এক মাঘে শীত যায় না : জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে হুশিয়ার করে দিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, এক মাঘে শীত যায় না। তিনি বলেন, দলের শীর্ষস্থানীয় তিন নেতার মুক্তির দাবিতে জামায়াত নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। তবে সরকারের ‘হুঁশ’ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি চেয়ে আজ শুক্রবার বিকেলে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে মকবুল আহমাদ এসব কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহান মোনাজাত করার সময় দলের কর্মী-সমর্থকেরা কান্নায় ভেঙে পড়েন।সরকারকে উদ্দেশ করে মকবুল আহমাদ বলেন, ‘যারা অন্যের জন্য গর্ত করে, ইতিহাস বলে তারা নিজেরাই সে গর্তে পড়ে। আপনারা যে পন্থায় জামায়াতের নেতাদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছেন, তা জাতির জন্য ক্ষতিকর হবে।’ তিনি বলেন, ‘আপনারা চিন্তা করবেন না, এক মাঘে শীত যায় না। জামায়াত একটি বৈধ দল। সংসদে এই দলের সদস্য আছে। তারা সমাবেশ করতে পারবে না কেন?...আপনাদের জুলুম বেশি দিন চলবে না। ’সভাপতির বক্তব্যে জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদ দলের জ্যেষ্ঠ নেতাদের আরও কঠোর কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এভাবে কাজ হবে না। সোজা আঙুলে ঘি উঠবে না। নতুন করে কর্মসূচি দিতে হবে।’জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহান বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাঁর পিতার সংগ্রামী জীবনের ইতিহাস কেউ অস্বীকার করতে পারবে না। তাঁরই সুসন্তান বর্তমান প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। জামায়াতের নেতাদের মুক্তি দিন। দেশে ভিন্নমতের লোক থাকবে। সবাইকে নিয়ে মিলেমিশেই এ দেশ গড়তে হবে।’জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা ক্ষমতায় চিরদিন থাকবেন না।’ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে পারলে আমাদের নেতারাই পারবেন। তাঁদের ছেড়ে দিন।’