এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রদানে প্রধান বিচারপতির পরিপত্র আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: রায় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টে অনেক সময় ছয় মাস থেকে দুই বছরও লেগে যায়। এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা বা সময়সীমা কি প্রত্যাশিত নয়?সৈয়দ আমিরুল ইসলাম: সমস্যাটা পাকিস্তান কিংবা ব্রিটিশ আমলে ছিল না। বাংলাদেশ হওয়ার পরই মূলত সমস্যাটার সূত্রপাত। শুনানি শেষে হাইকোর্টে প্রকাশ্যে সাধারণত রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই পড়ে শোনানো হয়। পরে সেটা শুদ্ধ করে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত নকল পেতে সব মিলিয়ে কখনো আড়াই-তিন বছর লেগে যায়। তবে আমার ওকালতি জীবনে এমন বিচারকও দেখেছি, যাঁর কাছ থেকে বছরের পর বছর কেটে না গেলে কোনো পূর্ণাঙ্গ রায় আশা করা যেত না।আরেকজন বিচারক ছিলেন যিনি নির্দেশনা দিয়েই শেষ, পূর্ণাঙ্গ রায় দিতেন, সে বহু দিন পর। আমার বিচারক জীবনের একটা স্মৃতির কথা মনে পড়ে। তখন প্রধান বিচারপতি ছিলেন আফজাল (এ টি এম আফজাল) সাহেব। রায় হয়েছে, অথচ পূর্ণাঙ্গ রায়ের কপি মিলছে না; মক্কেলদের কাছ থেকে এই মর্মে তখন আফজাল সাহেবের কাছে প্রচুর অভিযোগ আসতে থাকল। প্রধান বিচারপতি তখন একটা পরিপত্র জারি করলেন যে রায় ঘোষণার এক মাসের মধ্যে রায়ের পূর্ণাঙ্গ কপি সরবরাহ করতে হবে। তখন বিষয়টি কিছুদিন নিয়ন্ত্রণে ছিল। তারপর সেই আগের অবস্থা। এখন তো যত সংখ্যক মামলার রায় হচ্ছে, তার চেয়ে বহুগুণ বেশি মীমাংসিত মামলা পূর্ণাঙ্গ রায়ের প্রহর গুনছে। সে ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অদক্ষতাও খুবই গুরুত্বপূর্ণ একটা বাধা। রায় ঘোষণা করে, আপনি নির্দেশনা দিয়ে দিলেন। দেখা গেল সেটা সংশ্লিষ্ট কর্মকর্তা লিখছেন দুই মাস পর। সাত দিনের মধ্যে লেখা হলে প্রকাশ্য আদালতে বিচারক যা বলেন, তার একটা সারবত্তা মোটামুটি অবিকল ও অবিকৃতভাবে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তা যখন মাসের পর মাস বা বছর গড়ায়, তখন অনেক ক্ষেত্রে সেটা প্রায় উল্টো বা ভিন্নতর হয়ে যেতে পারে। এর ফলে বিচার বা রায়ের মান খারাপ হয়ে যায়। সুতরাং রায় ঘোষণার পর যুক্তিসংগত সময়ের মধ্যে তার পূর্ণাঙ্গ রায়ের নকল সরবরাহে বিদ্যমান সব ধরনের জটিলতা নিরসন কিংবা কর্মকর্তাদের অদক্ষতা হ্রাসে প্রধান বিচারপতিকে অবশ্যই সক্রিয় ভূমিকা নিতে হবে। প্রধান বিচারপতির পরিপত্রের বাস্তবায়ন নিশ্চিত না করার কোনো বিকল্প নেই।