এক মাসের মধ্যে কারখানার নকশা জমা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এক মাসের মধ্যে সব পোশাক কারখানার কাঠামোগত নকশা ও এগুলো কতটা ভার বহন করতে সক্ষম, সে হিসাব জমা দিতে সদস্যদের নির্দেশ দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। সাভারের মর্মান্তিক ভবনধসে পোশাককর্মীসহ সাড়ে তিন শ মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে সংগঠন দুটি এ উদ্যোগ নিল।পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের দুই সমিতি গতকাল শনিবার বিকেলে যৌথ সাধারণ সভা করে ওই সিদ্ধান্ত নিয়েছে। বিজিএমইএ ভবনে সভাপতি মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে যৌথ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান। ব্রিফিংয়ে বিজিএমইএর সহসভাপতি জানান, কারখানার নকশা জমা হলে উভয় সমিতি সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে। কোনো কারখানায় গরমিল পাওয়া গেলে তার লাইসেন্স স্থগিত করা হবে। সহসভাপতি এস এম মান্নান বলেন, সাধারণ সভায় উপস্থিত মালিকেরা রানা প্লাজার মালিক, নকশাবিদ, অনুমোদনকারী কর্মকর্তাসহ নির্মাণের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচার করার জোর দাবি জানান। তাঁরা বলেন, এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। ব্রিফিংয়ে জানানো হয়, বিজিএমইএ আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে সাভারে ধসে যাওয়া ভবনের পাঁচ কারখানার শ্রমিকদের বেতন দেবে। কিন্তু ওই কারখানাগুলোর কার্যালয় সেখানেই থাকায় শ্রমিকদের তালিকার খাতাপত্রও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। তাই কারখানার মহাব্যবস্থাপক (জিএম) ও উৎপাদন ব্যবস্থাপকদের (পিএম) সাভারে বিজিএমইএর তথ্যকেন্দ্রে গিয়ে শ্রমিকদের নামের তালিকা দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়।এ ছাড়া সাধারণ সভায় ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করতে তহবিল গঠনের সিদ্ধান্ত হয়। এ জন্য বিজিএমইএ ও বিকেএমইএর প্রত্যেক সদস্যকে ন্যূনতম ২৫ হাজার টাকা আগামী সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া যেসব কারখানা ভবনের ওপরে জেনারেটর আছে, নিরাপত্তার স্বার্থে তা এক মাসের মধ্যে নিচে নামিয়ে আনাসহ আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।ব্রিফিংয়ে বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমরা কথাবার্তা বলছি, আজ রাতেই (শনিবার) হয়তো আরও দুই মালিক আত্মসমর্পণ করবেন।’ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য সভায় বিকেএমইএর পক্ষ থেকে বিজিএমইএর সভাপতির হাতে এক কোটি টাকার চেক তুলে দেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে, ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবিলায় একটি তহবিল খোলা হবে। এ তহবিল গঠনে উভয় সমিতিই কাজ করবে। সালাম মুর্শেদী জানান, সোমবার থেকে যথারীতি দেশের সব কারখানা খোলা থাকবে। তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর কাছে কারখানার নিরাপত্তা চেয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।’ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি, বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম প্রমুখ।