এক মাসেও সবাই ক্ষতিপূরণ পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনার এক মাস হয়ে গেল। এই এক মাসে আহত সব শ্রমিক ক্ষতিপূরণ পাননি। পরিচয় নিশ্চিত না হওয়ায় নিহত শ্রমিকের সব পরিবারকে ক্ষতিপূরণও দেওয়া সম্ভব হয়নি।আবার নিহত ১৪ শ্রমিকের কোনো স্বজনেরও খোঁজ মেলেনি। ৪৫ জনের স্বজন হাজির হলেও পরিচয় উদ্ধারে ডিএনএ পরীক্ষা শুরু হয়নি।ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে অবস্থিত ডিএনএ গবেষণাগারের প্রধান শরীফ আখতারুজ্জামান বলেন, নিখোঁজ ব্যক্তিদের খোঁজে এ পর্যন্ত ৪৫ জন গবেষণাগারে এসেছেন। তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫৯টি বেওয়ারিশ লাশের ডিএনএ নমুনা দাফনের আগে সংগ্রহ করে রাখা হয়েছে। এখন লাশের সমসংখ্যক দাবিদার বা স্বজন এসে নমুনা দিয়ে গেলে ডিএনএ-বৃত্তান্ত মিলিয়ে দেখা শুরু হবে। এক মাসের মধ্যে অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে অবহেলার জন্য মালিকপক্ষকে দায়ী করা হয়েছে। এ জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও সে রকম কোনো উদ্যোগ নেই। যদিও এক মাসজুড়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এ নিয়ে ব্যাপকভাবে লেখালেখি হয়েছে। বাংলাদেশবিরোধী প্রচারণাও চালানো হয়। তাজরীনের ঘটনায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ তদন্ত কমিটি করলেও তারা কাজ সম্পন্ন করতে পারেনি। অগ্নিকাণ্ড প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কেবলই কাজ শুরু করেছে। গত ২৪ নভেম্বর রাতে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান ১১১ জন পোশাকশ্রমিক। এক মাস পার হলেও আহত সব শ্রমিককে ক্ষতিপূরণ দিতে পারেনি বিজিএমইএ। সমিতির অতিরিক্ত সচিব জগলুল হায়দার গতকাল সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আহত ৪৭ জন পোশাকশ্রমিককে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাকি ২৭ জনের ক্ষতিপূরণ দু-এক দিনের মধ্যে দেওয়া হবে।’ তিনি দাবি করেন, শ্রমিকেরা না আসায় ক্ষতিপূরণ দেওয়া যায়নি। ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী ৪৩ জন নিহত শ্রমিকের পরিবারকে ছয় লাখ টাকা করে দিয়েছেন। পরে আরও কয়েকজন নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে সব মিলিয়ে কতজন নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তার সঠিক তথ্য দিতে পারেনি বিজিএমইএ। বিজিএমইএর সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান দাবি করেন, পরিচয় নিশ্চিত হওয়া সব নিহত শ্রমিকের পরিবার ক্ষতিপূরণ পেয়ে গেছে। ডিএনএ পরীক্ষার পর পরিচয় নিশ্চিত হয়ে বাকিদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি আরও বলেন, হরতাল-অবরোধসহ অন্য ব্যস্ততার কারণে প্রতিবেদন দিতে দেরি হচ্ছে। ৩০ ডিসেম্বরের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, এক মাস হয়ে গেলেও তাজরীনের মালিকের কোনো শাস্তির কথা কেউ বলছেন না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ফৌজদারি বিধিতে মামলা হওয়া উচিত বলে মনে করেন তিনি। নাজমা আরও বলেন, তাজরীনের অনেক শ্রমিক অন্য কারখানায় কাজ নিয়ে চলে গেছেন। কিন্তু আহত শ্রমিকেরা সেটি পারছেন না। আবার অনেক শ্রমিক এখনো ক্ষতিপূরণ পাননি। এটি দ্রুত নিশ্চিত করা উচিত।