এক ভিখারিণীর ছেলের জামিন-গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জজ আদালতের মূল ফটকের ভেতর দিয়ে ঢুকতেই পুলিশের বিশাল কয়েকটি গাড়ি। এগুলো প্রিজন বাস। অর্থাৎ বন্দীদের জেলখানা থেকে আদালত পর্যন্ত আনা-নেওয়া করা হয় এগুলো দিয়ে। প্রতিদিন বেশ কয়েকটা প্রিজন বাস ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে বন্দীদের নিয়ে আসে অনেক সকালেই। আদালত শুরু হওয়ার আগেই। কয়েকটি বাস আছে যেগুলো বিভিন্ন থানা থেকে আটককৃতদের নিয়ে আসে। আইন অনুযায়ী যেকোনো ব্যক্তিকে আটকের পর ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। একে সাধারণত চালান দেওয়া বলে। অভিযুক্ত বন্দীদের পক্ষে জামিন চাওয়া হয় কিংবা হাজিরার দিন ধার্য থাকে। ১০ জুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানি শেষে এক সহকর্মীকে নিয়ে বটতলার দিকে গেলাম। এর একটু সামনেই পুলিশভ্যানগুলো দাঁড়ানো। দুপুর প্রায় একটা বাজে। বেশ কয়েকজন বন্দীকে হাজিরা শেষে গাড়িতে ওঠানো হচ্ছে। গাড়ির চারপাশে স্বজনদের ভিড় প্রিয়জনদের সঙ্গে একটু সাক্ষাতের জন্য। হঠাৎ নজরে পড়ল এক বৃদ্ধা একজন কয়েদিকে জড়িয়ে ধরে চিত্কার করছেন। কান্নার শব্দে এলাকার বাতাস কিছুটা গম্ভীর হয়ে যাচ্ছিল যেন। আমি বৃদ্ধার কাছে এগিয়ে যাই। পুলিশ বলতে থাকে, ‘সময় নাই, গাড়িতে উঠতে হবে।’ মায়ের বুক থেকে বন্দী ছেলেটিকে যেন জোর করে ছিন্ন করা হলো। ছেলেটিকে হাতকড়া পরা অবস্থায় গাড়িতে ওঠানো হলো। ছেলেটি বৃদ্ধাকে গাড়ি থেকে জোরে বলতে থাকে, ‘মা, তুই কান্দিস না, আব্বার যত্ন নিস। আমার জন্য চিন্তা করিস না, জেলখানায় ভালোই আছি।’ গাড়ি ছেড়ে যায়। আমি বৃদ্ধাকে অনুসরণ করে পিছু পিছু যেতে থাকি। একটি বটগাছের ছায়ায় গিয়ে দালানে ঠেস দিয়ে বসে পড়েন বৃদ্ধা। তাঁর চোখ ভেজা, লাল। বিধ্বস্ত করুণ চেহারা। দেখে খুব মায়া হয়। আমি কাছে গিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করি, ‘খালাম্মা, আপনার সঙ্গে একটু কথা বলতে পারি?’ বৃদ্ধা করুণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, ‘বাবা, কী কথা বলতে চাও? আমার পুলাডা কি আর জেল খাইটা বাইর অইব? ওইখানেই ওর মরণ লিখা আছে গো, বাবা। এই দুইনাতে (দুনিয়াতে) আমার আর কেউ নাই। আমি শেষ হইয়া গেছি, বাবা।’বৃদ্ধার কাছে গিয়ে বসলাম। বললাম, ‘আপনার ছেলে কত দিন ধরে জেলে আছে?’—১২ মাস হইয়া গেল। —কেন পুলিশ ওকে আটক করল? মামলা দিল?—সব ষড়যন্ত্র করে দিছে, বাবা। আমার পুলাডা একটা ট্যানারিতে চাকরি করত। আমরা থাকিও হাজারীবাগে। পুলিশের ইনফর্মার (সন্ধানদাতা) পুলাডার কাছে কিছু টাকা চাইছিল। হেয় দেয় নাই। পরে ওরা আমার পুলাডারে খেলনা পিস্তল দিয়া ধরাইয়া দিছে পুলিশের হাতে। পুলিশ অস্ত্র মামলা দিয়া দিছে পরে।—ছেলের বয়স কত?—২৮ বছর হইব।—আপনার ছেলে সত্যি সত্যিই তো অস্ত্র হাতে ফেঁসে যেতে পারে।—না বাবা, হেয় এই কাম করবার পারে না। আমার পুলা যদি সত্যিই সন্ত্রাসী হইত, তাইলে আমি কোনো আফসোস করতাম না। আমার পেটের পুলারে আমি চিনি।—ওর জামিনের জন্য উকিল ধরেছেন?—ধরছি, বাবা। উকিলরে আমি ১৫ হাজার টাকা একবারে দিয়া দিছি। তবু উকিল তারিখে তারিখে টাকা চায়। আমি কই থেকে পামু টাকা?