এক বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণে কুয়াশা কেটে যাবে। আমি দৃঢ়তার সঙ্গেই বলছি, আগামী এক বছরের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হবে।’আজ সোমবার সেতু ভবনে মালয়েশিয়া সরকারের বিশেষ দূত এইচ ই দাতো সেরি এস সামি ভেলির নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে যথাসময়ে অচলাবস্থার অবসান না হলে পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়া বা অন্য যেকোনো দেশের সঙ্গে চুক্তি করা হবে। পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়া আগ্রহ প্রকাশ করেছে বলেও তিনি জানান।পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকসহ অন্য দাতা সংস্থাগুলো ঋণের সময়সীমা ছয় মাস বৃদ্ধি করেছে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, এ সময়ের মধ্যে সরকার সব শর্ত পূরণ করতে পারলে এবং দাতারা সত্যিকারের আশ্বাস দিলে দুই পক্ষের মধ্যে বৈরিতা থাকবে না। ওবায়দুল কাদের মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়া সরকার গভীর আগ্রহ দেখিয়েছে। তাদের অফার পেয়েছি। কিছু আনুষ্ঠানিকতা আছে। বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করব আমরা।’বৈঠকে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগে অর্থায়ন স্থগিত করে। তাদের এ অভিযোগের তদন্ত করছে দুদক, বিশ্বব্যাংক ও কানাডা পুলিশ।৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। বাকি অর্থের জোগান দেবে সরকার।