে এম নূর-উন-নবী প্রথম আলোকে বলেন, যেকোনো নীতি যুগোপযোগী করার প্রয়োজন হয়। সেই দিক থেকে এই নীতিরও পরিবর্তন-পরিবর্ধন দরকার। তিনি বলেন, ২০০৪ সালের জনসংখ্যানীতিতে কোনো কর্মপরিকল্পনা ছিল না। সেই দিক থেকে একটি নতুন নীতিমালা জরুরি হয়ে পড়েছে। কারণ নীতিমালা না থাকলে কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, ‘নতুন নীতি তৈরি করতে কত সময় লাগছে, সেটাই একমাত্র দেখার বিষয় নয়। নীতিমালায় কী লেখা হয়েছে, সেটাও সব দিক থেকে ঠিকঠাক আছে কি না, তা-ও দেখা দরকার।’খসড়াটিতে যা আছে: খসড়ায় এক সন্তানের দম্পতিকে চাকরি, সরকারি সহায়তা, সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। নীতিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের নতুন স্লোগান ঠিক করা হয়েছে, ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।’অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, জনসংখ্যার চাপ যে ভয়াবহ আকার নিচ্ছে, তাতে আইন করে বেশি সন্তান নেওয়া নিষিদ্ধ করার প্রয়োজনও দেখা দিতে পারে। এর প্রাথমিক ধাপ হিসেবে রাষ্ট্রীয় কাঠামোতে এক সন্তানের দম্পতিদের চাকরি, ঋণ, সরকারি সহায়তা, সন্তানদের স্কুলে ভর্তিসহ নানা ক্ষেত্রে সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে মানুষ কম সন্তান নিতে উৎসাহী হবে।নতুন খসড়ায় গ্রহীতামুখী সেবার কথা বলা হয়েছে। এর মাধ্যমে সরকার পরিবার পরিকল্পনাসামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি সেবার গুণগত মান ও পরিধি বাড়ানোর ওপর জোর দিয়েছে। দেশে জন্মনিয়ন্ত্রণসামগ্রী উৎপাদনের কথাও নীতিতে বলা হয়েছে। নীতি বাস্তবায়নের কৌশল হিসেবে এলাকাভিত্তিক পরিকল্পনা ও কর্মকৌশল নির্ধারণ, আচরণ পরিবর্তন, যোগাযোগ ও কিশোর-কিশোরীদের নিয়ে কার্যক্রম জোরদার এবং এনজিও ও ব্যক্তি খাতের অংশগ্রহণ বাড়ানোর কথা বলা হয়েছে।খসড়া নীতিতে বলা হয়েছে, জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে লক্ষ্য অর্জন করতে হলে জনসংখ্যা কার্যক্রমে পুরুষের অংশগ্রহণ বাড়াতে হবে। তাই নারী-পুরুষের সম-অংশীদারির প্রস্তাব করা হয়েছে খসড়ায়।লক্ষ্যমাত্রা নবায়ন: এত দিন কার্যক্রম চলছিল ২০০৪ সালের জনসংখ্যানীতি সামনে রেখে। ওই নীতিতে ২০১০ সালের মধ্যে প্রতিস্থাপনযোগ্য জন-উর্বরতা ও নিট প্রজনন হার-১ (এনএনআর-১: একজন নারী একটি কন্যাসন্তানের জন্ম দেবে) অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তাতে আরও বলা হয়েছিল, ২০১০ সালে এনএনআর-১ হলে ২০৬০ সালে দেশের জনসংখ্যা স্থিতিশীল হবে। অর্থাৎ জন্ম ও মৃত্যুর কারণে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি হবে না। ২০১০ শেষ হতে চলল, কিন্তু লক্ষ্য পূরণ হয়নি।এখন নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। খসড়া নীতিমালায় ২০১৫ সালে এনএনআর-১ অর্জনের কথা বলা হচ্ছে। সেই প্রাক্কলন অনুযায়ী ২০৭০ সালে দেশের জনসংখ্যা স্থিতিশীল হবে। তখন জনসংখ্যা হবে ২৫ কোটি।খসড়ায় বলা হচ্ছে, যেসব মন্ত্রণালয় জনসংখ্যা বৃদ্ধির কারণে ব্যাপকভাবে প্রভাবিত হবে, তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের অংশীদার করা দরকার। খসড়া নীতিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ছাড়া আরও ১৮টি মন্ত্রণালয়ের নাম উল্লেখ করে তাদের কাজ কী হবে, তা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে।