এক বছরের সেশনজটের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা সেশনজটে হাবুডুবু খাচ্ছেন। ভেঙে পড়েছে গর্বের ওই প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সবার আগে ভর্তি-প্রক্রিয়া শুরু করা মেধাবীদের এই পছন্দের প্রতিষ্ঠানটি এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারায় হাজার হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা সিদ্ধান্তহীনতায় পড়েছেন। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে ছয় মাস ধরে সেশনজট লেগে আছে। চার বছরের সম্মান কোর্স শেষ করতে সাড়ে চার বছরের মতো সময় লেগে যাচ্ছে। চলমান আন্দোলনের কারণে এই জট আরও বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে, সেশনজট এক বছর পর্যন্ত গড়াবে। গত এপ্রিল থেকেই বুয়েটের শিক্ষা কার্যক্রম কার্যত অচল হয়ে আছে। এর ফলে সৃষ্ট সেশনজটে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন ধরতে পারবেন না বুয়েটের শিক্ষার্থীরা। আগামী নভেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ সম্পন্ন না হলে বুয়েটের শিক্ষার্থীরা বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়ের আসন্ন সেশন ধরতে পারবেন না। বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষার কাজ এক সপ্তাহ পরে শুরু করলেও কোনো সমস্যা হবে না। ঠিক সময়েই পরীক্ষা নেওয়া যাবে। আর ক্লাস-পরীক্ষা পিছিয়ে যে ক্ষতি হয়েছে, তা বাড়তি ক্লাস নিয়ে পুষিয়ে দেওয়া সম্ভব।’ বুয়েটের বর্তমান উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের বিরুদ্ধে ১৬টি অনিয়মের অভিযোগ এনে তাঁদের সরিয়ে দেওয়ার দাবিতে কয়েক মাস ধরেই আন্দোলন করছে বুয়েট শিক্ষক সমিতি। এই দাবিতে গত ৭ এপ্রিল থেকে শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। এরপর থেকে সেই যে সংকটের শুরু, তা অব্যাহত রয়েছে। শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা পড়েছেন দুশ্চিন্তায়।যন্ত্রকৌশল বিভাগের ০৭ ব্যাচের (সম্মান শেষ বর্ষ) এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘স্বাভাবিক অবস্থা হলে এখন আমাদের চূড়ান্ত পরীক্ষা শেষে চাকরিজীবনে থাকার কথা ছিল। কিন্তু এই অস্বাভাবিক পরিস্থিতির কারণে এখনো আমাদের ক্লাসই শেষ হয়নি। কবে ক্লাস শেষ করে পরীক্ষা দিতে পারব সেটাও বলতে পারছি না।’ আরেক শিক্ষার্থী জানান, গতবার ভর্তি হওয়া শিক্ষার্থীদের এখন দ্বিতীয় টার্ম পরীক্ষা হওয়ার কথা ছিল, এখনো তাঁরা প্রথম টার্ম পরীক্ষাই দিতে পারেননি। উল্লেখ্য, বুয়েটে বছরে ছয় মাস পর পর দুটি টার্ম পরীক্ষা হয়।বুয়েটের এই অস্বাভাবিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি অনিশ্চিয়তা দেখা দিয়েছে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায়। অন্যান্যবার যেখানে সবার আগে বুয়েটের ভর্তি কার্যক্রম শুরু হতো, সেখানে এবার ভর্তিপ্রক্রিয়াও শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সবার আগে ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলে একাডেমিক কাউন্সিলের সভা ডাকতে হয়। কিন্তু শিক্ষকেরা বর্তমান উপাচার্য ও সহ-উপাচার্যের ডাকা বৈঠকে না যাওয়ার সিদ্ধান্তে একাডেমিক কাউন্সিলের সভাও হচ্ছে না। কয়েক দফা এই সভার তারিখ ঠিক করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। সর্বশেষ গতকাল সোমবার এই সভা হওয়ার ঘোষণা দেওয়া হলেও তা স্থগিত করে কর্তৃপক্ষ। এ কারণে কবে থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হবে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে বুয়েটের সাবেক শিক্ষক ও বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জামিলুর রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, বুয়েটের স্বার্থে সবার আগে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা দরকার। আর এ জন্য বর্তমান উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়া উচিত। কারণ ৯০ শতাংশের বেশি শিক্ষক ও হাজারো শিক্ষার্থী তাঁদের চান না।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আশা করছি দ্রুতই বুয়েট সংকটের সমাধান হবে।’