এক মামলায় ছয়জনের জামিন, অন্যটিতে বিভক্ত আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন থানায় দ্রুতবিচার আইনে করা একটি মামলায় ১৮-দলীয় জোটের ছয়জন নেতা ছয় মাসের জামিন পেয়েছেন। তবে একই থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা আরেকটি মামলায় পাঁচজন নেতার বিষয়ে ভিন্ন ভিন্ন আদেশ দেওয়া হয়েছে। জাগপার সভাপতি শফিউল আলম প্রধান এই মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন। ফলে দুই মামলায় একমাত্র তিনিই ছয় মাসের জামিন পেয়েছেন। আজ বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।দ্রুতবিচার আইনে করা মামলায় ছয় মাসের জামিন পাওয়া ছয়জন নেতা হলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জয়নুল আবদিন ফারুক, আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভীর ছয় মাসের জামিন মঞ্জুর করেন জ্যেষ্ঠ বিচারপতি। অন্য বিচারপতি এর সঙ্গে দ্বিমত পোষণ করে জামিন প্রশ্নে রুল জারির কথা জানান। এ মামলায় শফিউল আলম প্রধানকে দুই বিচারপতিই ছয় মাসের জামিন দিয়েছেন। আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ শাহজাহান এবং এ জেড এম জাহিদ হোসেনের ক্ষেত্রে জামিন আবেদন ১০ দিনের জন্য মুলতবি রাখেন আদালত।গত রোববার এই ছয়জন নেতা হাইকোর্টে জামিন আবেদন করেন। সোম, মঙ্গল ও আজ বুধবার এ বিষয়ে শুনানি শেষে আদেশ দেন আদালত। জামিন আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা ও তাসমিয়া প্রধান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন।গত ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর পুলিশ বিএনপির কার্যালয়ে হানা দেয়। কয়েক ঘণ্টা ওই ভবনের বিভিন্ন তলায় অভিযান চালিয়ে ও মহাসচিবের কক্ষের দরজা ভেঙে মির্জা ফখরুলসহ কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের আটক করে পুলিশ।পরদিন পুলিশ বাদী হয়ে পল্টন থানায় দুটি মামলা করে। দুই মামলার এজাহারে এই ছয়জনসহ আসামি করা হয় ১৫৪ জনকে। এসব মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।পল্টন থানায় দ্রুতবিচার আইনে করা মামলায় (নম্বর ২০) আসামিদের বিরুদ্ধে ভাঙচুর, রাস্তায় অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটি (নম্বর ২১) করা হয় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। এ মামলায় বেআইনি সমাবেশে যোগদান, অপরাধে সহায়তা, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলাসহ দণ্ডবিধির ১২টি ধারায় অভিযোগ আনা হয়েছে।এ দুই মামলায় গত ২০ মার্চ মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করেন। ওই আদেশের বিরুদ্ধে ও জামিন চেয়ে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে ১ এপ্রিল আদালত জামিনের আবেদন নাকচ করেন। এরপর ওই ছয়জন হাইকোর্টে জামিনের আবেদন করেন।