আইলা-দুর্গত খুলনার দাকোপ উপজেলার জালিয়াখালী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে গতকাল বৃহস্পতিবার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। আইলায় ক্ষতিগ্রস্ত এই গ্রামগুলোর মানুষ মাসখানেক আগে নিজেদের গ্রামে এসেছিল। আবার তারা গ্রাম ছেড়ে বেড়িবাঁধে আশ্রয় নিতে শুরু করেছে।গতকাল দাকোপ উপজেলার জালিয়াখালী এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ২০০ ফুট বাঁধ ভেঙে গেছে। জালিয়াখালী গ্রামের তমাল রায় (৩০) জানান, সকাল নয়টার দিকে বাঁধের ভেতরের পানির প্রবল চাপে বাঁধটি ভেঙে যায়। এরপর দুপুরে জোয়ারের পানিতে গ্রামগুলো প্লাবিত হয়। আইলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর মাত্র আট দিন আগে অর্থাত্ গত ২৫ মার্চ এই বাঁধের নির্মাণকাজ শেষ হয়েছিল।যোগাযোগ করা হলে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন প্রথম আলোকে বলেন, এলাকার মানুষের দুর্ভোগ কমানোর জন্য সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও বেড়িবাঁধ নির্মাণের কাজ শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আশা করছি ১৫ দিনের মধ্যে বেড়িবাঁধ নির্মাণের কাজ শেষ হবে।’তবে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় গতকাল ও পরশু জোয়ারের পরিমাণ বেশি ছিল বলে জানা গেছে। পটুয়াখালী, ভোলা, বরগুনা ও মহেশখালী থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, মৌসুমি বায়ু ও পূর্ণিমার প্রভাবে গত সোমবার থেকে জোয়ারে এসব এলাকার নদ-নদীর পানি বাড়তে থাকে। কিছু এলাকায় জোয়ারের পানিতে ফসল নষ্ট হয়েছে।২০০৯ সালের ২৫ মে আইলায় দেশের ক্ষতিগ্রস্ত অন্যতম এলাকা ছিল খুলনা জেলার ৩২ নম্বর পোল্ডার (লোনা পানি থেকে রক্ষার জন্য বেড়িবাঁধ দিয়ে ঘেরা অঞ্চল)। কামারখোলা ও সুতারখালী ইউনিয়ন দুটি পোল্ডারের মধ্যে।উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন জানান, আইলায় এ দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আইলায় ক্ষতিগ্রস্ত হয়নি, এমন বেড়িবাঁধে অধিকাংশ মানুষ আশ্রয় নিয়েছিল। মাস দেড়েক আগে বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হলে মানুষ নিজের এলাকায় ফিরতে শুরু করেছিল।উপজেলা ভাইস-চেয়ারম্যান গৌরপদ বলেন, রাজনগর, চান্নিরচক, কালীনগর, সাতঘরিয়া, সাতবিঘা, জালিয়াখালী, ভিটেভাঙ্গা, জয়নগর, রেখামারী, শিবনগর, ফকিরডাঙ্গা, পারজয়নগর ও গোলবুনিয়া গ্রাম বেশি প্লাবিত হয়েছে। দুর্গত মানুষ ছুটছে আশ্রয়ের সন্ধানে। বাঁধের ওপর ঘর তুলবে, সে সামর্থ্যও এদের নেই।জালিয়াখালী গ্রামের জাহান আলী (৫৫) জানান, কামারখোলা ইউনিয়নের সৈয়দ বাড়ির পাশে বেড়িবাঁধের দুটো জায়গায় ভাঙন ছিল। বরাদ্দ পাওয়ার পরও তা মেরামত হয়নি। ওই ভাঙন দিয়ে ভেতরে পানি ঢুকত।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ৬০ লাখ টাকা ব্যয়ে এই এলাকার বাঁধের নির্মাণকাজ শেষ হয় মাত্র আট দিন আগে। বাঁধের দায়িত্বে থাকা পাউবোর উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ভেতরকার পানির চাপে বাঁধের এ অংশও ভেঙে গেছে।এ বিষয়ে পানিবিজ্ঞানী আইনুন নিশাত বলেন, স্রোতের গতিবেগ, ঢেউয়ের প্রাবল্য—এসব বিবেচনায় নিয়ে বাঁধের নকশা তৈরি করলে এভাবে বেড়িবাঁধ ভেঙে যেত না।তবে এলাকার মানুষ মনে করে, সরকার বেড়িবাঁধ নির্মাণের কাজে দেরি করেছে। শীতকালে অর্থাত্ ডিসেম্বর-জানুয়ারিতে বেড়িবাঁধ নির্মাণ করা সহজ ছিল। তখন নদীতে পানির পরিমাণ ও স্রোত কম ছিল। কিন্তু এখন পানি ও স্রোত দুই-ই বেশি। বাঁধ নির্মাণ করা ও টিকিয়ে রাখা তাই বেশ কঠিন। ভুক্তভোগীরা বলছে, গত বছর তারা ফসল পায়নি। বাঁধ নির্মাণ করা না হলে এবারও তারা ফসল না পেয়ে অনাহার-অর্ধাহারে থাকবে।