—আপনার স্বামী কী করেন?—আমার স্বামী প্যারালাইসিস হইয়া বিছনায় পইড়া রইছে অনেক দিন ধইরা।—সংসার চলে কীভাবে?—আমি হাজারীবাগ এলাকায় ভিক্ষা করি। ভিক্ষা কইরা যা পাই তা দিয়াই চলি।—আপনার আর ছেলেমেয়ে আছে?—ছেলে আমার একটাই। মেয়ে দুইটা ছিল। বড় মেয়েটা গার্মেন্টসে চাকরি করত। স্বামীর লগে থাকলেও আমাগো টাকা-পয়সা দিয়া চালাইত। ওর ঘরে দুইটা বাচ্চা আছে। মেয়েটা গত কুরবানির ঈদের ১৫ দিন আগে মইরা গেছে। আর একটা মাইয়া আছে। বিয়া হয় নাই। মাইনষের বাড়িতে কাজ করতে পাঠামু মাইয়াডারে। —আপনি প্রতি তারিখেই কোর্টে আসেন?—হ। পুলাডার জামিন করানোর লাইগ্যা চেষ্টা করি। উকিলের পিছে ঘুরি আর পুলাডারেও দেখতে পাই। মনে শান্তি লাগে। প্রতি তারিখেই আশায় থাকি জামিন অইব। কিন্তু জামিন আর অয় না। পুলাডা মাঝেমধ্যে অনেক কান্নাকাডি করে।—মামলা চালাতে আপনার কী ধরনের ভোগান্তি হচ্ছে, বলুন তো?—ভোগান্তির কি আর শেষ আছে! চার নম্বর কোর্টে জজ আছিল না নাকি। তাই শুনানি অয় নাই। দুই-এক মাস পরে ১১ নম্বর কোর্টে পাঠাইছে। ওইখান থাইকা ৯ নম্বর কোর্টে। উকিল জামিনের কথা কয়, কিন্তু জামিন অয় না। শুনানি পিছায়। মাঝেমধ্যে শনিবারেও পড়ে। আমি তো আর বুঝি না শনিবারে ক্যান মামলার তারিখ পড়ে? ধার্য তারিখে তো পুলারে আনন লাগে। আবার পুটআপ দিয়া উকিল মামলা লড়ে। কিন্তু কাম তো অয় না। আল্লা-মাবুদ জানে আর কয়দিন পুলাডা জেলে পইচ্যা মরে। আমার পুলাডা কোনো দোষ না কইরা জেল খাটতাছে। এইডা তো কষ্ট লাগে রে, বাবা। আবার ধার্য তারিখ পরের মাসে। জানি না, আল্লা তাকাইব কি না আমার দিকে।বৃদ্ধার এই এক বছরে আদালতের কার্যক্রম সম্পর্কে অনেক ধারণা যে এসে গেছে, তাঁর মুখের ভাষায় তার প্রমাণ মেলে। আমিও অবাক হই। কথোপকথন চলতে থাকে আরও কিছুক্ষণ।—আপনার ছেলে যে জেলে আছে, আপনার আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা আপনাকে নানা কথা শোনায়? মানে উপহাস করে কি?—কেউ কেউ করে। তবে অনেক মানুষই জানে আমার পুলা ভালা। মিথ্যা মামলায় ফাঁসছে। ওরে তো এলাকায় মাইনষে ছোট থাইকাই দেখতাছে।—আপনার স্বামীর চিকিত্সা করাচ্ছেন না?—না বাবা, এত টাকা কই পামু। যা আছিল, উকিলের পিছেই খরচ করছি।—যদি আরও অনেক দিন জামিন না হয় আপনার ছেলের?—বাবা, এক বছর তো গেল। আমার ধৈর্য হইয়া গেছে। আল্লার কাছে নামাজ পইড়া কান্দি যে আমার পোলারে আর গজব দিও না। আল্লা তো মায়ের ডাক শুনবই।কথোপকথনের মাঝখানে পাশ থেকে এক মহিলা বললেন, ‘উকিল সাব, আর পয়সা নিয়েন না। পুলাডারে ছাইড়া দেন।’ আমার কালো পোশাক আর টাই পরা দেখে ওই মহিলা বুঝতে পেরেছিলেন আমি আইনজীবী। বুকের ভেতর হঠাৎ একটা ঝাঁকুনি খেলাম। হয়তো ওই মহিলাও কোনো ভুক্তভোগী হবেন। আইনজীবীদের মূল্যায়ন কি তাহলে এই রকম ...? এর জন্য গুটিকয়েক আইনজীবী কি দায়ী নন? ভাবতে ভাবতে আবার ওই বৃদ্ধার সঙ্গে কথা বলা শুরু করি। আরও প্রাসঙ্গিক কিছু কথা শেষ করে বিদায় নিই। বৃদ্ধা বলে ওঠেন, ‘আমার উকিল সাব যদি আমারে একটু জজ সাবের সামনে কথা কওনের সুযোগ কইরা দিত, তয় আমি সব ভাইঙ্গা, বুঝাইয়া কইতাম যে আমার পুলা কোনো অপরাধ করে নাই। আমার সোহেল (ছেলের নাম) কোনো অপরাধী না। জজে নিশ্চয়ই পুলাডারে রেহাই দিত।’ই-মেইল : [email protected]