ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশের সংসদ ভবন বিশ্বের স্থাপত্য ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর শিল্পকর্ম। আধুনিকতার চর্চায় মগ্ন শুদ্ধ-স্থপতি লুই আই কান অলংকরণ ও নকশাবর্জিত শুধু নির্মাণসামগ্রীর দৈহিক অভিব্যক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে সৃষ্টি করেছেন এক অনন্য স্থাপত্য। সংসদ ভবন রচনায় কংক্রিটের ভারী দেয়াল ও বিশালতার প্রতি তাঁর আকর্ষণ স্পেসের ব্যবহারিক ভিন্নতাকে একাকার না করে বরং প্রকট ও স্পষ্ট করার প্রবণতা এবং বিশেষ করে সামগ্রিক উপস্থাপনায় কাব্যিক ব্যঞ্জনার প্রতি তাঁর ঐকান্তিক নিষ্ঠা আধুনিক বিশ্বের স্থাপত্য ভাষাকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি করেছে মহৎ। সংসদ ভবনের বহিরাংশের চারপাশের পুরু দেয়ালে ত্রিভুজাকার, বৃত্তাকার ও আয়তাকার বিভিন্ন অতিকায় ছিদ্র এবং দেয়ালের বিশাল জ্যামিতিক গঠনগুলো রচনা করেছে এক অলৌকিক দৃষ্টিনন্দন নীরবতা। স্থপতি কানের কাছে সরকার হচ্ছে মৌলিক এক সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মূল্যবোধকে সম্যকভাবে ধারণ করতে সক্ষম এমনই অর্থবহ একটি স্থাপত্য-কাঠামো সৃষ্টিতে ব্রতী হন স্থপতি কান। সংসদ ভবনের কেন্দ্রে আছে সংসদীয় মূল চেম্বার। মূল চেম্বারের চারদিক ঘিরে আছে অন্যান্য ব্যবহারিক কক্ষ। সব মিলিয়ে কক্ষগুলো যেন সামাজিক এক গোষ্ঠী। আট কোণবিশিষ্ট মূল চেম্বার ঘিরে আছে একটি করিডর বা প্রদক্ষিণপথ, যা অন্য কক্ষগুলোকে আলাদা করে স্পষ্ট রূপ দিয়েছে। আশি ফুট উঁচু এই প্রদক্ষিণপথে চলতে দৃষ্টিগোচর হয় আলো-ছায়ার অপূর্ব খেলা। আর অনুভূত হয় নিশ্চুপতার আধ্যাত্মিক এক সত্তা। স্থপতি কান গণতন্ত্রচর্চার কেন্দ্রবিন্দুর এক প্রতিষ্ঠান হিসেবে সংসদ ভবনের দৈহিক ও আত্মিক অবয়ব এমন নাটকীয়ভাবে উপস্থাপন করেছেন, যেন সংসদ ভবন নিজেই হয়ে উঠেছে রাষ্ট্রের এক শক্তিশালী, অবিচল, সাংকেতিক প্রতিচ্ছবি। সংসদ ভবনের পরিকল্পনায় স্থপতি কান রোমক কেরাকাল্লার স্নানঘর, রেনেসাঁ যুগের ইতালীয় স্থপতি প্যালাডিওর স্থাপত্য, মোগল ঘরানার শ্রেষ্ঠ অবদান তাজমহল ইত্যাদি অনুপ্রেরণা আত্মস্থ করে সম্পূর্ণ এক নতুন স্থাপত্য সৃষ্টি করেন। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ও নদীমাতৃক দেশ। বাংলাদেশের এই ভৌগোলিক প্রকৃতিকে সামনে রেখে সংসদ ভবনকে কান করেছেন পানিবেষ্টিত। ভবনটির দক্ষিণ ও উত্তরে দুটি ইটের তৈরি বিশাল চত্বর রয়েছে। ভবনটি হালকা ছাই রঙের আস্তরবিহীন কংক্রিটের দেয়ালে নির্মিত। যার গায়ে পাঁচ ফুট অন্তর রয়েছে সাদা মার্বেলের লাইন। এই লাইনগুলো পাঁচ ফুট পাঁচ ফুট করে কংক্রিটের ঢালাইয়ের নির্মাণপদ্ধতিকে উচ্চকিত অভিব্যক্তি দেয় আর সমগ্র ভবনটির কাঠামোকে আলোয় উদ্ভাসিত করে। সংসদ ভবনের প্রধান প্রবেশপথ মসজিদের নিচ দিয়ে। মসজিদে চারটি সিলিন্ডার আকৃতির টাওয়ার আছে। যার ভেতর দিয়ে আকাশ থেকে আলো এসে মসজিদের অভ্যন্তরে এক অলৌকিক পরিবেশের অবতারণা করে। সংসদ ভবনের বাইরে কাঠামোর যতটা শক্ত ভাব, ভেতরে আলোর প্রভাবে কাঠামোগুলো দ্রবীভূত হয়ে ততটাই নমনীয়। ভবনটির কাঠামোগুলোর ভাঁজে ভাঁজে আলোর পূর্ণতা, ছায়ার গভীরতা, সূর্যের প্রতিফলন, কংক্রিটের কর্কশ দেহ ইত্যাদি মিলে মনে হয় যেন সংসদ ভবনটি ওই স্থানে শতাব্দীর পর শতাব্দী ধরে নশ্বর দাঁড়িয়ে আছে।১৯৬৪ সালে সংসদ ভবনের নির্মাণকাজ শুরু হয়। ১৯৭৪ সালে স্থপতি লুই আই কান মারা যান। ১৯৮৪ সালে বিশ বছর ধরে নির্মাণের পর সংসদ ভবন সম্পূর্ণ হয়। বর্তমানে পৃথিবীর বিশিষ্ট অনেক স্থাপত্য-ইতিহাসবিদ সংসদ ভবনকে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ভবন বলে দাবি করেন। পিরামিড বা তাজমহল নির্মিত হয়েছিল মৃত ব্যক্তিদের সমাধি হিসেবে। আর সংসদ ভবন নির্মিত হয়েছে বাংলাদেশের মানুষের জন্য তাদের আশা-আকাঙ্ক্ষার রূপকার হিসেবে, গণতন্ত্র ও সাম্যবাদচর্চার কেন্দ্র হিসেবে। তাই সংসদ ভবন আমাদের বিশাল অর্জন। ভবনটির অবিকৃত রক্ষণাবেক্ষণ আমাদের জাতীয় দায়িত্ব। সামসুল ওয়ারেস, অধ্যাপক, স্থাপত্য বিভাগ, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়।