এক মাসের মধ্যে চাঞ্চল্যকর মামলাগুলোর অগ্রগতি জানাতে হবে
চাঞ্চল্যকর হত্যা মামলাগুলোর তদন্তকাজ ত্বরান্বিত করে এক মাসের মধ্যে অগ্রগতি জানাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তদন্তকারী কর্মকর্তাদের ঘন ঘন বদলি না করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাঞ্চল্যকর মামলার তদারকি সেলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। আলোচিত মামলাগুলোর মধ্যে রয়েছে: সাংবাদিক দম্পতি সাগর-রুনি, গণতন্ত্রী পার্টির নেতা নূরুল ইসলাম, শ্রমিকনেতা আমিনুল, সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী, কলেজশিক্ষক সুহিন নাহার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আফতাব আহমাদ, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র আনিসুল হক বিপ্লব প্রমুখের হত্যা মামলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চাঞ্চল্যকর মামলা তদারকি সেলে মোট ৩২টি মামলার তদন্ত কার্যক্রম চলছে। অভিযোগ রয়েছে, ‘চাঞ্চল্যকর মামলা’ হিসেবে তদারকি সেলে অন্তর্ভুক্ত করা হলেও এগুলোর তদন্তে এখন পর্যন্ত বিশেষ কোনো অগ্রগতি হয়নি। সূত্র জানায়, তালিকাভুক্ত হওয়ার পর এসব মামলার তদন্তকারী কর্মকর্তারা তাকিয়ে থাকেন সেলের নির্দেশনার দিকে। কিন্তু তদারকি সেল এত দিন পর্যন্ত বিশেষ কোনো দিকনির্দেশনা দিতে পারেনি। দু-একটি ছাড়া আলোচিত প্রায় সবগুলো মামলার তদন্ত বলতে গেলে প্রায় থেমে আছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে ‘অনেক অগ্রগতি’ হয়েছে। দ্রুত এই মামলার তদন্ত নিষ্পত্তি হবে এবং মামলা সম্পর্কে দেশবাসীকে অবহিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্য যেসব সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেসব মামলার তদন্ত ও বিচারকাজও দ্রুত শেষ করা হবে। সেলের নিয়ন্ত্রণাধীন কোনো চাঞ্চল্যকর মামলার তদন্তকাজ শেষ পর্যায়ে আছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের স্বার্থে তা শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ ঠিক নয়।’ জানা গেছে, গতকালের বৈঠকে চাঞ্চল্যকর নয়টি মামলার সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের আরেকটি সূত্রে জানা গেছে, শ্রমিকনেতা আমিনুল হত্যায় যুক্ত বলে সন্দেহভাজন পেশাদার সোর্স মোস্তাফিজুর রহমানকে দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলাম ও তার ছেলে ইসলাম তমোহরের হত্যাকাণ্ডের বিষয়ে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। বৈঠকে উল্লেখ করা হয়, সাগর-রুনি হত্যায় জড়িতদের খুঁজে বের করতে ইতিমধ্যে বিশেষ বৈঠক করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গতকাল প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের আমলেই প্রতিটি খুনের বিচার হবে। এ নিয়ে কারও সংশয় থাকা উচিত নয়।