এক মামলায় জামিন, দুই মামলায় কারাগারে খোকন
নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকনকে আজ বুধবার একটি মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে নরসিংদী রেলওয়ে স্টেশন ও সার্কিট হাউসে ভাঙচুরের ঘটনায় করা পৃথক দুই মামলায় আজ দুপুর পৌনে ১২টার দিকে তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে ওই দুটি মামলার আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়েছে। নরসিংদীর প্রধান বিচারিক হাকিম আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহার আদালতে আজ সকালে খোকনের ৫৪ ধারার গ্রেপ্তারের শুনানি শুরু হয়। পুলিশ ওই মামলার তাঁর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত রিমান্ড মঞ্জুর না করে তাঁকে ওই মামলায় জামিন দেন। আজ দুপুরে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে বিএনপির কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। এতে বিএনপির পাঁচ কর্মী আহত হয়েছে।নরসিংদী থানা-পুলিশ ও জেলা কারাগার সূত্র জানায়, ১ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে পৌর মেয়র লোকমান হোসেন নিহত হন। লোকমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর কর্মী-সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে ওই রাতেই নরসিংদী স্টেশন ও সার্কিট হাউস ভাঙচুর করে। পরদিন জেলা ছাত্রলীগের হরতাল চলাকালে নরসিংদী স্টেশনের কাছে আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। এতে ট্রেনটির নয়টি বগি পুড়ে যায়। ঘটনার রাতে খায়রুল কবির খোকনকে ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাঁকে লোকমান হত্যা মামলার সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়। লোকমানের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদসহ ১৪ জনের নাম উল্লেখ করে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার এজাহারে খোকনের নাম উল্লেখ করা হয়নি।নরসিংদী রেলওয়ের স্টেশন মাস্টার মরণ চন্দ্র দাস বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন পোড়ানো ও স্টেশন ভাঙচুরের ঘটনায় দুটি মামলা করেন। নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে অপর মামলাটি হয়।