এক মামলায় মির্জা আব্বাসের জামিন স্থগিত, দুই মামলায় আদেশ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের আগের দিন গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক এ আদেশ দেন। তবে হরতাল চলাকালে পুলিশের কাজে বাধা দেওয়া ও ভাঙচুরের অভিযোগে করা দুই মামলায় তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ। হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার পৃথক তিনটি মামলায় গত ২৪ আগস্ট মির্জা আব্বাসের চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। জানা যায়, ২৭ জুন বিএনপির ডাকা হরতাল চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আগের রাতে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে তিনটি মামলা হয়। ২৯ জুন পল্টন, মতিঝিল ও রমনা থানায় মামলাগুলো করা হয়। হরতালের দিনই তিনি গ্রেপ্তার হন। বর্তমানে মির্জা আব্বাস কারাগারে আছেন।