এক মণ লবণেও এক কেজি চাল মিলছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে প্রান্তিক লবণচাষিরা প্রতি কেজি লবণ গড়ে মাত্র এক টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে এক মণ লবণ বিক্রি করে এক কেজি চাল কেনাও সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে জেলার আট উপজেলার ৪৪ হাজারের বেশি চাষি হতাশ হয়ে পড়েছেন। লোকসানের আশঙ্কায় অনেকেই লবণ চাষ বন্ধ করেছেন। লবণচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কক্সবাজার লবণ উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্রে জানা যায়, জেলার আট উপজেলায় লবণ চাষের জমি রয়েছে প্রায় ৬০ হাজার একর। অথচ চলতি মৌসুমে (ডিসেম্বর থেকে এপ্রিল) মাত্র ২০ হাজার একর জমিতে লবণ চাষ শুরু করেন চাষিরা। কিন্তু তাঁরা ন্যায্যমূল্য না পাওয়ায় অন্য চাষিরা লবণ চাষ বন্ধ করে দিয়েছেন। ফলে চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র জানায়, গত মৌসুমে চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের আটটি উপজেলায় প্রায় ৭০ হাজার একর জমিতে লবণ চাষ হয়। বার্ষিক জাতীয় চাহিদা ১৩ লাখ ৪০ হাজার মেট্রিক টনের বিপরীতে লবণ উৎপাদিত হয় প্রায় ১৬ লাখ মেট্রিক টন। চলতি মৌসুমেও লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৭ লাখ মেট্রিক টন। এ বছর দেশে লবণের জাতীয় চাহিদা প্রায় ১৪ লাখ মেট্রিক টন। কিন্তু মৌসুমের প্রায় তিন মাসে লবণ উৎপাদিত হয়েছে মাত্র দেড় লাখ মেট্রিক টন। কক্সবাজার লবণচাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী জানান, গত ডিসেম্বর-জানুয়ারি মাসে প্রতি কেজি লবণ গড়ে দেড় থেকে দুই টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে মাত্র এক টাকায়। প্রতি কেজি লবণ উৎপাদনে গড়ে খরচ হয় প্রায় আড়াই টাকা। সদর উপজেলার চৌফলদন্ডি গ্রামের চাষি মনিরুল ইসলাম জানান, তিন একর জমিতে লবণ চাষ করে গত দুই মাসে তাঁর প্রায় এক লাখ টাকা লোকসান হয়েছে। দাম কম হওয়ায় দেড় একর জমির লবণ এক সপ্তাহ ধরে বিক্রি করতে পারছেন না। খুরুশকুল গ্রামের সিরাজুল ইসলাম (৫২) জানান, মাঠে প্রতিকেজি লবণ গড়ে এক টাকায় বিক্রি হলেও হাটবাজারে তা বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকা। অথচ দামের এই ব্যবধান অনুসন্ধানের জন্য সরকারের কোনো পদক্ষেপ নেই। দেখা গেছে, সদর উপজেলার চৌফলদন্ডি, পোকখালী, ভারুয়াখালীর মতো টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকোরিয়া, পেকুয়া উপজেলার হাজার হাজার একর লবণ চাষের জমি এখনো খালি পড়ে আছে। ভারুয়াখালী ও খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম রহিমুল্লাহ ও আবদুল মাবুদ জানান, দাম না পাওয়ায় চলতি মৌসুমে তাঁদের দুই ইউনিয়নে ১২ হাজার একরের মতো জমি খালি পড়ে রয়েছে। ভারত ও মিয়ানমার থেকে লবণ আনা বন্ধ করে স্থানীয় লবণের নায্যমূল্য নিশ্চিত করা না গেলে চাষিরা আর লবণ চাষের দিকে ঝুঁকবেন না। বর্তমানে এক মণ লবণ বিক্রি করে চাষিরা এক কেজি চালও কিনতে পারছেন না। টেকনাফের শাহপরীর দ্বীপের চাষি মনির উল্লাহ জানান, এখন এক মণ লবণ বিক্রি করে পাওয়া যায় সর্বোচ্চ ৫০ টাকা। এর মধ্যে ১৫ টাকা দালাল-ফড়িয়াদের হাতে তুলে দিতে হয়। অবশিষ্ট ৩৫ টাকা দিয়ে এক কেজি ভালো মানের চালও কেনা সম্ভব হয় নয়। কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি রইছ উদ্দিন জানান, লবণের নায্যমূল্য নিশ্চিত, লবণ বোর্ড গঠন এবং ভারত-মিয়ানমার থেকে লবণ আনা বন্ধের দাবিতে চাষিরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও এ ব্যাপারে যেন কারও মাথাব্যথা নেই। জাতীয় লবণনীতি হলে দেশের চাহিদা মিটিয়ে লবণ বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। বিসিক কক্সবাজার লবণ উন্নয়ন প্রকল্পের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আবদুল বাসেত জানান, চলতি মাসেই জাতীয় লবণনীতি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাঁচ বছর মেয়াদি এই নীতিতে লবণের ন্যায্যমূল্য নিশ্চিতসহ চাষিদের ঋণ সুবিধা, পরিচয়পত্র প্রদান, খাসজমি বরাদ্দ ও উপকূলীয় এলাকায় পরিত্যক্ত জমি লবণ চাষের আওতায় আনার কথা উল্লেখ রয়েছে।