এক মামলায় রিজভীর জামিন, আরেকটিতে নাকচ
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিনের আবেদন নাকচ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক। তবে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ আদেশ দেন।গাড়ি পোড়ানোর মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে জামিনের শুনানিতে অংশ নেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, ইকবাল হোসেন প্রমুখ।রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেন, এই মামলায় এর মধ্যে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ২১ মে অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। তাই এ পর্যায়ে জামিনের কোনো সুযোগ নেই।১০ মে এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।ডিবির পরিদর্শক নুরুল আমিন তেজগাঁও থানায় করা ওই মামলায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেন। বর্তমানে ৪৫ জন আসামির মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন জামিনে রয়েছেন।বিএনপির নেতা ইলিয়াস আলীকে খুঁজে পাওয়ার দাবিতে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ফ্যালকন টাওয়ারের সামনে একটি বাসে আগুন দেয় হরতাল পালনকারীরা।ওই রাতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৪৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে তেজগাঁও থানা পুলিশ।অভিযোগপত্রে ইসলামী ছাত্রশিবিরের নেতা আবদুল জব্বারের নাম বাদ দিয়ে মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মান্নান হোসেন ও তিতুমীর কলেজের ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হয়।