এক বছরের ওষুধে চলে চার মাস
শরীয়তপুর সদর হাসপাতাল, পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৮টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের জন্য বার্ষিক বরাদ্দকৃত ওষুধে চার মাসের বেশি চালানো যায় না।সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৮-০৯ অর্থবছরে শরীয়তপুর সদর হাসপাতালে ২৫ লাখ, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ লাখ ২৫ হাজার, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে ৭৫ হাজার টাকার ওষুধ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৫ ভাগ ওষুধ সরকার নির্ধারিত এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড সরবরাহ করে। বাকি ২৫ ভাগ ওষুধ স্থানীয় ঠিকাদারের কাছ থেকে ক্রয় করা হয়। সরবরাহ করা এ ওষুধে বছরের চার মাসের বেশি রোগীদের দেওয়া যায় না। স্বাস্থ্য মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে জানিয়েছে, ২০০৯-১০ অর্থবছরে শরীয়তপুর সদর হাসপাতালে ৫০ লাখ, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় লাখ ৩০ হাজার টাকা ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে এক লাখ টাকার ওষুধ বরাদ্দ দেওয়া হবে, যা এখনো কার্যকর করা হয়নি। চলতি অর্থবছর থেকে স্থানীয়ভাবে ওষুধ কেনা বন্ধ করে দিয়েছে সরকার। এসেনশিয়াল ড্রাগ কোম্পানি ও কেন্দ্রীয় ঔষধাগার ওষুধ সরবরাহ করবে।সিভিল সার্জন চিত্তরঞ্জন প্রামাণিক বলেন, ‘হাসাপাতালে ওষুধের বরাদ্দ কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করা হয়। শরীয়তপুরের জনসংখ্যা অনুযায়ী ওষুধের বরাদ্দ খুবই কম। যা বরাদ্দ পাওয়া যায়, তা দিয়ে চার মাসের বেশি চালানো সম্ভব নয়।’