এক মাস পার না হতেই পদত্যাগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শপথ নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ। গতকাল বৃহস্পতিবার আচমকা তিনি তাঁর পদত্যাগপত্র প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে জমা দেন। আজ শুক্রবার ‘দ্য জেরুজালেম পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।২ জুন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। ৬ জুন তিনি শপথ নেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর হামদাল্লাহ রামাল্লায় তাঁর কার্যালয় ত্যাগ করেন। পরে ব্যক্তিগত গাড়িতে করে নিজের বাড়ির উদ্দেশে রওনা হন।হামদাল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট ব্যুরোর পরিচালক হোসেন আল-আরাজের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট আব্বাসের নিয়োগ দেওয়া দুই উপপ্রধানমন্ত্রী মুহাম্মদ মোস্তফা ও জিয়াদ আবু আমরের সঙ্গে ক্ষমতার বিরোধকে কেন্দ্র করে হামদাল্লাহ পদত্যাগ করেন। মুহাম্মদ মোস্তফা অর্থনৈতিক ও জিয়াদ আবু আমরকে রাজনৈতিক বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী মনে করেন, তাঁর দুই উপপ্রধানমন্ত্রী অবৈধভাবে তাঁর ক্ষমতায় হস্তক্ষেপ করছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীদের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বেথলেহেমভিত্তিক মান সংবাদ সংস্থাকে জানান, প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে হামদাল্লার কোনো বিরোধ নেই। দুই উপপ্রধানমন্ত্রীর সঙ্গেই মূলত তাঁর বিরোধ। তবে তাঁর পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানাতে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীদের জ্যেষ্ঠ কর্মকর্তারা হামদাল্লাহর বাড়িতে যান।হামদাল্লার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট এমন প্রধানমন্ত্রী চান, যিনি নিজে থেকে কোনো কিছু করবেন না, শুধু প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া আদেশ পালন করবেন।