এক বছরেও শেষ হয়নি অধিকতর তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হত্যা হামলার ঘটনায় দায়ের করা মামলাটি দুই মাসের মধ্যে অধিকতর তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছিলেন আদালত। কিন্তু সিআইডি এক বছরেও তদন্ত শেষ করতে পারেনি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মামলায় পাঁচ দফায় এবং হত্যা মামলায় ছয় দফায় অধিকতর তদন্তের সময় বাড়ানো হয়।গত বছরের ৩ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মাসদার হোসেন ২১ আগস্টের মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তারা দ্রুত কাজ করছেন। আগামী ৩ অক্টোবরের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে বলে আশা করা যায়। সিআইডির সর্বশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ বিস্ফোরক আইনে এবং ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন হত্যা মামলায় যথাক্রমে আগামী ৩ অক্টোবর এবং ২২ নভেম্বর অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়। মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, আগের অভিযোগপত্রে কারা এই হামলার পরিকল্পনাকারী ও আর্জেস গ্রেনেড সংগ্রহ ও সরবরাহকারী, তা আসেনি। তাই আর্জেস গ্রেনেডের উেসর তথ্য, সংগ্রহ ও সরবরাহকারীদের বের করতে অধিকতর তদন্তের আবেদন করা হয়। এ বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়া গেছে।মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দ জানান, তদন্ত কবে শেষ হবে, সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে আদালত থেকে আরও দুই মাসের সময় নেওয়া হয়েছে। এর মধ্যে শেষ না হলে পুনরায় সময় বাড়ানোর আবেদন করা হবে।