এক মাজার থেকে মহিউদ্দিন ও মঞ্জুর নির্বাচনী প্রচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রধান দুই প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও এম মঞ্জুর আলম গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। দুজনই হজরত শাহ আমানত (রহ.)-এর মাজারে নামাজ আদায় এবং জিয়ারতের পর প্রচারকাজ শুরু করেন। জানা যায়, আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন চৌধুরী হজরত শাহ আমানত (রহ.)-এর মাজারে জুমার নামাজ আদায় করেন এবং পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর আলম আসরের নামাজের আগে ওই মাজার জিয়ারত করেন এবং মাজারের মসজিদে আসরের নামাজ আদায় করেন। সেখানে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন।মহিউদ্দিন চৌধুরী: মহিউদ্দিন চৌধুরী জুমার নামাজ আদায়ের পর সেখানে উপস্থিত মুসল্লিদের কাছে তাঁকে চতুর্থবারের মতো মেয়র পদে নির্বাচিত করার জন্য দোয়া চান। তবে তিনি মাইকে বক্তব্য দেননি। এ সময় তাঁর সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সকালে মহিউদ্দিন দক্ষিণ বাকলিয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন। তিনি সিটি নির্বাচনের পর পরই ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রমে গতি আনার প্রতিশ্রুতি দেন। দুপুরে তিনি চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘আমি চট্টগ্রামকে সিঙ্গাপুর বানাতে চাই। এ জন্য আমি পরিকল্পনা নিয়েছি। চট্টগ্রামের উন্নয়নের চিন্তায় আমি রাতে ঘুমাতে পারি না।’ তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চট্টগ্রামে আওয়ামী লীগের বিভেদ দূর হয়ে গেছে।সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হকের বাসভবনে অনুষ্ঠিত সভায় ১০১ সদস্যের চকবাজার ওয়ার্ড নাগরিক কমিটি গঠন করা হয়। কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিকান্দর চৌধুরীকে আহ্বায়ক এবং আইনজীবী দিদারুল আলমকে সদস্যসচিব করা হয়। ওই সভা শেষে মহিউদ্দিন চৌধুরী গণসংযোগ করতে আন্দরকিল্লার হাজারী গলিতে যান। মঞ্জুর আলম: হজরত শাহ আমানত (রহ.)-এর মাজার জিয়ারতের পর মঞ্জুর আলম মাজারের মসজিদে আসরের নামাজ আদায় করেন। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী ও মহানগর বিএনপির নেতারা তাঁর সঙ্গে ছিলেন। মাজার জিয়ারতের সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সমর্থক বলে পরিচিত কেন্দ্রীয় নেতা এম নাজিমউদ্দিন, মাহবুবুর রহমান, নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সবুর, নগর যুবদলের সভাপতি আবুল হাশেম, ছাত্রদলের নেতা ইয়াসিন চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে তাঁর সঙ্গে দেখা গেছে। নগর বিএনপির সহসভাপতি ব্যবসায়ী শামসুল আলম ও আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনও এ সময় উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে বিএনপির নেতারা নিজ গন্তব্যে চলে যান।মঞ্জুর এরপর পার্শ্ববর্তী হজরত পীর বদর আউলিয়ার মাজার জিয়ারত করেন।এ সময় তাঁর সঙ্গে ছিলেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান। তিনি সেখান থেকে পার্শ্ববর্তী পাথরঘাটা ওয়ার্ডের একটি ঘরোয়া মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। কোতোয়ালি থানা বিএনপির সভাপতি রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মঞ্জুর ও দলীয় নেতা-কর্মীরা বক্তব্য দেন। মঞ্জুর তাঁর বক্তব্যে বলেন, ‘আমি নগরবাসীর জন্য নাগরিকসেবা নিশ্চিত করতে চাই। দীর্ঘ সময় পরও নগরের জলাবদ্ধতা দূর করা যায়নি, সুপেয় পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে।’ তিনি এসব সমস্যা দূর করার জন্য তাঁকে মেয়র পদে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি এলাকাবাসীর দোয়া চান।মঞ্জুর আলম হালিশহর ছদু চৌধুরী মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। নামাজের পর মঞ্জুর উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান। সকালে তিনি কাট্টলীর বাসভবনে ছিলেন। সেখানে বিভিন্ন স্তরের লোকজন তাঁর সঙ্গে মতবিনিময় করেন।