এক মঞ্চে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তিন নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দীর্ঘদিন পর এক মঞ্চে দেখা গেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আফছারুল আমীন ও নুরুল ইসলাম বিএসসিকে।গতকাল বুধবার চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সমাজবিজ্ঞানী অনুপম সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন এবং নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম। তিন নেতার অনুসারীরাও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যের সময় তিন নেতা মঞ্চে পাশাপাশি চেয়ারে বসেন। এ সময় নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন তাঁরা।দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে দুটি সক্রিয় ধারা চলে আসছে। একটি ধারার নেতৃত্বে আছেন সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম-৮ আসনে সাংসদ নুরুল ইসলাম। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনও মহিউদ্দিনের বিপক্ষে অবস্থান নেন।গত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের মনোনয়ন নিয়ে মহিউদ্দিন ও নুরুল ইসলামের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিনের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হয় দলীয় কোন্দলকে। একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও গত সাড়ে তিন বছরে এ দূরত্ব আর কমেনি। শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে তিন নেতা এক মঞ্চে এসেছেন বলে দলীয় সূত্র দাবি করেছে।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অনুপম সেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে পারলেই তাঁর আত্মত্যাগ সার্থক হবে।মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সমস্ত ক্ষোভের অবসান ঘটিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ঈদের পর তৃণমূল পর্যায়ে একযোগে কাজ শুরু হবে।’আফছারুল আমীন বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংঘটিত বিভিন্ন হত্যা মামলার রায় হলে বিএনপি-জামায়াতের অস্তিত্ব বলে আর কিছু থাকবে না।’নুরুল ইসলাম বলেন, ‘জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ করতে গিয়ে আমাদের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তা আগামী দিনে ধরে রাখতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তি নানা কর্মকাণ্ড শুরু করেছে। বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে তারা যুদ্ধাপরাধের বিচার বানচালের চেষ্টা করছে। এটা প্রতিহত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সহসভাপতি সুনীল সরকার, নঈম উদ্দিন চৌধুরী ও মাহতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম ও এম এ রশিদ। উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ও আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন।চট্টগ্রামে গণস্বাক্ষর: বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিতে চট্টগ্রামে গণস্বাক্ষর কর্মসূচি ও সমাবেশ আয়োজন করেছে পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে কর্মসূচির উদ্বোধন করেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী।সমন্বয় পরিষদের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দারের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম।সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সাংবাদিক এম নাসিরুল হক, মোশতাক আহমেদ, এজাজ ইউসুফি ও কবি অভিক ওসমান।