এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর পাথর কোয়ারি থেকে গতকাল শুক্রবার সকালে জাহাঙ্গীর আলম (২৬) নামের এক বাংলাদেশি পাথরশ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।জৈন্তাপুরের চারিকাঠা ইউনিয়নের বাউরবাগ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর শ্রীপুর পাথর কোয়ারিতে কাজ করতেন। আজ শনিবার পর্যন্ত তাঁকে ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় উদ্বিগ্ন শ্রমিকেরা কোয়ারিতে পাথর তোলা বন্ধ করে দিয়েছেন। প্রত্যক্ষদর্শী একজন পাথরশ্রমিক জানান, জাহাঙ্গীর তাঁদের সঙ্গে বাংলাদেশ সীমান্তের কোয়ারিতে পাথর তোলার কাজ করছিলেন। জাহাঙ্গীর বাংলাদেশ সীমান্তের ভেতরে থাকলেও বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায়। শ্রীপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে পাথর কোয়ারিতে শ্রমিকেরা পাথর তোলার কাজ করছিলেন। এ সময় বিএসএফের একটি দল বাংলাদেশ সীমানা অতিক্রম করার অভিযোগে জাহাঙ্গীরকে ধরে নিয়ে যায়। শ্রমিকেরা বিষয়টি তাত্ক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করেন। বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করেও জাহাঙ্গীরকে ফিরে না পাওয়ায় শ্রমিকেরা আজ কোয়ারিতে পাথর তুলতে যাননি। বিজিবির শ্রীপুর ক্যাম্প কমান্ডার জানান, আজ যোগাযোগ করে জানা গেছে জাহাঙ্গীরকে ডাউকি ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাঁকে ফিরিয়ে আনতে হবে।