প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দিন বদলের সনদ বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সরকার গঠন করেছিলাম, তার এক বছর পূর্ণ হতে চলেছে। এই এক বছরে আমাদের সাফল্য আর ব্যর্থতা বিচারের ভার জনগণের হাতে ছেড়ে দিচ্ছি। তবে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব অর্থনীতির মন্দাসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করে আমি ও আমার সহকর্মীরা দুর্নীতিমুক্ত থেকে গণমানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে চলেছি।’আজ শনিবার দুপুরে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৫১তম জাতীয় সম্মেলন উদ্বোধনের সময় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সাল থেকে ২০০২ সালের চারদলীয় জোট সরকারের এক বছর এবং গত এক বছরের শাসনামল তুলনা করলে পরিবর্তনের পার্থক্যটা সবাই বুঝতে পারবেন। গত এক বছরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার চেষ্টা করেছি। সাধারণ মানুষ ও ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করিনি, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করেছি।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সরকারের দায়িত্ব নেওয়ার সময় মোটা চালের কেজি ছিল ৪৫ টাকা। এখন তা ২০ টাকা থেকে ২২ টাকায় নামিয়ে এনেছি। মুদ্রাস্ফীতি ১১ ভাগ থেকে তিন ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। বিশ্বমন্দা মোকাবিলা করে অর্থনীতির চাকা সচল রেখেছি। দেশের রিজার্ভ হাজার কোটি ডলারের ওপরে। বর্তমানে খাদ্য মজুত ১১ লাখ মেট্রিক টনের বেশি। তাই যেকোনো দুর্যোগ মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।’প্রধানমন্ত্রী প্রযুক্তিগত উন্নয়ন অব্যাহত রাখার জন্য প্রকৌশলীদের সহায়তা কামনা করে বলেন, বিশ্বায়ন ও মুক্তবাজারের বর্তমান যুগে প্রযুক্তিবিদ ও যোগ্য প্রকৌলশীদের নেতৃত্বের বড় প্রয়োজন। বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষা ও প্রকৌশল পেশার মানও বিশ্বমানের হওয়া উচিত। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেসবাহুর রহমান টুটুল এবং চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক সাদেক মোহাম্মদ চৌধুরী। ঘন কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ের প্রায় তিন ঘণ্টা পর বেলা একটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনস্থলে আসেন। এ জন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেন।