এক মাসের মধ্যে চট্টগ্রামে ৫০০ যুদ্ধাপরাধীর তালিকা
এক মাসের মধ্যে ৫০০ যুদ্ধাপরাধীর তালিকা তৈরি করে তা সরকারের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আওয়ামী লীগ নয়, মুক্তিযোদ্ধারাই এ তালিকা তৈরি করবেন বলে তিনি জানান। আজ শনিবার দুপুরে চশমা হিলের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।মেয়র বলেন, মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে রাজাকার ও যুদ্ধাপরাধীদের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রমাণাদি মহাফেজখানায় আছে। আমরা সেখান থেকে পরীক্ষা-নিরীক্ষা করেই যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি করব। অহেতুক হয়রানির জন্য আমরা কাউকে তালিকাভুক্ত করব না। মুক্তিযুদ্ধ চলাকালে অনেকেই বন্দুক হাতে নিয়ে পাকিস্তানি বাহিনীর পক্ষে চিত্কার করেছে। আবার স্বাধীনতার পর তারা সে বন্দুক জমাও দিয়েছে। এ পর্যায়ের লোকজনও প্রাথমিক তালিকায় স্থান পাবে না বলে তিনি জানান।বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে আজ সাংবাদিকদের তাঁর বাসভবনে আমন্ত্রণ জানান মেয়র মহিউদ্দিন চৌধুরী। মেয়র বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ঝুঁকি আমরা কাঁধে নিয়েছি। কারণ, নতুন প্রজন্ম বিষয়টির সুরাহা দেখতে চায়। বিএনপি সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছে। আমরা তাদের আন্দোলনে বাধা দেব না। তবে বিচারের পক্ষে জনমত গড়ে তুলব। মতবিনিময়কালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ওরফে দানুও উপস্থিত ছিলেন। সাংবাদিকেরা আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে চাইলেও বিষয়টি তিনি এড়িয়ে যান এবং বলেন, এ মুহূর্তে রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলবেন না। নির্বাচন কমিশন আগে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুক, তারপর দেখা যাবে।