এক মঞ্চে আলমগীর, মৌসুমী, রিয়াজ ও ফেরদৌস
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র-পরিচালক সমিতির ৩০ বছর পূর্তি অনুষ্ঠান পালন করা হবে। ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর এফডিসিতে পরিচালক সমিতির ৩০ বছর পূর্তির এ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের মধ্যে থাকবে শোভাযাত্রা, স্মরণিকার প্রকাশনা, আলোচনা অনুষ্ঠান, জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান বলেন, ‘৩০ বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে প্রথম দিন শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হবে। দ্বিতীয় দিন চলচ্চিত্রের অর্জন, সংকট ও উত্তরণের উপায় নিয়ে থাকবে সেমিনার। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন আমজাদ হোসেন। এ ছাড়া ওইদিন সন্ধ্যায় গুণী ও নতুন প্রজন্মের শিল্পীদের সমন্বয়ে গানের জলসার আয়োজন করা হবে।’আয়োজক সূত্রে আরও জানা গেছে, তৃতীয় দিন বিকেলে থাকবে তিন ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান। এ জন্য একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। আর এই অনুষ্ঠানটি উপস্থাপনার ক্ষেত্রে একটা বড় চমক রাখা হচ্ছে। শহীদুল আলম সাচ্চু এবং এস এ হক অলীকের গ্রন্থনা ও পরিকল্পনায় তিন ঘণ্টার এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন আলমগীর, মৌসুমী, রিয়াজ ও ফেরদৌস। চলচ্চিত্রের এই চার তারকাকে এর আগে আলাদাভাবে উপস্থাপনা করতে দেখা গেলেও এবারই প্রথম এক মঞ্চে দেখা যাবে তাঁদের।এ ব্যাপারে মহম্মদ হান্নান বলেন, ‘চলচ্চিত্র সমিতির ৩০ বছর পূর্তির এই অনুষ্ঠানটি সবাই যাতে সারা জীবন মনে রাখে, সে জন্যই উপস্থাপনার ক্ষেত্রেও আমাদের ব্যতিক্রমী এই আয়োজন। তা ছাড়া চারজনেরই কিন্তু কমবেশি উপস্থাপনার অভিজ্ঞতা রয়েছে।’তিন ঘণ্টার এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাভিশন।