নামে মিল থাকায় একটি মামলায় তরুণ কান্তি দে নামের এক ব্যক্তিকে আটক করা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি তাঁর জামিনও মঞ্জুর করা হয়েছে।আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। একই সঙ্গে ওই ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ২১ সেপ্টেম্বর ‘শুধু নামের মিল থাকায় নিরপরাধ ব্যক্তির কারাভোগ’ শিরোনামে জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটা যুক্ত করে কারাবন্দী তরুণ কান্তি দের আটকের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিট আবেদনটি করে। আজ ওই আবেদনের ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। ইকবাল কবির প্রথম আলোকে বলেন, শুধু নামে মিল থাকায় তরুণ কান্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এফআইআর অনুসারে মূল আসামির নাম তরুণ কুমার দে। মূল মামলার আসামিকে চিহ্নিত করতে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দেওয়া হয়েছে। তরুণ কান্তির জামিন মঞ্জুর করা হয়েছে। রিট আবেদন থেকে জানা যায়, তরুণ কুমার দে নামের এক ব্যক্তি একটি ছিনতাই মামলায় ২০০৮ সালের ৩ মার্চ গ্রেপ্তার হন। তিনি তিন মাস পর জামিন পান। এর পর থেকে তিনি পলাতক। শুনানি শেষে ওই মামলায় গত বছরের ১০ জানুয়ারি বিচারিক আদালত আসামির তিন বছরের সাজা দেন। এরপর ৯ সেপ্টেম্বর তরুণ কান্তিকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাভোগ করছেন।