এক মাসে ৩ তরুণীসহ ৭ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে এক মাসে সাতটি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনজন মহিলা ও চারজন পুরুষ। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী ৮ ও ৭ ফেব্রুয়ারি মেহেরপুরের যাদবপুর গ্রামে হাউজি খেলার মাঠের কাছ থেকে রাখী (২৯) ও রাশেদা (২৬) নামের দুই তরুণীর লাশ উদ্ধার করা হয়। গ্রামের কৃষকেরা মাঠে কাজ করার সময় মৃতদেহের হাতের আঙুল দেখে পুলিশকে খবর দিলে পুলিশ দুই তরুণীর বিকৃত লাশ উদ্ধার করে। রাশেদা মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় পটল মিয়ার বাড়িতে থাকত এবং রাখীর বাড়ি মেহেরপুর শহরের উপকণ্ঠ যাদবপুর গ্রামে। ২৯ জানুয়ারি সদর উপজেলার আমদাহ গ্রামে আনেছা বেগমকে (৪৭) শ্বাসরোধ করে হত্যা করা হয়। ২৩ জানুয়ারি মুজিবনগরের মহাজনপুর গ্রামের আওয়ামী লীগ নেতা ও মহাজনপুর ইউনিয়ন পিরিষদের সদস্য শহীদুল ইসলাম ওরফে বাবুলকে চরমপন্থীরা বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি ও জবাই করে হত্যা করে। ১৮ জানুয়ারি খুন হন সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মুক্তিযোদ্ধা বদর উদ্দিন (৫১)। ১৬ জানুয়ারি গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের ব্যবসায়ী আদম আলীকে সন্ত্রাসীরা বাড়ি থেকে তুলে নিয়ে জবাই করে হত্যা করে। পরে মাওবাদী কংগ্রেস এই হত্যার দায় স্বীকার করে শহরে লিফলেট ছাড়ে। ১৩ জানুয়ারি মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ব্যবসায়ী আজিবুর রহমানকে (৩১) সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় দুটি চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ) ও পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লালপতাকা) কার্যক্রম আছে। সম্প্রতি জেলায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (মাওবাদী কংগ্রেস) নামে নতুন চরমপন্থী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত ৩১ জানুয়ারি এই দলের দ্বিতীয় প্রধান জামিরুল ইসলাম (২৯) গাংনী পুলিশের হাতে আটকের পর জানান, তাঁদের দলের প্রধান গাংনীর বামুন্দি এলাকার জামিরুল ইসলাম ওরফে স্বপন বাবু (৩৭) ও হবি। এই দলে ২০০ নতুন সদস্য ও কিছু অস্ত্র আছে। ৯ জানুয়ারি গাংনীর সন্ত্রাসী পিচ্চি হোসেন (২৫) অস্ত্রসহ গাংনী পুলিশের হাতে আটকের পর জানান, তিনি এমএল লালপতাকার আঞ্চলিক প্রধান। তাঁদের দলের প্রধান মুজিবনগর এলাকার জামু ও আশরাফ। জেলায় বিভিন্ন হত্যা ও বোমা হামলার পর এসব দলের পক্ষ থেকে দায়িত্ব স্বীকার করে বিবৃতি ও লিফলেট দেওয়া হয়।মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ বলেন, ‘সন্ধ্যা নামলে গ্রামের বিভিন্ন সড়কে শুরু হয় ছিনতাই। আর রাত গভীর হলে চরমপন্থী আতঙ্কে মানুষের ঘুম হারাম হয়ে যায়। চাঁদাবাজদের ভয়ে অনেক ব্যবসায়ী স্বাভাবিক চলাফেরা বন্ধ করে দিয়েছে। অনেক ইটভাটা বন্ধ হয়ে গেছে।’ মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ‘চরমপন্থীদের কারণে আবার গ্রামের মানুষ সন্ধ্যা হলে গৃহবন্দী হয়ে পড়ে। সম্প্রতি অনেক সন্ত্রাসী জামিনে মুক্তি পাওয়ায় চরমপন্থীরা আবার সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের জনবল ও পরিবহন সুবিধা বৃদ্ধিসহ পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে।’মেহেরপুর পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, ‘দুই তরুণী ও গাংনীর আদম আলীসহ প্রতিটি খুনের রহস্য পুলিশ উদ্ঘাটন করতে পেরেছে। অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডই বিছিন্ন ঘটনা। তবে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। তা ছাড়া চরমপন্থীরা যেন মাথাচাড়া দিতে না পারে সে জন্য পুলিশ দ্রুত যৌথ অভিযানে নামবে। ফলে জনমনে আতঙ্কের কিছু নেই।’